Advertisement
E-Paper

তৃণমূলের জয়প্রকাশ মজুমদার গ্রেফতার! ‘১৪ বছর ধরে দখল করে রাখা’ ফ্ল্যাটের মালকিনকে কটূক্তি এবং হুমকির অভিযোগ

জয়প্রকাশের বিরুদ্ধে অভিযোগ, গত ১৪ বছর ধরে তিনি একটি বাড়ি বেআইনি ভাবে দখল করে রেখেছেন। বুধবার সেখানে জড়ো হয়ে কয়েক জন বিক্ষোভ দেখাতে শুরু করেন। তার পর তাঁকে থানায় নিয়ে যায় পুলিশ।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০৩ জুন ২০২৬ ১৫:৫০
জয়প্রকাশ মজুমদার।

জয়প্রকাশ মজুমদার। —ফাইল চিত্র।

তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদারকে গ্রেফতার করল পুলিশ। বাড়ি দখলের অভিযোগে তাঁকে ঘিরে বিক্ষোভ দেখানো হচ্ছিল বলে খবর। সেখানেই পুলিশ গিয়ে জয়প্রকাশকে আটক করে বিধাননগর উত্তর থানায় নিয়ে যায়। পরে তাঁকে গ্রেফতার করা হয়। তাঁর বিরুদ্ধে ফ্ল্যাট জবরদখল, তার বৃদ্ধা মালকিনকে কটূক্তি এবং হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে।

জয়প্রকাশের বিরুদ্ধে অভিযোগ, গত ১৪ বছর ধরে তিনি একটি ফ্ল্যাট বেআইনি ভাবে দখল করে রেখেছেন। বুধবার সেখানে জড়ো হয়ে কয়েক জন বিক্ষোভ দেখাতে শুরু করেন। অভিযোগ, বিক্ষোভকারীদের কারও কারও গায়ে হাত তোলেন জয়প্রকাশ। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। সেখান থেকেই তাঁকে ধরে নিয়ে যাওয়া হয়।

জানা গিয়েছে, ২০১২ সালে ওই ফ্ল্যাট ভাড়া নিয়েছিলেন জয়প্রকাশ। ২০১৫ সালে সেই চুক্তির মেয়াদ শেষ হয়ে যায়। অভিযোগ, তার পর আর নতুন করে কোনও চুক্তি করেননি তিনি। পুরনো চুক্তির নবীকরণও করা হয়নি। বেআইনি ভাবে সেই থেকে ফ্ল্যাটটি দখল করে রাখা হয়েছে।

বিধাননগর এলাকার এ.ই.৩৩৭ নম্বর ফ্ল্যাটটির মূল মালিক আরতি রায়চৌধুরী। অভিযোগ, জয়প্রকাশদের তিনি আইনি নোটিসও ধরিয়েছিলেন। উঠে যেতে বলেছিলেন তাঁর ফ্ল্যাট থেকে। কিন্তু জয়প্রকাশ বা তাঁর পরিবারের কেউ কর্ণপাত করেননি। উল্টে তৃণমূল নেতা আরতিকে কটূক্তি করেন এবং হুমকি দেন। তৃণমূল ক্ষমতায় থাকাকালীন জয়প্রকাশের দাপট ছিল। ফলে তাঁর বিরুদ্ধে বেশি লড়াই করতে পারেননি আরতিরা। তবে এখন রাজ্যে ক্ষমতার পালাবদল ঘটে গিয়েছে। বিধানসভা ভোটে তৃণমূলের ভরাডুবির পর প্রথম বার পশ্চিমবঙ্গে সরকার গঠন করেছে বিজেপি। সেই আবহে কিছু দিন আগে কয়েক জনকে সঙ্গে নিয়ে ওই ফ্ল্যাটে চড়াও হয়েছিলেন। জয়প্রকাশ বাড়িতে ছিলেন না। তাঁর স্ত্রীকে ফ্ল্যাটটি ছেড়ে দেওয়ার কথা বলা হয়। আরতি জয়প্রকাশের স্ত্রীকে থাপ্পড়ও মারেন বলে অভিযোগ। তার পর বুধবার ফের তাঁরা ফ্ল্যাটে জড়ো হন। বচসার মধ্যেই জয়প্রকাশকে গ্রেফতার করল পুলিশ।

Jay Prakash Majumdar TMC Bidhannagar Police
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy