দিন শুরু করার আগে এক নজরে দেখে নিন খবরের দুনিয়ায় আজ কোন কোন গুরুত্বপূর্ণ ঘটনা রয়েছে।
দিনক্ষণ ঘোষণা না-হলেও বিধানসভা নির্বাচন এগিয়েই আসছে। সকল বিধায়ক নিজ নিজ এলাকায় মন দিতে শুরু করেছেন বেশি বেশি করে। সেই পর্যায়ে এ বার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও নিজের বিধানসভা কেন্দ্রের একটি অনুষ্ঠানে যোগ দেবেন। আজ ভবানীপুর বিধানসভার ৭০ নম্বর ওয়ার্ডের জৈন ধর্মাবলম্বীদের একটি অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। সেই অনুষ্ঠানে যোগ দেওয়ার পাশাপাশি বেশ কিছু সরকারি প্রকল্পের উদ্বোধনও তিনি করবেন বলে জানিয়েছে নবান্নের একটি সূত্র।
পশ্চিম এশিয়ায় উত্তেজনার মাঝেই আজ ইজ়রায়েলে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দু’দিনের এই সফরে বেঞ্জামিন নেতানিয়াহুদের সঙ্গে সম্পর্ক আরও মজবুত করার লক্ষ্যে বেশ কিছু আলোচনা হবে। বিদেশ মন্ত্রক সূত্রে খবর, কৌশলগত সম্পর্ক, প্রতিরক্ষা, কৃষি ও সন্ত্রাস মোকাবিলায় কিছু সমঝোতা স্মারক (মউ) সই হবে প্রধানমন্ত্রীর এই সফরে। এর মধ্যে রয়েছে প্রায় ৬৮০ কোটি ইউরোর (প্রায় ৭২ হাজার ৮১৪ কোটি টাকা) অস্ত্র ক্রয় ও যৌথ উদ্যোগে নির্মাণ সংক্রান্ত সমঝোতাও। কিছু দিন আগেই ওয়েস্ট ব্যাঙ্ক নিয়ে ইজ়রায়েলের একক পদক্ষেপের নিন্দা জানিয়ে যৌথ বিবৃতি দিয়েছিল শতাধিক দেশ। মূল বিবৃতিতে না-থাকলেও পরে ওই বিবৃতির সঙ্গে জুড়েছিল ভারতও। এ অবস্থায় প্রধানমন্ত্রীর ইজ়রায়েল সফরে কী কী বিষয় উঠে আসে, সে দিকে নজর থাকবে আজ।
কাল বিশ্বকাপের সুপার এইট পর্বে আবার নামছে ভারত। প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে গোহারা হারতে হয়েছে ভারতকে। দ্বিতীয় ম্যাচে প্রতিপক্ষ জ়িম্বাবোয়ে। সেমিফাইনালে যাওয়ার আশা টিকিয়ে রাখতে গেলে এই ম্যাচে ভারতকে শুধু জিতলেই হবে না, নেট রানরেটের কথা ভেবে বড় ব্যবধানে জিততে হবে। এই ম্যাচের আগে কী ভাবে তৈরি হচ্ছে ভারত, কী বলছেন কোচ গৌতম গম্ভীর, অধিনায়ক সূর্যকুমার যাদব? থাকছে সব খবর।
টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে আজ শ্রীলঙ্কা বনাম নিউ জ়িল্যান্ড ম্যাচ। এই ম্যাচে হারলেই এ বারের মতো বিশ্বকাপ থেকে বিদায় নেবে শ্রীলঙ্কা। প্রথম ম্যাচে ইংল্যান্ডের কাছে হেরে সমস্যায় অন্যতম আয়োজক দেশ। নিউ জ়িল্যান্ডের প্রথম ম্যাচ ছিল পাকিস্তানের বিপক্ষে। বৃষ্টিতে সেই ম্যাচ ভেস্তে গিয়েছে। আজ কলম্বোয় খেলা সন্ধ্যা ৭টা থেকে। খেলা দেখা যাবে স্টার স্পোর্টস চ্যানেল ও জিয়োহটস্টার অ্যাপে।
রঞ্জি ট্রফির ফাইনালে প্রথম দিনই দাপট জম্মু ও কাশ্মীরের। কর্নাটকের বিরুদ্ধে প্রথম দিনের শেষে তারা ২ উইকেট হারিয়ে ২৮৪ রান তুলেছে। ১১৭ রান করে অপরাজিত রয়েছেন শুভম পান্দির। প্রথম বার রঞ্জি ফাইনালে উঠে চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন দেখছে জম্মু ও কাশ্মীর। কর্নাটকের বোলারেরা কি ঘুরে দাঁড়াতে পারবেন? পাঁচ দিনের ম্যাচের দ্বিতীয় দিনের খেলা শুরু সকাল ৯:২০ থেকে।
মাঝরাতের বৃষ্টির পরে মঙ্গলবার কিছুটা হলেও দক্ষিণবঙ্গে ফিরেছে হালকা ঠান্ডার অনুভূতি। আলিপুর আবহাওয়া দফতর বলছে, আগামী চার দিন এ রকমই থাকবে আবহাওয়া। তাপমাত্রার খুব একটা হেরফের হবে না। তার পরে ধীরে ধীরে বাড়বে তাপমাত্রা। তবে আপাতত বৃষ্টির পূর্বাভাস আর নেই রাজ্যে।
আজ উচ্চ মাধ্যমিকের একাধিক বিষয়ের পরীক্ষা রয়েছে। তার মধ্যে অন্যতম হল অর্থনীতি, নৃতত্ত্ব, সায়েন্স অফ ওয়েবিয়িং ও অ্যাপ্লায়েড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। পরীক্ষা শুরু সকাল ১০টা থেকে।