Advertisement
E-Paper

রামনবমী হিংসার তদন্ত এনআইএর হাতেই! সুপ্রিম কোর্টে খারিজ হল রাজ্যের স্থগিতাদেশের আবেদন

এনআইএ তদন্তের নির্দেশ দিয়ে কলকাতা হাই কোর্ট জানিয়েছিল, কারা রামনবমীতে অশান্তির ঘটনায় জড়িত এবং কারা উস্কানি দিয়েছে, তার খোঁজ পাওয়া রাজ্য পুলিশের পক্ষে সম্ভব নয়।

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১৯ মে ২০২৩ ১৭:৪৬
SC refuses to give stay order on Calcutta High Court orders for NIA investigation on Ram Navami clash in West Bengal

রামনবমীতে অশান্তির তদন্ত করবে এনআইএ, কলকাতা হাই কোর্টের নির্দেশ আপাতত বহাল রাখল সুপ্রিম কোর্ট। ফাইল চিত্র।

রামনবমীতে হিংসার ঘটনার তদন্তের ভার এনআইএ-কে দেওয়ার বিরোধিতা করে রাজ্য সরকারের আবেদনে সাড়া দিল না সুপ্রিম কোর্ট। কলকাতা হাই কোর্টের দেওয়া এনআইএ তদন্তের নির্দেশের উপর স্থগিতাদেশ চেয়ে রাজ্য সরকারের তরফে যে আর্জি জানানো হয়েছিল, শীর্ষ আদালত শুক্রবার তা খারিজ করে দিয়েছে। জুন মাসে গ্রীষ্মের ছুটির পরে এই মামলার শুনানি হবে বলে জানিয়েছে প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন বেঞ্চ।

রামনবমীর মিছিল ঘিরে হাওড়ার শিবপুর, হুগলির রিষড়া, উত্তর দিনাজপুরের ডালখোলা-সহ কয়েকটি এলাকায় হিংসার ঘটনা নিয়ে গত ২৭ এপ্রিল এনআইএ তদন্তের নির্দেশ দিয়েছিল কলকাতা হাই কোর্ট। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর জনস্বার্থ মামলার প্রেক্ষিতে প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম এবং বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ রায় দিয়েছিল, আগামী ২ সপ্তাহের মধ্যে রাজ্যকে এ সংক্রান্ত সমস্ত নথি এনআইএ-কে হস্তান্তর করতে হবে।

কিন্তু সেই রায়কে চ্যালেঞ্জ করে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিল রাজ্য। শীর্ষ আদালতের কাছে রাজ্যের আইনজীবী অভিষেক মনু সিঙ্ঘভির যুক্তি ছিল, জনস্বার্থ মামলায় তদন্তের ভার এনআইএ-কে দেওয়া যায় না। দেশের নিরাপত্তা এবং সার্বভৌমত্ব বিপন্ন হওয়ার আশঙ্কা ছাড়া সাধারণ হিংসার মামলায় এনআইএ আইন প্রয়োগ করা যায় না বলেও বৃহস্পতিবার শুনানিতে দাবি করেছিলেন তিনি।

বিরোধী রাজনৈতিক দলের নেতা রাজনৈতিক উদ্দেশ্যে জনস্বার্থ মামলা করছেন অভিযোগ করে হাই কোর্টের নির্দেশে স্থগিতাদেশ চেয়ে আবেদনে জানানো হয়েছিল শীর্ষ আদালতের কাছে। কিন্তু শুক্রবার সেই আবেদন নাকচ হয়ে গেল। প্রসঙ্গত, বৃহস্পতিবার ‘দ্য কেরালা স্টোরি’ ছবিটি নিষিদ্ধ করা সংক্রান্ত মামলাতেও রাজ্যের আবেদন খারিজ করেছিল শীর্ষ আদালত।

Ram Navami Rally Ram Navami Supreme Court Calcutta High Court NIA
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy