Advertisement
E-Paper

তৃণমূলের যুব সংগঠনের রাজ্য কমিটিতে আরও পাঁচ জন

ঘোষিত নতুন কমিটিতে সভানেত্রী পদে রেখে দেওয়া হয়েছে সায়নীকে। নতুন এই পাঁচ জনকে যুক্ত করলে কমিটির সদস্য সংখ্যা বেড়ে হল ৫২।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০১ ডিসেম্বর ২০২২ ১৩:৪৭
তৃণমূলের যুব সংগঠনের রাজ্য কমিটিতে জায়গা হল আরও পাঁচ জনের।

তৃণমূলের যুব সংগঠনের রাজ্য কমিটিতে জায়গা হল আরও পাঁচ জনের। প্রতীকী চিত্র।

বুধবারই তৃণমূলের যুব সংগঠনের পূর্ণাঙ্গ কমিটি ঘোষিত হয়েছে। বৃহস্পতিবার সেই কমিটিতে আরও পাঁচ জনকে যুক্ত করা হল। সায়নী ঘোষকে সভাপতি রেখে মোট ৪৭ জনের রাজ্য কমিটির ঘোষণা করেছিল তৃণমূল নেতৃত্ব। কিন্তু নতুন করে ওই কমিটিতে দু’জন সহ সভাপতি, দু’জন সাধারণ সম্পাদক ও একজনকে সম্পাদক পদ দেওয়া হয়েছে। দু’জন সহ সভাপতি হয়েছেন দেবনাথ হাঁসদা ও পার্থসারথি মাইতি। দু’জন সাধারণ সম্পাদক হয়েছেন আবীর নিয়োগী ও শান্তনু কোনার। সম্পাদক পদ দেওয়া হয়েছে চন্দ্রনাথ সাহানাকে। এঁদের মধ্যে সাধারণ সম্পাদক আবীরই নিজের পদে বহাল রয়েছেন। বুধবার সর্বভারতীয় তৃণমূলের তরফে টুইট করে পূর্ণাঙ্গ রাজ্য কমিটির তালিকা প্রকাশ্যে আনা হয়। সঙ্গে বলা হয়, তৃণমূল চেয়ারপার্সন মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুমোদনের পরেই দলের যুব সংগঠনের পদাধিকারিদের নাম ঘোষণা করা হল। আর সেই কমিটিতেই রমরমা আগামী প্রজন্মের। ঘোষিত নতুন কমিটিতে সভানেত্রী পদে রেখে দেওয়া হয়েছে সায়নীকে। নতুন এই পাঁচ জনকে যুক্ত করলে কমিটির সদস্য সংখ্যা বেড়ে হল ৫২। কিন্তু বুধবার ঘোষিত ৪৭ জনের কমিটিতে অনেক ক্ষেত্রেই রয়েছেন তৃণমূল নেতা-নেত্রীদের সন্তানেরা।

সাধারণ সম্পাদকদের মধ্যে জায়গা পেয়েছেন প্রয়াত বাম নেতা ক্ষিতি গোস্বামীর কন্যা তথা কলকাতা পুরসভার কাউন্সিলর বসুন্ধরা গোস্বামী। গত বছর কলকাতা পুরসভার নির্বাচনে তৃণমূল প্রার্থী হিসেবে জয়ী হয়েছেন অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের পুত্র সৌরভ বসু ও বাণিজ্যমন্ত্রী শশী পাঁজার মেয়ে পূজা পাঁজা। দু’জনকেই নতুন কমিটিতে সাধারণ সম্পাদক পদে রেখে দেওয়া হয়েছে। কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়ের পুত্র সায়নদেব চট্টোপাধ্যায়কে সাধারণ সম্পাদক পদে রেখে দেওয়া হয়েছে। একই ভাবে বর্ষীয়ান তৃণমূল নেতা সঞ্জয় বক্সীর পুত্র সৌম্য বক্সীকেও সাধারণ সম্পাদক পদে রেখে দেওয়া হয়েছে। ১৭ জনকে সম্পাদক পদ দেওয়া হয়েছে। তৃণমূল রাজ্য সভাপতি সুব্রত বক্সীর পুত্র সপ্তর্ষি বক্সীকে সম্পাদক পদ দেওয়া হয়েছে। এই প্রথম তৃণমূলের কোনও সাংগঠনিক পদে এলেন সপ্তর্ষি। বাবা তৃণমূলের প্রতিষ্ঠাতা সভাপতি হিসেবে ২৫ বছর ধরে একই পদে বহাল রয়েছেন। এ ছাড়াও তৃণমূলের প্রতীকে বিধায়ক, সাংসদ-মন্ত্রীও হয়েছেন। বহুজাতিক সংস্থায় চাকরি করা সপ্তর্ষির রাজনৈতিক জীবনের অভিষেক হল তৃণমূল যুব সম্পাদক পদে। একই পদ দেওয়া হয়েছে প্রয়াত মন্ত্রী সাধন পাণ্ডে কন্যা শ্রেয়া পাণ্ডেকে। কলকাতা পুরসভার ডেপুটি মেয়র তথা কাশীপুর বেলগাছিয়ার বিধায়ক অতীন ঘোষের মেয়ে প্রিয়দর্শনী ঘোষকেও সম্পাদক পদ দেওয়া হয়েছে।

সায়নীকে সভাপতি পদে রেখে নতুন কমিটিতে চার জন সহ সভাপতি রাখা হয়েছে। এই চার জনের মধ্যে রয়েছেন দু’জন বিধায়ক। প্রথম জন হলে অভিনেতা তথা চণ্ডীপুরের বিধায়ক সোহম চক্রবর্তী এবং বাঘমুন্ডীর বিধায়ক সুশান্ত মাহাত। তাঁদের সঙ্গেই সহ সভাপতি পদ পেয়েছেন বিধায়ক স্বর্ণকমল সাহার পুত্র অর্পণ সাহা। একই ভাবেই সহ সভাপতি করা হয়েছে নদিয়া জেলা তৃণমূলের দাপুটে নেতা শঙ্কর সিংহের পুত্র শুভঙ্কর সিংহকে। যদিও আগের কমিটিতে এরা সহ সভাপতিই ছিলেন। এ ছাড়াও আট জনকে এগ্‌জিকিউটিভ কমিটিতে রাখা হয়েছে।

TMYC TMC AITC
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy