দিন শুরু করার আগে এক নজরে দেখে নিন খবরের দুনিয়ায় আজ কোন কোন গুরুত্বপূর্ণ ঘটনা রয়েছে।
অভিন্ন দেওয়ানি বিধি বিল সোমবার কি পেশ হবে রাজ্য বিধানসভায়? এখনও পর্যন্ত এ বিষয়ে কোনও বিজ্ঞপ্তি জারি না হলেও সম্ভাবনা একেবারে উড়িয়েও দেওয়া হচ্ছে না। পশ্চিমবঙ্গ বিধানসভার বাজেট অধিবেশনের প্রথমার্ধ শেষ হচ্ছে আজ। সোমবার চারটি বিল পাশ হাওয়ার কথা রয়েছে। সেগুলি হল অনগ্রসর শ্রেণি কমিশন সংশোধনী বিল, তোলাবাজি ও গুন্ডা দমন সংক্রান্ত দু’টি বিল এবং ওবিসি সংরক্ষণ সংশোধনী বিল।
দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়বে। কলকাতায় আগামী সাত দিন টানা বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। উত্তরবঙ্গে বৃষ্টির বিরাম নেই। উত্তরবঙ্গের পাঁচ জেলায় অতি প্রবল বর্ষণের লাল সতর্কতা জারি করা হয়েছে সোমবার।
বিশ্বকাপ ফুটবলে এশিয়ার সেরা দলের চ্যালেঞ্জ সামলাতে হবে পাঁচ বারের বিশ্বজয়ীদের। গত কয়েকটি বিশ্বকাপে গ্রুপ পর্ব টপকালেও নকআউটে পুরনো ব্রাজ়িলকে দেখা যাচ্ছে না। তবে এ বার ভিনিসিয়াস ভরসা দেখাচ্ছেন। আগের ম্যাচে নেমার শেষ দিকে নেমেছিলেন। জাপানের বিরুদ্ধে শুরু থেকে তাঁকে হয়তো খেলাবেন কার্লো আনচেলোত্তি। জাপানের শক্তি দলগত খেলা। গত কয়েকটি বিশ্বকাপে বড় দলকে বার বার সমস্যায় ফেলেছে জাপান। আরও এক বার সেটা করতে তৈরি তারা। খেলা শুরু রাত ১০:৩০ মিনিট থেকে। ব্রাজ়িলের ম্যাচের পরেই নামবে জার্মানি। ১২ বছর পর আবার বিশ্বকাপের নকআউট খেলবে তারা। প্যারাগুয়ের সামনে জার্মানির সমস্যা হওয়ার কথা নয়। তবে গ্রুপের শেষ ম্যাচে ইকুয়েডর জার্মানিকে হারিয়েছে। ফলে পচা শামুকে পা কাটার ভয় রয়েছে জার্মানির। খেলা শুরু রাত ২:০০ থেকে। কাল ভোরে মরক্কোর বিরুদ্ধে নামবে নেদারল্যান্ডস। গত বার সেমিফাইনাল খেলা মরক্কোর বিরুদ্ধে গত বারের কোয়ার্টার ফাইনাল খেলা নেদারল্যান্ডের কঠিন লড়াই। বিশ্বকাপের সেরা খেলা হতে পারে দু’দলের মধ্যে। দুই দলই চেষ্টা করতে পারে খেলা টাইব্রেকারে নিয়ে যাওয়ার। ভোর ৬:৩০ মিনিটে শুরু সেই খেলা। দেখা যাবে ইউনাইট৮ স্পোর্টস চ্যানেল ও জ়ি৫ অ্যাপে।
ব্যবসায়ীপুত্র কেতন অগ্রবালকে খুনের ঘটনায় রবিবার ধৃত দুই অভিযুক্ত চেতন অগ্রবাল এবং সিয়া গোয়লকে নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ। ঘটনার পুনর্নির্মাণও করা হয়। একই সঙ্গে সিয়ার পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ করছেন তদন্তকারীরা। খুনের ‘মোটিভ’ কী, সে সম্পর্কে এখনও চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছোতে পারেননি তাঁরা। খুনের রহস্যের কিনারা করতে তাঁর আরও কয়েক জনকে জিজ্ঞাসাবাদের কথাও রয়েছে। সেই তালিকায় রয়েছেন সিয়া, কেতন, চেতনের বন্ধুবান্ধবেরাও। সেই সঙ্গে এখনও পর্যন্ত পাওয়া তথ্যপ্রমাণ বার বার খতিয়ে দেখছে পুলিশ। সেই সূত্রে উঠে আসা নতুন তথ্যের ভিত্তিতে জেরা করে কী তথ্য মেলে তা অত্যন্ত জরুরি তদন্তকারীদের কাছে।