Advertisement
E-Paper

এসআইআর তালিকা প্রকাশকে কেন্দ্র করে অপ্রীতিকর ঘটনা এড়াতে সক্রিয় পুলিশ! সামলাতে বিশেষ দায়িত্ব চার অফিসারকে

শনিবার দুপুর ২টোর মধ্যে চার পুলিশ অফিসারকে কাজের জায়গায় রিপোর্ট করতে হবে। ওই অফিসারদের থাকা, খাওয়ার ব্যবস্থা করবেন সংশ্লিষ্ট জেলার পুলিশ সুপার।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২৮ ফেব্রুয়ারি ২০২৬ ১৩:২৬

— প্রতীকী চিত্র।

রাজ্যে এসআইআরের চূড়ান্ত তালিকা প্রকাশিত হওয়ার পরে কোথাও অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে, তাই আগেভাগেই সতর্ক রাজ্য পুলিশ। রাজ্যের কয়েক জন শীর্ষ পুলিশ অফিসারকে কয়েকটি জেলায় পাঠানোর নির্দেশ দিলেন পশ্চিমবঙ্গ পুলিশের ডিজি, আইজিপি (আইনশৃঙ্খলা)। সেখানে গিয়ে স্থানীয় পুলিশ এবং নিরাপত্তাবাহিনীর সঙ্গে কাজ করবেন তাঁরা। শনিবার দুপুর ২টোর মধ্যে তাঁদের কাজের জায়গায় রিপোর্ট করতে হবে। ওই অফিসারদের থাকা, খাওয়ার ব্যবস্থা করবেন সংশ্লিষ্ট জেলার পুলিশ সুপার।

শুক্রবারে প্রকাশিত নির্দেশিকায় বলা হয়েছে, অজয় নন্দ (এডিজি কাউন্টার ইনসার্জেন্সি ফোর্স) মালদহের পরিস্থিতি নজরে রাখবেন। তাঁকে সহায়তা করবেন সিআইএফ বাহিনীর সদস্য এবং অফিসার, মালদহ জেলা পুলিশের এক পুলিশ অফিসার। রাজ্য পুলিশের আইজিপি (ট্র্যাফিক) গৌরব শর্মার দায়িত্বে থাকবে কৃষ্ণনগর পুলিশ জেলা এবং সদর দফতর। এমনিতে স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ)-এর দায়িত্বও সামলান অজয়। সেই বাহিনীর সদস্য এবং কৃষ্ণনগর পুলিশ জেলার এক অফিসার তাঁকে সহায়তা করবেন। ডিআইজি (সদর দফতর) রশিদ মুনির খান মুর্শিদাবাদ পুলিশ জেলা এবং জঙ্গিপুর পুলিশ জেলা সামলাবেন। সঙ্গে বহরমপুরে সদর দফতরও তাঁর অধীনে থাকবে। র‌্যাফের দু’টি সেক্টর এবং স্থানীয় অফিসার তাঁকে সহায়তা করবেন। ডিআইজি (উপকূল নিরাপত্তা) সুনীলকুমার যাদব কোচবিহারের দায়িত্বে থাকবেন। তাঁকে সহায়তা করবেন র‌্যাফ এবং স্থানীয় পুলিশ অফিসার।

শনিবার রাজ্যে প্রকাশিত হয়েছে এসআইআরের চূড়ান্ত তালিকা, যদিও তা অসম্পূর্ণ। তার পরে রাজ্যের কিছু অংশে অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে আশঙ্কা রয়েছে রাজ্য পুলিশের একাংশের। আগেভাগে সেখানে পাঠিয়ে দেওয়া হল শীর্ষ পুলিশ অফিসারদের। এই আবহে আইনশৃঙ্খলা বজায় রাখতে প্রস্তুত রয়েছে কলকাতা পুলিশও, এ কথা জানান শহরের নতুন কমিশনার সুপ্রতিম সরকার।

West Bengal Police
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy