সদ্যসমাপ্ত পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের সময় বিশেষ পর্যবেক্ষক হিসাবে দায়িত্ব দেওয়া হয়েছিল সুব্রত গুপ্তকে। দিনদুয়েক আগে তাঁকে সেই দায়িত্ব থেকে অব্যাহতি দেয় কমিশন। এ বার সেই সুব্রতকেই নতুন দায়িত্ব দিল নবান্ন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উপদেষ্টা হিসাবে নিয়োগ করা হল। শুধু তা-ই নয়, নিয়োগ করা হল মুখ্যমন্ত্রীর ব্যক্তিগত সচিবও।
শনিবার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের উপস্থিতি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী পদে শপথ নেন শুভেন্দু। তার পরেই তাঁর উপদেষ্টা এবং ব্যক্তিগত সচিব নিয়োগ করা হল। মুখ্যমন্ত্রীর ব্যক্তিগত সচিব করা হল শান্তনু বালাকে। তিনি ২০১৭ ব্যাচের আইএএস। এর আগে দক্ষিণ ২৪ পরগনা জেলার অতিরিক্ত জেলাশাসক ছিলেন তিনি। তাঁকে মুখ্যমন্ত্রীর ব্যক্তিগত সচিব হিসাবে নিয়োগ করল নবান্ন।
গত বছরের অক্টোবরে রাজ্যে যখন বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) শুরু হয় সেই সময় সুব্রতকে বিশেষ রোল পর্যবেক্ষক হিসাবে নিযুক্ত করেছিল নির্বাচন কমিশন। এসআইআরের কাজে বিশেষ পর্যবেক্ষক হিসাবে সুব্রতের ভূমিকায় কমিশন সন্তুষ্ট হওয়ায় তাঁকে রাজ্যের বিধানসভা ভোটে বিশেষ পর্যবেক্ষক হিসাবেও দায়িত্ব দেওয়া হয়েছিল। নির্বাচনপর্ব মেটার পর গত বৃহস্পতিবার কমিশন সুব্রতকে তাঁর দায়িত্ব থেকে অব্যাহতি দেয়। দু’দিন কাটতে না কাটতেই নতুন সরকারে নতুন ভূমিকায় সুব্রত।
আরও পড়ুন:
উল্লেখ্য, রাজ্যে এসআইআরের কাজ শুরু হওয়ার পরে বিশেষ রোল পর্যবেক্ষক সুব্রতের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছিল তৃণমূল এবং পূর্বতন সরকার। সাম্প্রতিক অতীতে বিভিন্ন সময়ে তাঁর নাম না-করে খোঁচা দিয়েছেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। আদালতে এসআইআর মামলাতেও সুব্রতের ভূমিকায় অসন্তোষ প্রকাশ করতে দেখা যায় তৎকালীন সরকারকে। তবে সুব্রতকে দায়িত্ব থেকে সরায়নি কমিশন। ভোটপর্বেও সুব্রতকে নিয়ে নানা অভিযোগ তুলেছিল তৃণমূল। সেই সুব্রত নতুন সরকারে মুখ্যমন্ত্রীর উপদেষ্টা হলেন।