Advertisement
E-Paper

Jagdeep Dhankhar: হাওড়ার পুরভোট স্থগিত হয়ে যাওয়া নিয়ে রাজ্যপালকে প্রশ্নের মুখে ফেললেন স্পিকার বিমান

সদ্যসমাপ্ত বিধানসভার শীতকালীন অধিবেশনে পাশ হয়েছে হাওড়া পুরসভা (সংশোধনী) বিল ২০২১। সেই বিলে এখনও অনুমোদন দেননি রাজ্যপাল জগদীপ ধনখড়।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৬ ডিসেম্বর ২০২১ ১৫:১৯
রাজ্যপাল জগদীপ ধনখড়কে ফের প্রশ্নের মুখে ফেললেন পশ্চিমবঙ্গ বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় (ডান দিকে)।

রাজ্যপাল জগদীপ ধনখড়কে ফের প্রশ্নের মুখে ফেললেন পশ্চিমবঙ্গ বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় (ডান দিকে)। —ফাইল চিত্র।

হাওড়ার পুরভোট স্থগিত হয়ে যাওয়া নিয়ে রাজ্যপাল জগদীপ ধনখড়কে ফের প্রশ্নের মুখে ফেললেন পশ্চিমবঙ্গ বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। সোমবার হাওড়ার পুরভোট সংক্রান্ত এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘‘হাওড়া বিল দ্রুত গতিতে পাশ না-করানোর জন্য সেখানে ভোট হল না। এটা না-হওয়ার কোনও কারণ ছিল না। এটা বুঝতে হবে যে কোনটা প্রয়োজন। যদিও একদিনে কৃষি বিলে রাষ্ট্রপতি সই করতে পারেন, তা হলে এটা হল না কেন? রাজ্যপালকে আমরা সব পাঠিয়ে দিয়েছি। উনি কি উদ্দেশ্যে আটকে রেখেছেন, তা জানি না।’’ সদ্যসমাপ্ত বিধানসভার শীতকালীন অধিবেশনে পাশ হয়েছে হাওড়া পুরসভা (সংশোধনী) বিল ২০২১। সেই বিলে এখনও অনুমোদন দেননি রাজ্যপাল জগদীপ ধনখড়। এর ফলে কলকাতার পুরভোট করা গেলেও হাওড়ার পুরভোটের বিজ্ঞপ্তি জারি করা যায়নি। তাই নিয়েই স্পিকার প্রশ্নের মুখে ফেলেছেন রাজ্যপালকে।

রাজ্যপাল ধনখড় পশ্চিমবঙ্গ বিধানসভা থেকে সংশোধনী বিল সংক্রান্ত যাবতীয় তথ্য রাজভবনে চেয়ে পাঠিয়েছিলেন। স্পিকার জানিয়ে দেন, ওই দিনই রাজ্যপালের কাছে যাবতীয় তথ্য পাঠানো হয়েছে। সেই বিল খতিয়ে দেখে রাজ্যপাল স্বাক্ষর করলে তা আইনে পরিণত হবে। তারপরই প্রশস্ত হত হাওড়া পুরসভা নির্বাচনের পথ। কিন্তু যত ক্ষণ না ধনখড় এই বিলে স্বাক্ষর করছেন, তত ক্ষণ হাওড়ায় পুরভোট করতে আইনগত বাধা থাকছে। তাই এই সংক্রান্ত বিষয়ে রাজ্য সরকারের সঙ্গে নির্বাচন কমিশনও রাজ্যপালের অনুমোদনের অপেক্ষায়। ইতিমধ্যে রাজ্যে তথা হাওড়ার পুরভোট নিয়ে কথা বলতে দু’বার রাজ্য নির্বাচন কমিশনর সৌরভ দাসকে রাজভবনে ডেকে বৈঠক করেন রাজ্যপাল। তাতেও সমস্যার সমাধান হয়নি।

তাই হাওড়া ভোট নিয়ে আবারও স্পিকার প্রশ্ন তুলেছেন রাজ্যপালের ভূমিকা নিয়ে। উল্লেখ্য, রাজ্যপালের সঙ্গে স্পিকারের সঙ্ঘাত রাজ্য রাজনীতিতে কোনও নতুন বিষয় নয়। এর আগে রাজ্যপালের বাজেট ভাষণ সম্প্রচার নিয়ে টানাপড়েন হয়েছে বিধানসভার সচিবালয় ও রাজভবনের মধ্যে। তেমনই মুখ্যমন্ত্রীর শপথ নিয়েও রাজ্যপাল স্পিকারের মধ্যে চলেছিল মন কষাকষি। তা ছাড়া সর্বভারতীয় স্পিকার সম্মেলনে লোকসভার স্পিকার ওম বিড়লার কাছে রাজ্যপালের নামে অভিযোগ জানিয়ে বিমান বলেছিলেন, ‘‘বিধানসভার অভ্যন্তরীণ কাজে হস্তক্ষেপ করছেন রাজ্যপাল।’’ তা নিয়ে বিবৃতির লড়াই চলেছিল। এ বার আরেক লড়াই কেন্দ্রীভূত হল হাওড়ার পুর নির্বাচনকে কেন্দ্র করে।

Jagdeep dhakhar Biman Banerjee Howrah
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy