Advertisement
E-Paper

সাঁতার শিখতে গিয়ে স্কুলেরই পুলে ডুবে মৃত ষষ্ঠ শ্রেণির ছাত্র! আসানসোলের ‘সামার ক্যাম্প’ চলার সময়ে দুর্ঘটনা

স্কুলেই গ্রীষ্মকালীন এক শিবিরে যোগ দিয়েছিল সে। সেখানে সাঁতারের প্রশিক্ষণ চলছিল। অন্য ছাত্রদের সঙ্গে অদ্বিকও নেমেছিল পুলে। সেই সময় আচমকাই সে পুলে তলিয়ে যেতে শুরু করে।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২৮ মে ২০২৬ ১৩:১৯
আসানসোলের স্কুলে সুইমিং পুলে ডুবে মৃত্যু ছাত্রের।

আসানসোলের স্কুলে সুইমিং পুলে ডুবে মৃত্যু ছাত্রের। — নিজস্ব চিত্র।

আসানসোলের এক বেসরকারি স্কুলে বৃহস্পতিবার ষষ্ঠ শ্রেণির এক ছাত্রের মৃত্যু হল। স্কুলে ‘সামার ক্যাম্প’ চলছিল। সে সময় সাঁতার শিখতে গিয়ে সেখানকারই সুইমিং পুলে ডুবে মৃত্যু হল অদ্বিক হিলারিয়ানের।

অদ্বিক আসানসোলের লোয়ার চেলিডাঙ্গার হুচুক পাড়ার বাসিন্দা অ্যানসেল হিলারিয়ানের পুত্র। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, স্কুলেই গ্রীষ্মকালীন এক শিবিরে যোগ দিয়েছিল সে। সেখানে সাঁতারের প্রশিক্ষণ চলছিল। অন্য ছাত্রদের সঙ্গে অদ্বিকও নেমেছিল পুলে। সেই সময় আচমকাই সে পুলে তলিয়ে যেতে শুরু করে। বিষয়টি নজরে পড়তেই সেখানে উপস্থিত শিক্ষক ও কর্মীরা দ্রুত তাকে উদ্ধার করে আসানসোল জেলা হাসপাতালে নিয়ে যান। তবে হাসপাতালে পৌঁছোলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতদেহের ময়নাতদন্ত আসানসোল জেলা হাসপাতালেই করা হবে। খবর পেয়ে স্কুলের প্রধানশিক্ষক রবি ভিক্টর, মৃত ছাত্রের পরিবারের সদস্য এবং স্থানীয় বাসিন্দারা আসানসোল জেলা হাসপাতালে পৌঁছোন। এই ঘটনার পরে স্কুল কর্তৃপক্ষের দিকে আঙুল উঠেছে। উদ্বেগে রয়েছেন অভিভাবকেরা। উল্লেখ্য, কয়েক বছর আগেও আসানসোল ক্লাবে সুইমিং করতে গিয়ে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছিল।

পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। কী ভাবে এই দুর্ঘটনা ঘটল এবং নিরাপত্তায় কোনও গাফিলতি ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। যদিও এই ঘটনায় এখনও পর্যন্ত স্কুল কর্তৃপক্ষের তরফে কোনও প্রতিক্রিয়া মেলেনি।

Asansol
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy