দিন শুরু করার আগে এক নজরে দেখে নিন খবরের দুনিয়ায় আজ কোন কোন গুরুত্বপূর্ণ ঘটনা রয়েছে।
আজ রাজ্যে এসআইআরের প্রথম দফার চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন। দুপুর নাগাদ ওই তালিকা প্রকাশ হবে। তালিকায় নাম রয়েছে কি না, অনলাইন এবং অফলাইন পদ্ধতি দেখে নিতে পারবেন ভোটাররা। কমিশন জানিয়েছে, ৭ কোটি ৮ লক্ষের বেশি ভোটারের নাম প্রকাশ করা হবে। যাচাই এবং নিষ্পত্তি হয়নি এমন ভোটারদের নামও তালিকায় থাকবে। তাঁদের ক্ষেত্রে আলাদা করে ‘বিচারাধীন’ বলে জানিয়ে দেবে কমিশন। পরবর্তীতে ধাপে ধাপে সেগুলির অতিরিক্ত তালিকা প্রকাশ করবে কমিশন। অন্য দিকে, আজকের প্রাথমিক চূড়ান্ত তালিকায় কত নাম বাদ পড়ল এবং যুক্ত হল সে দিকেও নজর থাকবে।
টি-টোয়েন্টি বিশ্বকাপে কাল রবিবার ‘কোয়ার্টার ফাইনাল’ ম্যাচ খেলতে নামছে ভারত। ইডেনে বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজ়। সুপার এইটের এই শেষ ম্যাচে যারা জিতবে তারাই সেমিফাইনালে চলে যাবে। দুই দলই শুক্রবার চলে এসেছে কলকাতায়। আজ ইডেনে অনুশীলন। সূর্যকুমার যাদবের ভারতীয় দলের প্রস্তুতির সব খবর। থাকছে ওয়েস্ট ইন্ডিজ় দলেরও খবর।
টি-টোয়েন্টি বিশ্বকাপে আজ রয়েছে শ্রীলঙ্কা বনাম পাকিস্তান ম্যাচ। গতকাল ইংল্যান্ডের কাছে নিউ জ়িল্যান্ড হেরে যাওয়ায় জীবন পেয়েছে পাকিস্তান। আজকের ম্যাচে তাদের সামনে একটা সুযোগ থাকছে সেমিফাইনালে যাওয়ার। তবে তার জন্য শুধু শ্রীলঙ্কাকে হারালেই হবে না, জিততে হবে বিরাট ব্যবধানে। তবেই নেট রানরেটে নিউ জিল্যান্ডকে টপকে শেষ চারে যেতে পারবেন সলমন আলি আঘারা। খেলা শুরু সন্ধ্যা ৭টায়। খেলা দেখা যাবে স্টার স্পোর্টস চ্যানেল ও জিয়োহটস্টার অ্যাপে।
আইএসএলে আজ মোহনবাগানের খেলা। তৃতীয় ম্যাচে সবুজ-মেরুনের সামনে মহমেডান। একটা সময় এই ম্যাচকেও বলা হতো বড় ম্যাচ। কিন্তু মহমেডানের সেই সাফল্য দীর্ঘ দিন নেই। ফলে এই ম্যাচ নিয়ে আগের উন্মাদনাও নেই। ধারে-ভারে অনেক এগিয়ে মোহনবাগান। তারা যেখানে প্রথম দু’টি ম্যাচ জিতেছে, সেখানে মহমেডান দু’টি ম্যাচেই হেরেছে। যুবভারতীতে কি আজ লড়াই করতে পারবে মহমেডান? খেলা শুরু সন্ধ্যা ৭:৩০ থেকে। খেলা দেখা যাবে সোনি স্পোর্টস চ্যানেল ও সোনি লিভ অ্যাপে।
রঞ্জি চ্যাম্পিয়ন হওয়ার দোরগোড়ায় জম্মু ও কাশ্মীর। প্রথম বার ফাইনালে উঠেই চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন দেখছে তারা। তাদের বিরুদ্ধে কর্নাটক কোণঠাসা। প্রথম ইনিংসে জম্মু ও কাশ্মীরের ৫৮৪ রানের জবাবে কর্নাটক ২৯৩ রানে শেষ হয়ে গিয়েছে। দ্বিতীয় ইনিংসে চতুর্থ দিনের শেষে জম্মু ও কাশ্মীর ৪ উইকেটে ১৮৬ রান তুলেছে। তারা ৪৭৭ রানে এগিয়ে। আজ শেষ দিনের খেলা। সকাল ৯:৩০ থেকে খেলা শুরু। খেলা দেখা যাবে স্টার স্পোর্টস চ্যানেল ও জিয়োহটস্টার অ্যাপে।
মহিলাদের জরায়ুমুখ ক্যানসার রুখতে আরও সক্রিয় কেন্দ্রীয় সরকার। আজ রাজস্থান এবং গুজরাতে এই সংক্রান্ত বিষয় প্রচার শুরু করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গোটা দেশে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস (এইচপিভি) টিকা প্রকল্প চালু করার পরিকল্পনা গত কয়েক দিন ধরেই চলছিল। ১৪ বছরের কিশোরীদের এই টিকা দেওয়া হবে। সেই প্রচার শুরু হবে শনিবার থেকেই। এ ছাড়াও, দুই রাজ্যে আরও কিছু প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী। আজ সেই সংক্রান্ত খবরের দিকে নজর থাকবে।