Advertisement
E-Paper

বিধানসভায় বাজেট অধিবেশনের তৃতীয় দিন। এক দিন পর বিশ্বকাপ। মাধ্যমিকের তৃতীয় দিন। আর কী কী

পশ্চিমবঙ্গ বিধানসভার বাজেট অধিবেশনের তৃতীয় দিন। বিধানসভায় ‘ভোট অন অ্যাকাউন্ট’ নিয়ে আলোচনায় অংশ নেবেন তৃণমূল ও বিজেপির বিধায়কেরা।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৬ ফেব্রুয়ারি ২০২৬ ০৭:৫২

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

দিন শুরু করার আগে এক নজরে দেখে নিন খবরের দুনিয়ায় আজ কোন কোন গুরুত্বপূর্ণ ঘটনা রয়েছে।

আজ পশ্চিমবঙ্গ বিধানসভার বাজেট অধিবেশনের তৃতীয় দিন। সকালে বিধানসভায় স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের ঘরে বসবে কার্যবিবরণী কমিটির বৈঠক। আগামিকাল বিধানসভায় অতিরিক্ত দু’টি বিল আসবে, তার নির্ঘণ্ট ঠিক হবে। তার পর বিধানসভায় ‘ভোট অন অ্যাকাউন্ট’ নিয়ে আলোচনায় অংশ নেবেন তৃণমূল ও বিজেপির বিধায়কেরা। মুখ্যমন্ত্রী অধিবেশনে না-এলেও, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যোগ দেবেন।

কাল থেকে শুরু হয়ে যাচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। প্রথম দিনই নামছে ভারত, পাকিস্তান-সহ ছয় দেশ। কী ভাবে তৈরি হচ্ছে দলগুলি? প্রথম দিন খেলা রয়েছে কলকতার ইডেন গার্ডেন্সেও। এরই মধ্যে চলছে বিতর্কও। পাকিস্তান এবং বাংলাদেশকে নিয়ে রোজ নতুন নতুন নাটক। থাকছে এই বিতর্ক এবং প্রস্তুতির সব খবর।

বাজেট অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের প্রেক্ষিতে আনা ধন্যবাদ জ্ঞাপক প্রস্তাবের জবাবি ভাষণে তৃণমূলকে আক্রমণ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নিশানা করেছেন কংগ্রেসকেও। শুক্রবার অধিবেশনকক্ষে এর রেশ পড়বে বলে মনে করা হচ্ছে। নজর থাকবে বাজেট অধিবেশনে।

পর পর দু’দিন ছুটির পর আজ মাধ্যমিকের ইতিহাস পরীক্ষা। এর আগে দু’টি পরীক্ষা হয়েছে— বাংলা ও ইংরেজি। পরীক্ষার প্রশ্ন নিয়ে কোন‌ও অভিযোগ না-থাকলেও, প্রথম দু’টি পরীক্ষার সময় মোবাইল নিয়ে ধরা পড়েছে মোট সাত জন। তাদের প্রত্যেকের পরীক্ষা বাতিল করা হয়েছে। অন্য দিকে, পশ্চিম বর্ধমানে প্রধান শিক্ষক-সহ ৮ জন সাসপেন্ড হওয়ার পর আজ পার্শ্ববর্তী স্কুল থেকে ভেনু সুপারভাইজার (প্রধান শিক্ষক) ও ১০ জন নতুন শিক্ষক দিয়ে পরীক্ষা গ্রহণ করাতে চলেছে পর্ষদ।

আজ থেকে রঞ্জি ট্রফির চারটি কোয়ার্টার ফাইনাল ম্যাচ শুরু। পাঁচ দিনের ম্যাচে কল্যাণীতে বাংলার সামনে অন্ধ্রপ্রদেশ। গ্রুপ পর্বে অপরাজিত ছিল বাংলা। তারাই সবচেয়ে বেশি পয়েন্ট নিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে। খেলা শুরু সকাল ৯টা থকে। একই সময়ে জামশেদপুরে লড়াই ঝাড়খণ্ড এবং উত্তরাখণ্ডের। অন্য দুই ম্যাচে মুখোমুখি মধ্যপ্রদেশ ও জম্মু-কাশ্মীর এবং মুম্বই ও কর্নাটক। এই দু’টি ম্যাচ সকাল ৯:৩০ থেকে। খেলা দেখা যাবে স্টার স্পোর্টস চ্যানেল ও জিয়োহটস্টার অ্যাপে।

আগামী কয়েক দিন দক্ষিণবঙ্গে জেলাগুলিতে তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি কমতে পারে। উত্তরেও কমবে। থাকবে কুয়াশা।

বড়দের টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর এক দিন আগে আজ ঠিক হয়ে যাবে ছোটদের ৫০ ওভারের বিশ্বচ্যাম্পিয়ন কারা। অনূর্ধ্ব১৯ বিশ্বকাপ ক্রিকেটের ফাইনালে লড়াই ভারত এবং ইংল্যান্ডের। এই নিয়ে ১০ বার ছোটদের বিশ্বকাপের ফাইনালে উঠেছে ভারত। তার মধ্যে এই নিয়ে শেষ ছ’বছরে প্রত্যেক বার। মোট পাঁচ বার চ্যাম্পিয়ন হয়েছে ভারত। অন্য দিকে ইংল্যান্ড এই নিয়ে তিন বার ফাইনালে উঠেছে। জিতেছে মাত্র এক বার। সেটিও ২৮ বছর আগে। আজ বৈভব সূর্যবংশী-আয়ুশ মাত্রেরা দেশকে আবার বিশ্বজয়ের স্বাদ এনে দিতে পারবেন? খেলা শুরু দুপুর ১টা থেকে। খেলা দেখা যাবে স্টার স্পোর্টস চ্যানেল ও জিয়োহটস্টার অ্যাপে।

News of the Day west bengal budget ICC T20 World Cup Budget madhyamik exam Ranji Tournament Weather Update ICC U19 World Cup 2026
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy