Advertisement
E-Paper

ইডি দফতরে হাজিরা দেবাশিস কুমারের, রাসবিহারীর বিধায়ক তথা তৃণমূল প্রার্থীকে জমি দখল মামলায় তলব করা হয়েছিল

ইডি সূত্রে খবর, জমি দখলের একটি মামলার তদন্তে রাসবিহারী কেন্দ্রের বিদায়ী বিধায়ক তথা এ বার ওই কেন্দ্রেরই তৃণমূল প্রার্থী দেবাশিসকে তলব করা হয়েছিল।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ৩০ মার্চ ২০২৬ ১৩:৪৮
দেবাশিস কুমার।

দেবাশিস কুমার। গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

কলকাতার ইডি দফতরে হাজিরা দিলেন দেবাশিস কুমার। সোমবার দুপুরে সিজিও কমপ্লেক্সে ইডি দফতরে হাজিরা দেন তিনি। ইডি সূত্রে খবর, জমি দখলের একটি মামলার তদন্তে রাসবিহারী কেন্দ্রের বিদায়ী বিধায়ক তথা এ বার ওই কেন্দ্রেরই তৃণমূল প্রার্থী দেবাশিসকে তলব করা হয়েছিল।

শনিবার জমি দখল মামলার সূত্রেই কলকাতা এবং আশপাশের কিছু জায়গায় তল্লাশি চালিয়েছিল ইডি। ওই দিন শহরের একটি সংস্থার দফতর এবং তার সঙ্গে যুক্ত আধিকারিকদের বাড়িতে তল্লাশি চলে। তদন্তকারী সংস্থার সূত্রে জানা যায়, জমি দখলের একটি মামলাকে কেন্দ্র করেই ওই তল্লাশি অভিযান।

ইডি সূত্রে জানা যায়, বেআইনি ভাবে অনেক জমি দখল করার অভিযোগ উঠেছে ওই সংস্থার বিরুদ্ধে। নির্দিষ্ট কিছু প্রকল্পের নাম করে সাধারণ মানুষকে ঠকানো হয়েছে, তাঁদের জমি নিয়ে নেওয়া হয়েছে। কলকাতা-সহ বিভিন্ন জায়গায় সংস্থার বিরুদ্ধে এই সংক্রান্ত ১৬ থেকে ১৭টি এফআইআর দায়ের হয়েছিল। তার ভিত্তিতেই তদন্ত শুরু হয়। সংস্থার নথিপত্র, জমির দলিল এবং আর্থিক লেনদেনের হিসাব খতিয়ে দেখেন ইডির আধিকারিকেরা।

ওই সূত্রের দাবি, ওই মামলার তদন্তের সূত্রেই সোমবার দেবাশিসকে তলব করা হয়েছিল। সেই মতো তিনি দুপুরে সিজিও কমপ্লেক্সে যান। বিধানসভা ভোটের আগে এই ঘটনাকে ঘিরে রাজনৈতিক মহলে আলোচনা শুরু হয়েছে। দুপুরে সিজিও চত্বরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে দেবাশিস বলেন, “আমি কিছু জানি না। আমার বলার মতো কিচ্ছু নেই।”

ED Land Scam
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy