Advertisement
E-Paper

হাওড়া-কামাখ্যা বন্দে ভারতে মিলছে আমিষ খাবারও! কী কী পদে সাজানো হয়েছে মেনু, জানাল রেল

আমিষ-বিতর্কটি আনন্দবাজার ডট কম-এর খবর পড়ে রেলমন্ত্রীর দৃষ্টিআকর্ষণ করিয়েছিলেন বালুরঘাটের সাংসদ তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। তাঁকে আমিষ চালুর বিষয়টি জানান বৈষ্ণব।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ২২:০২
Railways reveals what are the non-vegetarian items on the Vande Bharat sleeper train menu

বন্দে ভারত স্লিপার ট্রেন। — ফাইল চিত্র।

বন্দে ভারত স্লিপার এক্সপ্রেসে শুরু হল আমিষ খাবার। নিরামিষভোগীদের জন্যও থাকছে বিকল্প। প্রথম বন্দে ভারত স্লিপারের মেনুতে কী কী থাকবে, তার পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল রেল।

গত মাসে মালদহ থেকে হাওড়া-কামাখ্যা বন্দে ভারত স্লিপার এক্সপ্রেসের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গত ২৪ জানুয়ারি থেকে ট্রেনটি জনসাধারণের জন্য চলছে। তবে শুরুর দিন থেকেই বিতর্কে ওই এক্সপ্রেস। বিতর্কের কেন্দ্রবিন্দুতে ছিল ট্রেনের খাবারের মেনু। তার পর রেলমন্ত্রী এই ট্রেনের মেনু প্রকাশ করেছিলেন। হাওড়া-কামাখ্যা ট্রেনটির টিকিট কাটতে গিয়ে দেখা গিয়েছিল, আমিষ খাবার বেছে নেওয়ার সুযোগ পাচ্ছেন না যাত্রীরা। তালিকায় কেবল নিরামিষই রয়েছে। গত ২১ জানুয়ারি আনন্দবাজার ডট কম-এ এই খবর প্রকাশিত হলে বিতর্ক বাড়ে।

কেন শুধু নিরামিষ? মেনুতে আমিষ থাকবে না কেন? প্রশ্ন তুলে সরব হয় পশ্চিমবঙ্গের শাসকদল তৃণমূল। শুধু তৃণমূল নয়, সাধারণ যাত্রীরা এ নিয়ে সরব হন। হাজারও বিতর্কের মধ্যে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানান, শীঘ্রই বন্দে ভারত স্লিপার ট্রেনের মেনুতে আমিষ খাবার আসবে। তাতে শুধুই নিরামিষ খাবার রাখার কোনও স্থায়ী পরিকল্পনা রেলের ছিল না বলেও দাবি করেছিলেন তিনি।

আমিষ-বিতর্কটি আনন্দবাজার ডট কম-এর খবর পড়ে রেলমন্ত্রীর দৃষ্টিআকর্ষণ করিয়েছিলেন বালুরঘাটের সাংসদ তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। তাঁকে আমিষ চালুর বিষয়টি জানান বৈষ্ণব। তবে কবে থেকে চালু হচ্ছে, তা জানানো হয়নি। এ বার আমিষ মেনু চালুর বিষয়টি জানাল রেল। একই সঙ্গে মেনুতে কী কী পদ থাকছে তারও তালিকা প্রকাশ করা হয়েছে।

রেলের তরফে জানানো হয়েছে, কড়াইশুঁটির পোলাও, ভাজা এবং মুগের ডাল। একই সঙ্গে থাকবে পরোটা। সঙ্গে আমিষভোজীদের জন্য কড়াই চিকেন। আর যাঁরা নিরামিষ পছন্দ করবেন তাঁদের জন্য বিকল্প হিসাবে থাকছে ছানার ডালনা। শেষপাতে ক্ষীরকদম। রেল জানিয়েছে, বন্দে ভারত স্লিপার ট্রেনের মেনু থেকেই বোঝা যাচ্ছে তারা পশ্চিমবঙ্গবাসীর খাদ্যভ্যাসকে কতটা গুরুত্ব দেয়। তাদের দাবি, ইতিমধ্যেই বন্দে ভারত স্লিপার ট্রেন সাধারণ যাত্রীদের পছন্দের তালিকায় জায়গা করে নিয়েছে। ১০০ শতাংশ ভর্তি হচ্ছে ট্রেন।

Vande Bharat Sleeper Express Vande Bharat Sleeper Food
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy