Advertisement
E-Paper

ভাল লিচু পেতে এখন থেকেই যত্ন নিতে হবে

আমে লাভ-ক্ষতি লেগেই রয়েছে। কখনও ফলন কম হয়, কখনও বাজারে দাম পড়ে যায়। কিন্তু লিচুর গল্প আলাদা। অল্প সময়ে বাজারে থাকা এই রসালো উপাদেয় ফলের রানি বিহারের আগেই আমাদের রাজ্যের মালদহ, মুর্শিদাবাদ, নদিয়া ও উত্তর-দক্ষিণ ২৪ পরগনাতে ওঠে।

শুভদীপ নাথ

শেষ আপডেট: ২৪ ফেব্রুয়ারি ২০১৬ ০১:১৪

আমে লাভ-ক্ষতি লেগেই রয়েছে। কখনও ফলন কম হয়, কখনও বাজারে দাম পড়ে যায়। কিন্তু লিচুর গল্প আলাদা। অল্প সময়ে বাজারে থাকা এই রসালো উপাদেয় ফলের রানি বিহারের আগেই আমাদের রাজ্যের মালদহ, মুর্শিদাবাদ, নদিয়া ও উত্তর-দক্ষিণ ২৪ পরগনাতে ওঠে। মাত্র এক সপ্তাহ আগে বাজারে আসা উন্নত, গুণমানের লিচু চাহিদার বাজারে প্রায় উড়ে যায়। মুকুল থেকে ধাপে-ধাপে স্প্রে পরিচর্যা সাজিয়ে দিলাম, যাতে চাষিরা এক সপ্তাহ আগেই ভাল রঙের শাঁসালো ফল বাজারে পাঠিয়ে পকেট গরম করতে পারেন।

১) এখন মুকুলে জৈব তরল সালফার ২ মিলি + নিম তেল ১৫০০ পিপিএম ২ মিলি আঠা সহযোগে স্প্রে করুন। সালফার কুয়াশায় মুকুলকে বাঁচাবার সঙ্গে গাছকে চাগিয়ে দেবে আর লিচুর মাকড় থেকে দেবে সুরক্ষা।

২) ফুল এলে কোনও স্প্রে দেবেন না। মুসুরের মতো গুটি ধরলে কুয়াশা/ বৃষ্টি/ বেশি আর্দ্রতায় কার্বেন্ডাজিম+ম্যাঙ্কোজেবের মিশ্র ছত্রাকনাশক ২ গ্রাম প্রতি লিটার জলে আঠা দিয়ে স্প্রে করুন।

Advertisement

৩) গুটি মার্বেলের মতো হলে বায়োজিব্বারেলিক হরমোন ৫ মিলি অ্যাম্পুল + হিউমিক অ্যাসিড ২০ মিলি ২০-২৫ লিটার জলে গুলে স্প্রে করুন।

৪) এই সময় থেকে লিচুর বড় হয়ে শাঁস আসা অবধি জৈব তরল তৈরি সার ৫ মিলি+১ মিলি হিউমিক প্রতি লিটার জলে গুলে ২ বার ১৫ দিন ব্যবধানে স্প্রে করলে লিচুর রং ও শাঁস ভাল হবে।

৫) শাঁস ধরতে শুরু হলে বোরন ১ গ্রাম ও তরল ক্যালসিয়াম ৪ মিলি প্রতি লিটারে দিয়ে এক বার স্প্রে করলে ফল ফাটা, ঝলসা থেকে বাঁচে, রসের ভারসাম্য রক্ষা হয়।

৬) লিচু পরিণতির দিকে আসলে বোঁটায় গুঁড়োপাকা রুখতে ইসামেকটিন বেঞ্জোয়েট ১/২ গ্রাম ও নিম ১৫০০ পিপিএম ১ মিলি প্রতি লিটার জলে গুলে স্প্রে করে রাখুন।

স্প্রে বিকেলে করলে ভাল। পারলে লিচুবাগানের অাশপাশে মৌমাছি পালন বাক্সের বন্দোবস্ত রাখুন। পুরো জৈব উপায়ে লিচু চাষের জন্য লেখকের সঙ্গে যোগাযোগ করতে পারেন।

লেখক: সহ-উদ্যানপালন অধিকর্তা, মুর্শিদাবাদ।
যোগাযোগ: ৯৪৭৪৫৭৮৬৭১।

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy