Advertisement
E-Paper

বেসরকারি বাসের ভাড়া বৃদ্ধি-সহ একগুচ্ছ প্রস্তাব নিয়ে নয়া মুখ্যমন্ত্রী শুভেন্দুর সঙ্গে দেখা করতে চান বাসমালিকেরা

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের পরিবহণমন্ত্রী ছিলেন শুভেন্দু অধিকারী। ঘটনাচক্রে, দীর্ঘ আট বছর পর রাজ্যের সেই শুভেন্দুই বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৮ মে ২০২৬ ১৪:০৯
the Joint Forum has requested an appointment with CM Suvendu Adhikari to submit a memorandum

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। —ফাইল চিত্র।

শেষ বার বাসের ভাড়া বেড়েছিল ২০১৮ সালে। তখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের পরিবহণমন্ত্রী ছিলেন শুভেন্দু অধিকারী। ঘটনাচক্রে, দীর্ঘ আট বছর পর সেই শুভেন্দুই রাজ্যে বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী। তাই এ বার রাজ্যের পরিবহণ ব্যবস্থার উন্নয়ন, যাত্রীদের নিরাপত্তা এবং পরিবহণ শিল্পের আর্থিক স্থায়িত্ব নিশ্চিত করতে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের আবেদন জানাল জয়েন্ট ফোরাম অফ ট্রান্সপোর্ট অপারেটর্স। বুধবার নবান্নে মুখ্যমন্ত্রীর উদ্দেশে পাঠানো এক চিঠিতে সংগঠনের পক্ষ থেকে দ্রুত সাক্ষাতের সময় চাওয়া হয়েছে। এখনও মন্ত্রিসভা সম্প্রসারণ হয়নি বলে পরিবহণ দফতর মুখ্যমন্ত্রীর হাতেই রয়েছে।

পার্ক স্ট্রিটের কার্যালয় থেকে পাঠানো ওই চিঠিতে জানানো হয়েছে, পশ্চিমবঙ্গের অর্থনীতি ও জনজীবনের অন্যতম প্রধান ভরসা গণপরিবহণ ব্যবস্থা। বেসরকারি বাস, মিনিবাস, অ্যাপ ক্যাব, স্কুলবাস-সহ বিভিন্ন ক্ষেত্রের পরিবহণ সংগঠনগুলিকে একত্রিত করে গঠিত জয়েন্ট ফোরাম দীর্ঘ দিন ধরেই রাজ্যের সাধারণ মানুষের জন্য সুলভ ও নিরবচ্ছিন্ন পরিষেবা দেওয়ার লক্ষ্যে কাজ করে চলেছে। চিঠিতে দাবি করা হয়েছে, বর্তমানে পরিবহণ শিল্প একটি গুরুত্বপূর্ণ পরিবর্তনের সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। জ্বালানির মূল্যবৃদ্ধি, রক্ষণাবেক্ষণের খরচ বৃদ্ধি, যাত্রীপরিষেবার আধুনিকীকরণ এবং রাস্তায় নিরাপত্তা সংক্রান্ত নানা সমস্যার মুখোমুখি হতে হচ্ছে পরিবহণ মালিক ও কর্মীদের। সেই কারণেই সরকার ও পরিবহণ সংগঠনগুলির মধ্যে সমন্বয় বাড়ানো প্রয়োজন বলে মনে করছে জয়েন্ট ফোরাম।

সংগঠনের পক্ষ থেকে মুখ্যমন্ত্রীর কাছে একটি বিস্তারিত স্মারকলিপি পেশ করার ইচ্ছাপ্রকাশ করা হয়েছে। সেখানে পরিবহণ পরিষেবার উন্নয়ন, যাত্রীসুরক্ষা, আর্থিক সহায়তা, ভর্তুকি, রুট সংক্রান্ত সমস্যা, ডিজিটাল ব্যবস্থার সম্প্রসারণ-সহ একাধিক বিষয়ে প্রস্তাব তুলে ধরা হবে বলে সূত্রের খবর। চিঠিতে আরও বলা হয়েছে, মুখ্যমন্ত্রীর ‘দূরদর্শী নেতৃত্বে’ সরকার ও পরিবহণ শিল্প একসঙ্গে কাজ করলে রাজ্যের গণপরিবহণ ব্যবস্থার মান আরও উন্নত হবে। তাই খুব অল্প সময়ের জন্য হলেও মুখ্যমন্ত্রীর সঙ্গে প্রতিনিধিদলের সাক্ষাতের সুযোগ করে দেওয়ার আবেদন জানানো হয়েছে। জয়েন্ট ফোরামের তরফে জানানো হয়েছে, মুখ্যমন্ত্রীর সুবিধামতো যে কোনও দিন ও সময়েই তারা বৈঠকে উপস্থিত হতে প্রস্তুত। সংগঠনের দাবি, এই আলোচনার মাধ্যমে পরিবহণ ব্যবস্থার দীর্ঘমেয়াদি সমস্যা সমাধানের পথ খুলতে পারে।

চিঠিতে অল বেঙ্গল বাস মিনিবাস সমন্বয় সমিতির রাহুল চট্টোপাধ্যায়, অনলাইন ক্যাব অপারেটর্স গিল্ডের ইন্দ্রনীল বন্দ্যোপাধ্যায়, সিটি সাবার্বান বাস সার্ভিসের টিটু সাহা, নর্থ বেঙ্গল প্যাসেঞ্জার্স ট্রান্সপোর্ট ওনার্স কো-অর্ডিনেশন কমিটির প্রণব মানি এবং পুল কার ওনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সুদীপ দত্তের স্বাক্ষর রয়েছে। তাঁদের আশা, বর্তমানে যে ভাবে পেট্রোপণ্যের দাম বাড়ছে, তাতে বাসভাড়া বাড়ানো জরুরি, না হলে গণ পরিবহণ পরিষেবাকে বাঁচানো যাবে না। তাঁদের আশা, যেহেতু মুখ্যমন্ত্রী একসময় নিজেই পরিবহণ দফতর সামলেছেন, তাই বেসরকারি বাসমালিকদের সমস্যা তিনিই বুঝবেন।

Jangipur Transport Department Suvendu Adhikari Bus Fare
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy