জাতীয় সড়কে গাড়ি চালিয়ে পিছনের দিকে (রিভার্স) আসছিলেন চালক। প্রচণ্ড গতিতে এসে সেই গাড়ির পিছনে ধাক্কা মারল একটি এসইউভি। শুক্রবার উত্তরপ্রদেশের সাহারানপুরের কাছে ওই মর্মান্তিক দুর্ঘটনায় নিহত একই পরিবারের চার সদস্য। সেই ঘটনায় আরও তিন জন আহত হয়েছেন। ঘটনাটির একটি ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।
আরও পড়ুন:
সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, সাহারানপুরের রামপুর মনিহরণ এলাকায় দেহরাদূন-পঞ্চকুলা জাতীয় সড়কে দুর্ঘটনাটি ঘটে। দ্রুতগতির একটি বোলেরো পিছন থেকে একটি টাটা টিয়াগোকে সজোরে ধাক্কা মারে। সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, জাতীয় সড়কে গাড়ি পিছোনোর (রিভার্স করার) সময় পিছন থেকে আসা এসইউভি প্রচণ্ড গতিতে ওই গাড়িটিকে ধাক্কা দেয়। দুর্ঘটনার অভিঘাতে গাড়িটি রাস্তার পাশের একটি ডিভাইডারে আছড়ে পড়ে এবং ছিটকে গিয়ে রাস্তার অপর পাশের আর একটি ডিভাইডারে ধাক্কা খায়। দুমড়েমুচড়ে যায় টিয়াগোটি। ধাক্কার চোটে বোলেরোটিও উল্টে যায়। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।
আরও পড়ুন:
জানা গিয়েছে, ওই ঘটনায় চরণ সিংহ, তাঁর স্ত্রী সুদেশ, পুত্রবধূ প্রীতি এবং নাতি শিবাংশের মৃত্যু হয়েছে। তিন জন আহতও হয়েছেন। পুলিশ জানিয়েছে, নিহতেরা সকলেই হরিয়ানার সোনিপত জেলার বাহাদুরগড়ের বাসিন্দা ছিলেন। রামপুর মনিহরণ থানার অন্তর্গত হালগোয়া গ্রামের কাছে যখন দুর্ঘটনাটি ঘটে, তখন তাঁরা হরিদ্বারের দিকে যাচ্ছিলেন। ঘটনার পর পরই স্থানীয় বাসিন্দা এবং পথচারীরা দ্রুত উদ্ধারকাজ শুরু করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছোয় এবং দুর্ঘটনাগ্রস্ত সকলকেই জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে হাসপাতালে পৌঁছোনোর পর একই পরিবারের ওই চার সদস্যকেই মৃত ঘোষণা করা হয়। আহত তিন জন হাসপাতালে চিকিৎসাধীন। তাঁদের তিন জনেরই অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকেরা।
আরও পড়ুন:
প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, অতিরিক্ত গতি ও অসতর্ক ভাবে গাড়ি চালানোই দুর্ঘটনার মূল কারণ। পুলিশ জানিয়েছে, ঘটনাটির তদন্ত শুরু হয়েছে এবং বিষয়টি বিস্তারিত ভাবে খতিয়ে দেখা হচ্ছে। কর্মকর্তারা গাড়ি দু’টিকে বাজেয়াপ্ত করেছেন এবং ঘাতক গাড়ির চালকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে। মৃতদেহগুলিও ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
দুর্ঘটনার ভি়ডিয়োটি পোস্ট করা হয়েছে সচিন গুপ্ত নামে এক সাংবাদিকের এক্স হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। ভিডিয়োটি দেখার পর নেটাগরিকদের অনেকে যেমন বিস্ময় প্রকাশ করেছেন, তেমনই আবার উদ্বেগ প্রকাশ করেছেন অনেকে। দোষীদের শাস্তির দাবিতেও সরব হয়েছেন নেটাগরিকদের একাংশ।