E-Paper

‘দাগি’ ধরতে কমিটি দাবি, মামলা দায়ের

মামলাকারীদের আইনজীবী বিক্রম বন্দ্যোপাধ্যায়, সুদীপ্ত দাশগুপ্ত, সাগরিকা গোস্বামী একাদশ-দ্বাদশের নিয়োগ তালিকা নিয়ে অভিযোগ করে জানান যে ওই তালিকায় একাধিক ‘দাগি’ প্রার্থীর নাম আছে।

কুন্তক চট্টোপাধ্যায়

শেষ আপডেট: ০৮ ফেব্রুয়ারি ২০২৬ ০৮:৪৮
কলকাতা হাই কোর্ট।

কলকাতা হাই কোর্ট। গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

স্কুল সার্ভিস কমিশনের (এসএসসি) নজরদারির ‘ফাঁক’ গলে নিয়োগ তালিকায় ‘দাগি’ প্রার্থীদের ঢুকে পড়ার অভিযোগ বারবারই উঠেছে। কিছু ক্ষেত্রে সেই অভিযোগ কার্যত মেনেও নিয়েছে এসএসসি। এ বার তাই ‘দাগি’ মুক্ত স্বচ্ছ নিয়োগের জন্য বিশেষ নিরপেক্ষ কমিটি তৈরির আর্জি নিয়ে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয়েছেন বঞ্চিত চাকরিপ্রার্থীদের একাংশ। তাঁদের আর্জি, নিয়োগ তালিকা থেকে ‘দাগি’-দের মুছে ফেলার দায়িত্ব দেওয়া হোক ওই কমিটিকে। একাদশ-দ্বাদশের নিয়োগ তালিকায় কিছু ‘দাগি’ প্রার্থীর নাম আছে বলেও ফের অভিযোগ করেছেন বঞ্চিত চাকরিপ্রার্থীদের আইনজীবীরা।

সম্প্রতি বিচারপতি অমৃতা সিংহের এজলাসে ওই মামলাটি উঠেছিল। তিনি এ ব্যাপারে এসএসসি-কে হলফনামা জমা দিতে বলেছেন। কোনও ‘দাগি’ প্রার্থী যাতে চাকরি না-পান, এসএসসি-কে তা নিশ্চিত করতেও বলেছেন বিচারপতি সিংহ।

মামলাকারীদের আইনজীবী বিক্রম বন্দ্যোপাধ্যায়, সুদীপ্ত দাশগুপ্ত, সাগরিকা গোস্বামী একাদশ-দ্বাদশের নিয়োগ তালিকা নিয়ে অভিযোগ করে জানান যে ওই তালিকায় একাধিক ‘দাগি’ প্রার্থীর নাম আছে। ‘দাগি’ প্রার্থীরা কোনও ভাবেই যে নিয়োগের পরীক্ষায় বসতে পারবেন না, সুপ্রিম কোর্টের সেই নির্দেশের কথাও মনে করিয়ে দেন। এরপরেই ‘দাগি’ প্রার্থী চিহ্নিত করতে নিরপেক্ষ কমিটি গঠনের আর্জি জানান তিনি। নিয়োগ তালিকায় কোন কোন ‘দাগি’ প্রার্থী ঠাঁই পেয়েছেন, সে ব্যাপারেও নির্দিষ্ট তথ্য কোর্টে জমা দিয়েছেন বঞ্চিত চাকরিপ্রার্থীদের আইনজীবীরা।

কোর্টের খবর, ওই তালিকায় ইংরেজি বিষয়ের এক চাকরিপ্রার্থীর কথা বলা হয়েছে যাঁর নাম সিবিআইয়ের ‘দাগি’ তালিকায় ছিল। অঙ্ক বিষয়ের এক চাকরিপ্রার্থীর নামও সিবিআই ‘দাগি’ হিসেবে উল্লেখ করেছিল। তিনিও এ বারের প্রাথমিক নিয়োগ তালিকায় ঠাঁই পেয়েছেন বলে অভিযোগ। এডুকেশন বিষয়ের নিয়োগ তালিকায় এমন এক প্রার্থীর নাম আছে যিনি আগের নিয়োগে ‘গ্রুপ-ডি’ শিক্ষাকর্মী নিয়োগে ‘দাগি’ হিসেবে চিহ্নিত হয়েছিলেন। এই পরিস্থিতি দেখে অনেকেই বলছেন, এসএসসি যতই বজ্র আঁটুনির কথা বলুক না-কেন, বারবার ফস্কা গেরো সামনে আসছেই। যদিও বিচারপতি সিংহের এজলাসে এসএসসি-র কৌঁসুলির দাবি, নিয়োগ তালিকায় কোনও ‘দাগি’ প্রার্থীর উপস্থিতি খুঁজে পাওয়া গেলেই তা বাদ দেওয়া হচ্ছে।

এই পরিস্থিতিতে আদালতের বাইরে আইনজীবী সুদীপ্ত দাশগুপ্তের ব্যাখ্যা, ‘‘সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী কোনও দাগি প্রার্থীর ফের পরীক্ষায় বসারই অনুমতি নেই। দাগি প্রার্থীরা যাতে পরীক্ষায় বসতে না-পারেন তা নিশ্চিত করার দায়িত্ব এসএসসি-র। কিন্তু তার পরেও বারবার নিয়োগ তালিকায় দাগি প্রার্থীদের উপস্থিতি টের পাওয়া যাচ্ছে। মামলাকারীরা খুঁজে খুঁজে প্রতিবার দাগি প্রার্থী চিহ্নিত করবেন এবং তারপর এসএসসি সেই নাম মুছবে, এ চলতে পারে না। তাই নিরপেক্ষ কমিটি গঠনের আর্জি জানানো হয়েছে।’’

(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)

Calcutta High Court West Bengal School Service Commission

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy