দিন শুরু করার আগে এক নজরে দেখে নিন খবরের দুনিয়ায় আজ কোন কোন গুরুত্বপূর্ণ ঘটনা রয়েছে।
আজ নির্বাচনী প্রচারে ব্যস্ত থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তাঁর কর্মসূচি শুরু করবেন আসানসোলের বারাবনী থেকে, যেখানে প্রথম জনসভা হবে। এর পর তিনি বীরভূমে গিয়ে তারাপীঠ মন্দিরে পুজো দেবেন। পরে হাসন কেন্দ্রেও প্রচার সভা করবেন অভিষেক। অন্য দিকে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মালদহের গাজোলে একটি জনসভা দিয়ে দিনের কর্মসূচি শুরু করবেন। এর পর মালদহ শহরে একটি মিছিলেও অংশ নেবেন তিনি।
আইপিএলে আজ জোড়া ম্যাচ। নামছে চার দল। তার মধ্যে তিনটি দল প্রথম ম্যাচে জিতেছে, একটি দল হেরেছে। প্রথমে দিল্লি ক্যাপিটালস খেলবে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে। অক্ষর পটেলের দিল্লি প্রথম ম্যাচে হারিয়েছে লখনউ সুপার জায়ান্টসকে। হার্দিক পাণ্ড্যর মুম্বই জিতেছে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে। আজ কারা অপরাজিত থাকবে? দিল্লিতে খেলা শুরু বিকেল ৩:৩০ থেকে। এরপর লড়াই গুজরাত টাইটান্স ও রাজস্থান রয়্যালসের। শুভমন গিলের গুজরাত প্রথম ম্যাচে হেরেছে পঞ্জাব কিংসের কাছে। অন্য দিকে রাজস্থান তাদের প্রথম ম্যাচে উড়িয়ে দিয়েছে চেন্নাই সুপার কিংসকে। এই ম্যাচ অহমদাবাদে সন্ধ্যা ৭:৩০ থেকে। খেলা দেখা যাবে স্টার স্পোর্টস চ্যানেল ও জিয়োহটস্টার অ্যাপে।
মাঝে বেশ কয়েক দিনের বিরতির পর আজ আবার রয়েছে আইএসএলের খেলা। সপ্তম ম্যাচ খেলতে নামছে মোহনবাগান সুপার জায়ান্ট। তাদের সামনে জামশেদপুর। শেষ ম্যাচে মুম্বইয়ের কাছে হেরেছে মোহনবাগান। ১৪ পয়েন্ট নিয়ে মুম্বই এখন পয়েন্ট তালিকায় শীর্ষে। মোহনবাগান ও জামশেদপুর দুই দলেরই ১৩ পয়েন্ট। যারা জিতবে তারাই শীর্ষে চলে যাবে। খেলা শুরু বিকেল ৫টা থেকে। সন্ধ্যা ৭:৩০ থেকে রয়েছে এফসি গোয়া এবং বেঙ্গালুরু এফসি-র ম্যাচ। দু’টি ম্যাচই দেখা যাবে সোনি স্পোর্টস চ্যানেল ও সোনি লিভ অ্যাপে।
পশ্চিম এশিয়ায় যুদ্ধ পরিস্থিতি ক্রমশ জটিল হচ্ছে। আমেরিকা এবং ইরান উভয় দেশের থেকেই পরস্পরবিরোধী মন্তব্য উঠে আসছে। শান্তি আলোচনা হবে কি হবে না, তা নিয়েও কোনও নিশ্চয়তা নেই। এরই মধ্যে চলছে সংঘর্ষও। এরই মধ্যে আমেরিকার একটি এফ-৩৫ লাইটনিং যুদ্ধবিমানকে গুলি করে নামানোর দাবি করেছে ইরানের রেভোলিউশনারি গার্ড কোর (আইআরজিসি)। এ অবস্থায় পশ্চিম এশিয়ায় যুদ্ধ পরিস্থিতি কোন দিকে মোড় নেয়, সে দিকে নজর থাকবে আজ।
আজ ভ্যাপসা গরম থাকবে থাকবে হাওড়া, কলকাতা, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, বীরভূম, উত্তর ২৪ পরগনা এবং হুগলিতে। তবে রবিবার থেকে পরিস্থিতি কিছুটা বদলাবে। কয়েক দিন ঝড়বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। উত্তরবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি চলবে আগামী ৯ এপ্রিল পর্যন্ত।