Advertisement
E-Paper

মুখ্যমন্ত্রীর প্রশাসনিক সভা উত্তরবঙ্গে। ইডেনে কেকেআর। ইউরোপ সফরে প্রধানমন্ত্রী। আবহাওয়া। আর কী কী

৯ মে রাজ্যের মুখ্যমন্ত্রী পদে শপথ নেওয়ার পর এই প্রথম উত্তরবঙ্গ সফরে যাবেন শুভেন্দু। উত্তরবঙ্গের জেলাগুলিকে নিয়ে শিলিগুড়িতে প্রশাসনিক বৈঠক করবেন তিনি।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২০ মে ২০২৬ ০৭:৫৭

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

দিন শুরু করার আগে এক নজরে দেখে নিন খবরের দুনিয়ায় আজ কোন কোন গুরুত্বপূর্ণ ঘটনা রয়েছে।

আজ উত্তরবঙ্গে যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। উত্তরবঙ্গের জেলাগুলিকে নিয়ে শিলিগুড়িতে প্রশাসনিক বৈঠক করবেন তিনি। গত ৯ মে রাজ্যের মুখ্যমন্ত্রী পদে শপথ নেওয়ার পর এই প্রথম উত্তরবঙ্গ সফরে যাবেন শুভেন্দু। ওই বৈঠকে বিজেপি বিধায়কদের পাশাপাশি, বিরোধী তৃণমূলের সদস্যদেরও ডাকা হয়েছে বলেই প্রশাসন সূত্রে খবর। আজ এই খবরে নজর থাকবে।

আইপিএলে আজ ইডেনে আবার কলকাতা নাইট রাইডার্সের ম্যাচ। বিপক্ষে মুম্বই ইন্ডিয়ান্স। আগের ম্যাচে গুজরাত টাইটান্সকে হারিয়ে প্লে-অফের আশা জিইয়ে রেখেছে কেকেআর। প্লে-অফে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, গুজরাত টাইটান্স এবং সানরাইজার্স হায়দরাবাদ ইতিমধ্যেই চলে গিয়েছে। বাকি একটি জায়গার জন্য লড়াইয়ে কলকাতা, চেন্নাই, দিল্লি, রাজস্থান এবং পঞ্জাব। এই পাঁচ দলের পয়েন্টের তফাৎ মাত্র ২। জমে যাওয়া প্লে-অফের লড়াইয়ে এখন সব ম্যাচই গুরুত্বপূর্ণ। আজ খেলা শুরু সন্ধ্যা ৭:৩০ থেকে। খেলা দেখা যাবে স্টার স্পোর্টস চ্যানেল ও জিয়োহটস্টার অ্যাপে।

কাল নিষ্পত্তি হবে আইএসএলের। নাটকীয় পরিসমাপ্তির অপেক্ষায় ফুটবলপ্রেমীরা। ইস্টবেঙ্গল কিশোর ভারতী স্টেডিয়ামে মুখোমুখি ইন্টার কাশীর। মোহনবাগান যুবভারতীতে খেলবে স্পোর্টিং ক্লাব দিল্লির সঙ্গে। এই দুই ম্যচের আগে থাকছে দুই শিবিরের সব খবর।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এ বারের ইউরোপ সফরের শেষ পর্ব চলছে। আজ তিনি রয়েছেন ইটালিতে। ইটালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির আমন্ত্রণে নরওয়ে থেকে সে দেশে গিয়েছেন মোদী। এর আগে ২০২৪ সালের জুনে জি৭ সম্মেলনে যোগ দিতে ইতালিতে গিয়েছিলেন তিনি। এ বারের সফরে নজর রয়েছে ভারত-ইতালি দ্বিপাক্ষিক বাণিজ্যে। সেই লক্ষ্যে মেলোনি এবং ইটালির প্রেসিডেন্ট সার্গিও মাতারেল্লার সঙ্গে বৈঠক করবেন মোদী। এই সংক্রান্ত খবরে নজর থাকবে আজ।

আগামী সাত দিন রাজ্যে তাপমাত্রার কোনও হেরফের হচ্ছে না। দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত ভাবে ঝড়বৃষ্টি চলবে। আজ হুগলি, উত্তর ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদে ঝড়বৃষ্টির জন্য হলুদ সতর্কতা রয়েছে। উত্তরবঙ্গের আট জেলায় আগামী শনিবার পর্যন্ত ঝড়বৃষ্টির সতর্কতা রয়েছে।

News of the Day Suvendu Adhikari IPL 2026 KKR Mumbai Indians ISL 2026 Narendra Modi Weather Today
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy