Advertisement
E-Paper

রাজ্যে ফের মোদী। একাধিক কর্মসূচি মমতা-অভিষেকের। ডায়মন্ড হারবার সফরে সিইও। কেকেআর। আর কী কী

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দু’টি জনসভা ও একটি রোড শো আছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের জোড়া জনসভা রয়েছে। তৃণমূল প্রার্থীদের সমর্থনে মিছিল করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অরবিন্দ কেজরীবাল ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একাধিক কর্মসূচি রয়েছে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৬ এপ্রিল ২০২৬ ০৭:৫৬

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

দিন শুরু করার আগে এক নজরে দেখে নিন খবরের দুনিয়ায় আজ কোন কোন গুরুত্বপূর্ণ ঘটনা রয়েছে।

আজ ফের রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দুপুরে বনগাঁয় প্রথম জনসভা করবেন তিনি। বনগাঁর ঠাকুরনগরে তাঁর জনসভার আয়োজন করা হয়েছে। নির্ধারিত সময় দুপুর ২টো ১৫ মিনিট। সেখানে সভা সেরে মোদী যাবেন হুগলিতে। আরামবাগের হরিপাল এলাকায় তাঁর দ্বিতীয় জনসভা রয়েছে। তার নির্ধারিত সময় বিকেল ৩টে ৪৫ মিনিট। এর পরেই কলকাতায় আসবেন মোদী। কলকাতায় তাঁর রোড শো রয়েছে।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দক্ষিণ কলকাতার প্রার্থীদের সমর্থনে আজ মিছিল করবেন। রবিবার বিকেলে যাদবপুর থেকে হাজরা পর্যন্ত মিছিলে হাঁটবেন তিনি। দলের সব প্রার্থীদের ওই মিছিলে শামিল হতে নির্দেশ দেওয়া হয়েছে। দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবালও তৃণমূল প্রার্থীদের সমর্থনে একাধিক জনসভা করবেন। অন্য দিকে, একাধিক কর্মসূচি রয়েছে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের।

Advertisement

দ্বিতীয় দফার ভোটের আগে শেষ রবিবাসরীয় প্রচার সারবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আজ তাঁর জোড়া জনসভা রয়েছে। প্রথম সভা তেহট্টে। সেখান থেকে তিনি চলে যাবেন রানাঘাট দক্ষিণ বিধানসভা কেন্দ্রে। সেখানে জনসভা করবেন শাহ। তার পরে সন্ধ্যায় বারাসতে রোড শো করবেন তিনি। আজ তাঁর ভোটপ্রচার সংক্রান্ত খবরের দিকে নজর থাকবে।

ভোট প্রস্তুতি খতিয়ে দেখতে এ বার দক্ষিণ ২৪ পরগনা জেলার ডায়মন্ড হারবারে যাচ্ছেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক (সিইও) মনোজকুমার অগ্রবাল। আজ সকালে সেখানে তাঁর যাওয়ার কথা। জেলার নির্বাচনী আধিকারিকদের বৈঠক করবেন তিনি। বিগত ভোটে ওই এলাকা থেকে বেশ কিছু অশান্তির খবর মিলেছিল। সিইও দফতর সূত্রে খবর, ওই সব অশান্তি উপদ্রুত এলাকাতেও যেতে পারেন মনোজ। আজ নজর থাকবে তাঁর ওই সফরের দিকে।

আজ থেকে আগামী শুক্রবার পর্যন্ত কলকাতা-সহ দক্ষিণের সব জেলায় কালবৈশাখীর পূর্বাভাস রয়েছে। ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। সঙ্গে চলবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি। কিছু জেলায় ঝড়ের দাপট বেশি থাকবে। উত্তরবঙ্গে ঝড়বৃষ্টি বেশি হবে। দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে ভারী বৃষ্টি হতে পারে। বাকি সব জেলাতেই কমবেশি বৃষ্টি হবে। সঙ্গে বইবে ঝোড়ো হাওয়া।

আইপিএলে আজও জোড়া ম্যাচ। এক সপ্তাহ পর আবার নামছে কলকাতা নাইট রাইডার্স। বিপক্ষে লখনউ সুপার জায়ান্টস। এটি কেকেআরের অ্যাওয়ে ম্যাচ। প্রথম ছ’টি ম্যাচের একটিতেও জিততে না পারা কেকেআর সপ্তম ম্যাচে জিতেছিল। আজ অজিঙ্ক রাহানেরা কি ঋষভ পন্থের লখনউকে হারাতে পারবে? শেষ চারটি ম্যাচ হেরে অনেকটাই পিছিয়ে পড়েছে লখনউ। এই ম্যাচ সন্ধ্যা ৭:৩০ থেকে। তার আগে রয়েছে চেন্নাই সুপার কিংস এবং গুজরাত টাইটান্স ম্যাচ। চেন্নাই শেষ চারটি ম্যাচের তিনটি জিতে অনেকটাই উপরে উঠেছে। অন্য দিকে শুভমন গিলের গুজরাত শেষ দু’টি ম্যাচ হেরে গিয়েছে। তারাও লখনউয়ের মতো পিছিয়ে পড়েছে। এই ম্যাচ বিকেল ৩:৩০ থেকে। খেলা দেখা যাবে স্টার স্পোর্টস চ্যানেল ও জিয়োহটস্টার অ্যাপে।

পশ্চিমবঙ্গের দ্বিতীয় দফার ভোটের আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জোর প্রচার চালাচ্ছেন। সেই আবহেই এপ্রিল মাসের শেষ রবিবার, অর্থাৎ আজ তিনি নিজের কর্মসূচি ‘মন কী বাত’ নিয়ে আবারও হাজির হবেন। আজ বেলা ১১টায় মোদী দেশবাসীর সঙ্গে ‘মন কী বাত’ বলবেন। মনে করা হচ্ছে, এই কর্মসূচিতে বাংলার মানুষের জন‍্যও বার্তা থাকতে পারে।

News of the Day Narendra Modi Mamata Banerjee Abhishek Banerjee Arvind Kejriwal Amit Shah Election Commission Weather Today IPL 2026 Man Ki Baat
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy