E-Paper

একইসঙ্গে খাতা দেখার নির্দেশ, ধন্দে শিক্ষকেরা

শিক্ষকদের একাংশ জানাচ্ছেন, চিঠি দিয়ে মধ্যশিক্ষা পর্ষদ জানিয়েছে, তাঁদের মাধ্যমিকের খাতা নিতে হবে ২৫ ফেব্রুয়ারি।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৯ জানুয়ারি ২০২৪ ০৭:০০
exam

—প্রতীকী ছবি।

এ বারের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের খাতা দেখার সূচি নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। অভিযোগ, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের বেশ কিছু খাতা একই সময়ে দেখতে হবে পরীক্ষকদের। ফলে দু’টি পরীক্ষার সঠিক মূল্যায়ন নিয়ে প্রশ্ন উঠেছে।

শিক্ষকদের একাংশ জানাচ্ছেন, চিঠি দিয়ে মধ্যশিক্ষা পর্ষদ জানিয়েছে, তাঁদের মাধ্যমিকের খাতা নিতে হবে ২৫ ফেব্রুয়ারি। উচ্চ মাধ্যমিকের প্রথম পর্বের খাতা ৯ মার্চ এবং পরের পর্বের খাতা ২২ মার্চ নিতে হবে।

নদিয়ার করিমপুরের স্কুল শিক্ষক সুহৃতোষ বিশ্বাস বলেন, ‘‘মাধ্যমিকের খাতা দেখে প্রথম দফায় ৮ মার্চ, আর পরের দফায় ১৬ মার্চ জমা দিতে হবে। আবার উচ্চ মাধ্যমিকের প্রথম পর্বের খাতা নিতে হবে ৯ মার্চ। খাতা জমা দিতে হবে ১৫ মার্চ। পরের ধাপে খাতা নিতে হবে ২২ মার্চ। ৮ এবং ১৫ মার্চের মধ্যে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক, দুই পরীক্ষার খাতাই একসঙ্গে দেখতে হবে।’’

শিক্ষানুরাগী ঐক্য মঞ্চের সাধারণ সম্পাদক কিঙ্কর অধিকারীর কথায়, ‘‘মূল্যায়ন সঠিক হবে কি না সেই প্রশ্ন তো উঠছেই। পাশাপাশি বহু শিক্ষক খাতা পাচ্ছেন না। আবার কেউ মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক, দুই পরীক্ষার খাতাই পাচ্ছেন। মধ্যশিক্ষা পর্ষদ ও উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সমন্বয়ের অভাবেই এমনটা হয়েছে।’’

যদিও পর্ষদ ও সংসদ কর্তারা সমন্বয়ের অভাবের অভিযোগ মানেননি। পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় বলেন, ‘‘আমরা শুধু মাধ্যমিক স্তরের শিক্ষকদেরই মাধ্যমিকের খাতা দেখতে দিই।’’

সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য বলেন, ‘‘এটা অন্য বার হয় না। এ বার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা একেবারে লাগোয়া। দুটো পরীক্ষাই ফেব্রুয়ারিতে শেষ করতে হবে। শিক্ষকের অভাবে মাধ্যমিক স্তরের যে শিক্ষকেরা উচ্চ মাধ্যমিক পড়ান, শুধু তাঁদেরই উচ্চ মাধ্যমিকের খাতা দেখতে দেওয়া হচ্ছে। উচ্চ মাধ্যমিকের খাতার সংখ্যাও খুব বেশি হয় না। মূল্যায়নে প্রভাব পড়বে না।’’

(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)

Teachers West Bengal

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy