Advertisement
E-Paper

এখনই বিধানসভায় আনা হচ্ছে না অভিন্ন দেওয়ানি বিধির বিল! গঠিত হবে উচ্চপর্যায়ের কমিটি, সুপারিশ অনুযায়ী সিদ্ধান্ত গ্রহণ

অভিন্ন দেওয়ানি বিধি সংক্রান্ত বিল সোমবার বিধানসভায় পেশ করা হবে কি না, তা নিয়ে জল্পনা শুরু হয় গত বৃহস্পতিবার থেকে। তবে বিলটি এখনই বিধানসভায় পেশ করা হচ্ছে না বলে সূত্রের খবর।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২৯ জুন ২০২৬ ১০:০৪
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। — ফাইল চিত্র।

অভিন্ন দেওয়ানি বিধি সংক্রান্ত বিল এখনই পেশ হচ্ছে না বিধানসভায়। আপাতত এই সংক্রান্ত বিষয়ে একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করা হবে। বিধানসভা সূত্রে এমনটাই জানা যাচ্ছে। সূত্রের খবর, ওই কমিটির সুপারিশ বা রিপোর্টের উপর ভিত্তি করে পরবর্তী সময়ে বিধানসভায় বিলটি আনা হতে পারে।

সোমবারই রাজ্য বিধানসভার বাজেট অধিবেশনের প্রথম পর্ব শেষ হচ্ছে। আগামী ৭ জুলাই থেকে বিধানসভার বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্ব শুরু হবে। সেই সময় বিলটি আনা হবে কি না, তা ঠিক করবে আইন দফতর । বর্তমানে আইন দফতর রয়েছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর হাতে। নবান্ন সূত্রে খবর, সোমবার বিধানসভায় যেতে পারেন মুখ্যমন্ত্রী। অভিন্ন দেওয়ানি বিধি সংক্রান্ত বিষয়ে একটি বিবৃতি দিতে পারেন তিনি। অভিন্ন দেওয়ানি বিধি সংক্রান্ত বিষয়ে যে উচ্চপর্যায়ের ওই কমিটি গঠনের কথা হচ্ছে, তাতে কারা থাকবেন, তাঁদের কাজের পদ্ধতি কী হবে— তা এখনও স্পষ্ট নয়। অনুমান করা হচ্ছে, মুখ্যমন্ত্রীর বিবৃতিতে তা স্পষ্ট হতে পারে।

এ দিন বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধির বিল পেশ হবে কি না, তা নিয়ে আলোচনা শুরু হয়েছিল গত বৃহস্পতিবার বিকেল থেকেই। ওই দিন বিধানসভা অধিবেশনের প্রথমার্ধে নিজের বক্তৃতায় অভিন্ন দেওয়ানি বিধি বিলের পক্ষে সওয়াল করেছিলেন শুভেন্দু। পরে রাতেও একটি দলীয় কর্মসূচিতে একই কথার পুনরাবৃত্তি করেন তিনি। সেই থেকেই জল্পনা ক্রমশ বৃদ্ধি পেতে শুরু করেছিল। তবে শেষপর্যন্ত এই বিলটি সোমবার বিধানসভায় পেশ করা হচ্ছে না বলেই সূত্রের খবর।

কী কারণে সোমবার বিলটি পেশ করা হচ্ছে না, তা নিয়ে সরকারি মহল থেকে কোনও ব্যাখ্যা পাওয়া যায়নি। তবে মনে করা হচ্ছে, এমন একটি সংবেদনশীল বিষয়ের উপর বিল আনার ক্ষেত্রে অনেক বেশি সাবধানি থাকতে চাইছে সরকার। বিলে কোথাও কোনও ফাঁকফোকর রাখতে চাইছে না রাজ্যের বিজেপি সরকার। তাই সব দিক বিবেচনা করে এবং খতিয়ে দেখার পর এই বিলটি বিধানসভায় পেশ করার পথে এগোতে চায় সরকার।

উল্লেখ্য, অভিন্ন দেওয়ানি বিধি আনার আগে এই ধরনের কমিটি গঠনের নজির বিজেপিশাসিত অন্য রাজ্যগুলিতেও রয়েছে। এখনও পর্যন্ত তিনটি রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি চালু হয়েছে— উত্তরাখণ্ড, গুজরাত এবং অসম। তিন রাজ্যেই খসড়া বিল প্রস্তুতির জন্য কমিটি গঠনের নজির রয়েছে।

ভারতের প্রথম রাজ্য হিসেবে উত্তরাখণ্ডে এই বিল আনা হয়। সেখানে বিল পেশের আগে গঠিত কমিটির নেতৃত্বে ছিলেন সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি রঞ্জনা দেসাই। পরবর্তী সময়ে গুজরাতে অভিন্ন দেওয়ানি বিধি সংক্রান্ত কমিটিতেও ছিলেন তিনি। অসমেও এই ধরনের কমিটি গঠনের নজির রয়েছে। সম্প্রতি মধ্যপ্রদেশ এবং ছত্তীসগঢ়েও অভিন্ন দেওয়ানি বিধি কার্যকরের তোড়জোড় শুরু হয়েছে। সেখানেও বিলের খসড়া তৈরির জন্য কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে সরকার।

Uniform Civil Code West bengal Assembly Suvendu Adhikari

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy