E-Paper

ছবিতে বাম-আক্রমণ নয়, ‘উপদেশ’ শমীকের

শমীকের নির্দেশের নেপথ্যে বিজেপির ভোট-পাটিগণিতের কথা বলছে রাজনৈতিক শিবিরের একাংশ।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৬ ফেব্রুয়ারি ২০২৬ ০৮:৫০
বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য।

বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। ফাইল চিত্র।

আসন্ন বিধানসভা ভোটের আগে দলের প্রচার ভাষ্য শক্তিশালী করতে বিজ্ঞাপনী ছবি বানাচ্ছে রাজ্য বিজেপি। দলীয় সূত্রে খবর, সেই ছবিতে ‘অহেতুক’ বামেদের আক্রমণ না-করার বিষয়ে বার্তা দিয়েছেন স্বয়ং বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। বাম ভোট টেনে আনতে বাম সমর্থকদের উদ্দেশে প্রতিনিয়ত আবেদন জানাচ্ছেন শমীকেরা। রাজ্য সভাপতির পরামর্শ সেই কৌশলের সঙ্গে সাযুজ্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।

ভোটের আগে কেন্দ্রীয় বঞ্চনা, রাজ্যের উন্নয়নমূলক প্রকল্পগুলি নিয়ে ইতিমধ্যেই তথ্য-কাহিনি চিত্র বানিয়েছেন তৃণমূল কংগ্রেস বিধায়ক তথা পরিচালক রাজ চক্রবর্তী। উল্টো দিকে, দলের প্রচার-ভাষ্য অনুযায়ী একটি বেসরকারি সংস্থাকে দিয়ে ছবি তৈরি করিয়ে তা সমাজমাধ্যমে ছড়ানোর পরিকল্পনা রয়েছে বিজেপির। দলীয় সূত্রের খবর, সংশ্লিষ্ট বেসরকারি সংস্থা ছবির প্রাথমিক চিত্রনাট্য শমীকের কাছে পাঠিয়েছিল। চিত্রনাট্যে রাজ্যের পরিস্থিতি ব্যাখ্যায় তৃণমূলের পাশাপাশি সাবেক বাম আমলের নানা ‘ব্যর্থতা’র প্রসঙ্গও রয়েছে। শমীক চিত্রনাট্য দেখে অহেতুক বাম-আক্রমণে নিষেধ করেছেন বলে সূত্রের দাবি। ফলে, নতুন করে চিত্রনাট্য সম্পাদনা শুরু হয়েছে। শুরু হয়নি শ্যুটিং। ছবি-নির্মাতা সংস্থার এক কর্মীও বলছেন, “শমীকদা চিত্রনাট্য দেখে বামেদের অংশগুলি বাদ দিতে বলেছেন। সেই অনুযায়ী কাজ করছি।”

শমীকের নির্দেশের নেপথ্যে বিজেপির ভোট-পাটিগণিতের কথা বলছে রাজনৈতিক শিবিরের একাংশ। সম্প্রতি রাজ্যে এসে তৃণমূল আমলের তুলনায় কমিউনিস্টরাও ভাল ছিলেন বলেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। রাজ্য সভাপতি হওয়ার পর থেকেই শমীক বলছেন, এক মাত্র লক্ষ্য তৃণমূলকে হারানো। তাই বাম কর্মী-সমর্থকেরা আদর্শটাকে বুকে রেখে পতাকা আলমারিতে তুলে রাখুন। আর দরকারে বুকে পাথর রেখে চাঁদ সওদাগরের মনসা পুজোর মতো বাঁ-হাতে বিজেপিকে ভোট দিন! এক সভায় দলের কর্মীদের উদ্দেশে শমীকের আহ্বান ছিল, “যাঁরা জন রিডের ‘দুনিয়া কাঁপানো দশ দিন’ পড়ে বিপ্লবের স্বপ্নে বুঁদ হয়ে লাল ঝান্ডা আঁকড়ে ধরেছেন, এই লড়াইয়ে তাঁদেরও সঙ্গে নিন।”

বস্তুত, ২০১৯-এ রাজ্যে বিজেপির যে উত্থান ঘটেছিল, তার অনেকটাই বাম-ভোট ভেঙে। আবার গত বিধানসভা এবং লোকসভা ভোটের ফল বিশ্লেষণ করে দেখা যাচ্ছে, নানা কেন্দ্রে তৃণমূল ও বিজেপির ভোটপ্রাপ্তির যা ব্যবধান, তার চেয়ে বাম প্রার্থীর প্রাপ্ত ভোট বেশি। আসন্ন নির্বাচনে জিততে গেলে বিজেপিকে গত ভোটগুলির তুলনায় ৪-৫% ভোট বেশি হতে হবে। এই আবহেই বাম শিবিরের যেটুকু ভোট রয়েছে, তার বড় অংশ নিজেদের দিকে টানতে চাইছে বিজেপি। এমন পরিস্থিতিতে দলের প্রচার-ভাষ্যে বামেদের অহেতুক আক্রমণ করতে গিয়ে যাতে অন্য বার্তা না-যায়, সে দিকে নজর রেখেই শমীক এমন কৌশল নিতে চাইছেন বলে বিজেপি সূত্রের ব্যাখ্যা।

(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)

BJP CPIM West Bengal Assembly Election 2026

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy