Advertisement
E-Paper

দক্ষিণে মমতা, উত্তরে অভিষেক, ভবানীপুরে শুভেন্দু। আইপিএলে দিল্লি-লখনউ। আবহাওয়া। আর কী

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দক্ষিণবঙ্গের নানুর, বড়ঞা ও নবগ্রামে তিনটি জনসভা করবেন। অন্য দিকে, দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গের শীতলকুচি, রায়গঞ্জ ও ফালাকাটা বিধানসভা কেন্দ্রে প্রচারসভা করবেন।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০১ এপ্রিল ২০২৬ ০৭:৫৮

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

দিন শুরু করার আগে এক নজরে দেখে নিন খবরের দুনিয়ায় আজ কোন কোন গুরুত্বপূর্ণ ঘটনা রয়েছে।

বিধানসভা নির্বাচনের প্রাক্কালে প্রচারের গতি আরও বাড়াল তৃণমূল। আজ দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গে পৃথক ভাবে সভা করে ভোটারদের কাছে পৌঁছোবেন দলের শীর্ষ নেতৃত্ব। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দক্ষিণবঙ্গের নানুর, বড়ঞা ও নবগ্রামে তিনটি জনসভা করবেন। অন্য দিকে, দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গের শীতলকুচি, রায়গঞ্জ ও ফালাকাটা বিধানসভা কেন্দ্রে প্রচারসভা করবেন। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আজ প্রচার করবেন ভবানীপুরে।

আইপিএলে আজ অভিযান শুরু করছে লখনউ সুপার জায়ান্টস এবং দিল্লি ক্যাপিটালস। লখনউ তাদের ঘরের মাঠে খেলবে। গত বছর কোনও দলই প্লেঅফে জায়গা করে নিতে পারেনি। দিল্লি সাতটি ম্যাচ জিতেছিল। লখনউ জিতেছিল ছ’টি। এ বার কারা জয় দিয়ে আইপিএল শুরু করতে পারবে? খেলা সন্ধ্যা ৭:৩০ থেকে। খেলা দেখা যাবে স্টার স্পোর্টস চ্যানেল ও জিয়োটস্টার অ্যাপে।

আজ থেকে ঝড়বৃষ্টির সম্ভাবনা অনেকটাই কমবে দক্ষিণবঙ্গের বেশির ভাগ জেলায়। অন্য দিকে, উত্তরবঙ্গের পাঁচ জেলায় ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের সতর্কতা জারি করা হয়েছে। তবে আগামী ৭ এপ্রিল পর্যন্ত উত্তরবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। তাপমাত্রাও বাড়বে।

পশ্চিম এশিয়ায় অস্থিরতা কাটাতে মধ্যস্থতার চেষ্টা করছে পাকিস্তান-সহ কিছু দেশ। তবে আপাতত শান্তি আলোচনার কোনও ইঙ্গিত মিলছে না ইরানের তরফে। বরং আমেরিকা যে দাবি করছে, তার বিপরীতে গিয়ে সম্পূর্ণ ভিন্ন দাবি করছে ইরান। আমেরিকা বলছে, আলোচনা হয়েছে। ইরান‌ বলছে, কোনও আলোচনাই হয়নি। এরই মধ্যে সম্প্রতি পশ্চিম এশিয়ায় আরও সেনা পাঠিয়েছে আমেরিকা। মার্কিন রণতরী ইউএসএস ত্রিপোলি পৌঁছেছে। তাতে সাড়ে তিন হাজার সেনাকর্মী রয়েছেন। ইরানও হুঁশিয়ারি দিয়ে রেখেছে, তারা প্রস্তুত রয়েছে। এ অবস্থায় পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতি কোন দিকে মোড় নেয় সে দিকে নজর থাকবে আজ।

News of the Day Mamata Banerjee Abhishek Banerjee Suvendu Adhikari IPL 2026 Weather Today US Iran Iran Israel Conflict
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy