Advertisement
E-Paper

Mamata Banerjee-Jagdeep Dhankhar: বিধানসভার বাজেট অধিবেশনের অনুমোদন নিয়ে রাজ্যপালের ভূমিকায় বিরক্ত মুখ্যমন্ত্রী

মন্ত্রিসভার বৈঠকে রাজ্যপাল জগদীপ ধনখড়ের ভুমিকায় বিরক্তি প্রকাশ করেছেন মমতা। বৈঠকে সতীর্থদের উদ্দেশে জানিয়েছেন, বিষয়টি একটি ছাপার ভুল মাত্র। রাজ্যপাল চাইলে তা সংশোধন করে নিতেই পারতেন।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৮ ফেব্রুয়ারি ২০২২ ২০:১৯
বিধানসভার বাজেট অধিবেশন নিয়ে রাজ্যপালের ভুমিকায় বিরক্ত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

বিধানসভার বাজেট অধিবেশন নিয়ে রাজ্যপালের ভুমিকায় বিরক্ত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ফাইল চিত্র

বিধানসভার বাজেট অধিবেশন নিয়ে রাজ্যপালের ভূমিকায় বিরক্তি প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী। যদিও সোমবারের মন্ত্রিসভার বৈঠকে বাজেট অধিবেশনের প্রস্তাব ফের একবার পাশ করানো হল। গত কয়েকদিন ধরেই রাজ্য বিধানসভার বাজেট অধিবেশন নিয়ে রাজভবনের সঙ্গে নবান্নের স্নায়ুযুদ্ধ চলেছিল। মন্ত্রিসভার বৈঠকে অধিবেশন সংক্রান্ত প্রস্তাব অনুমোদন দিয়ে সেই যুদ্ধে আপাতত ছেদ পড়ল বলেই মনে করা হচ্ছে।

সূত্রের খবর, মন্ত্রিসভার বৈঠকে রাজ্যপাল জগদীপ ধনখড়ের ভুমিকায় বিরক্তি প্রকাশ করেছেন মমতা। বৈঠকে সতীর্থদের উদ্দেশে জানিয়েছেন, বিষয়টি একটি ছাপার ভুল মাত্র। রাজ্যপাল চাইলে তা সংশোধন করে নিতেই পারতেন। কিন্তু তিনি তা করেননি। তবে একদিকে ভালই হয়েছে বিধানসভার বাজেট অধিবেশন শুরুর আগে আবার সকলের সঙ্গে দেখা হয়ে গেল।

উল্লেখ্য, এবারের বাজেট অধিবেশন শুরু করতে প্রথমে যে ফাইলটি রাজভবনে পাঠানো হয়েছিল তাতে মন্ত্রিসভার অনুমোদন না থাকায় ফিরিয়ে দিয়েছিলেন রাজ্যপাল। পরিষদীয় দফতরের সেই ফাইলটিতে শুধুমাত্র মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুমোদন ছিল বলে জানিয়েছিলেন ধনখড়। ২১ ফেব্রুয়ারি মন্ত্রিসভার বৈঠকে বিধানসভার বাজেট অধিবেশন শুরু করার ফাইল পাশ করিয়ে পাঠানো হয় রাজভবনে। সেই ফাইল পাঠানোর পরে ২৪ ফেব্রুয়ারি মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীকে রাজভবনে ডেকে পাঠান রাজ্যপাল। ওইদিন মুখ্যসচিব তাঁর সঙ্গে সাক্ষাৎ করতে না গেলে টুইট করে বিধানসভার অধিবেশন অনুষ্ঠানিক ভাবে আহ্বান করে দেন।

সেই টুইটে লেখেন, ‘মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী ৭ মার্চ রাত ২টোয় বিধানসভার অধিবেশন ডাকা হল। ওই সময়ে বিধানসভার অধিবেশন শুধু ব্যতিক্রমী নয় ঐতিহাসিক। কিন্তু এটাই সরকারের সিদ্ধান্ত।’পরে আরও একটি টুইট করে মধ্যরাতে অধিবেশন ডাকার ব্যাখ্যা দেন রাজ্যপাল। সেই টুইটে রাজ্যপাল লেখেন, ‘মধ্যরাতের অধিবেশনের সময় এর সময় নির্ধারণের অস্বাভাবিকতা লক্ষ করেই মুখ্যসচিবকে জরুরী ভিত্তিতে তলব করা হয়েছিল। মুখ্যসচিবের সঙ্গে আলোচনা করতে না পারায় মোদীর সভার সিদ্ধান্ত গ্রহণ করেছি।’ এমন নজিরবিহীন অধিবেশন ডাকার পরেই মুখ্যমন্ত্রী ফোনে কথা বলেন রাজ্যপালের সঙ্গে। রাজ্য সরকারের পক্ষ থেকে রাজভবনকে জানানো হয়, ছাপার ভুলেই দিনের বদলে রাতে অধিবেশনের কথা লেখা হয়েছে। তাই রাজ্যপাল নিজের ক্ষমতাবলে তাতে সংশোধন করে দিন।

তাতেও রাজ্যপাল নিজের অবস্থানে অনড় থেকে জানিয়ে দেন, মন্ত্রিসভা বাজেট অধিবেশনে সায় দিলেই তাঁর পক্ষে অধিবেশন আহ্বানের সময় বদল করা সম্ভব নয়। সেই বাজেট অধিবেশনে সোমবার অনুমোদন দিল মন্ত্রিসভা। মনে করা হচ্ছে, আগামী কয়েকদিনের মধ্যেই রাজভবন থেকে সংশোধিত অধিবেশনের দিন ও সময় ঘোষণা করা হবে।

Rajbhaban Rajbhawan Mamata Banerjee Jagdeep Dhanakhar West Bengal Legislative Assembly Budget 2022 Budget
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy