মুসলিমদের তিন তালাক বিতর্কে মুসলিম পার্সোনাল ল বোর্ডের পাশে দাঁড়িয়েছিল তৃণমূল। তালাক ও শরিয়তি আইনের সপক্ষেই সওয়াল করে নরেন্দ্র মোদী সরকারের তীব্র বিরোধিতা করেছিলেন রাজ্যের তিন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, ফিরহাদ হাকিম ও সিদ্দিকুল্লা চৌধুরী। শনিবার সারা ভারত মুসলিম ল’বোর্ডের প্রতিনিধিদের সম্মেলনে গৃহীত সিদ্ধান্তেরও কার্যত শরিক হয়ে রইলেন তৃণমূলের চার নেতা। সিদ্দিকুল্লা ছাড়াও ছিলেন তৃণমূলের তিন সাংসদ সুলতান আহমেদ, ইদ্রিস আলি, আহমেদ হাসান ইমরানও।
আজ, রবিবার পার্ক সার্কাস ময়দানে সারা ভারত মুসলিম পার্সোনাল ল বোর্ডের আয়োজনে তিন তালাক বন্ধের বিরুদ্ধে বিশাল সমাবেশ হওয়ার কথা। কী ভাবে মোদী সরকারের বিরুদ্ধে তিন তালাক বিষয়ে আন্দোলন হবে, তা নিয়ে সিদ্ধান্ত হতে পারে। তার আগে এ দিনের সম্মেলনের পরে মুসলিম ল’বোর্ডের সদস্য ও অভ্যর্থনা কমিটির সভাপতি সুলতান আহমেদ জানিয়েছেন, তালাকের মতো ধর্মীয় বিষয়ে সুপ্রিম কোর্টের হস্তক্ষেপের কোনও দরকার নেই বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে ভারতের আইন কমিশন মুসলিম ধর্মের বিভিন্ন বিষয়ে যে সব তথ্য জানতে চেয়েছে, তা তাদের জানার অধিকারও নেই।