Advertisement
E-Paper

কালবৈশাখীর দাপট, সঙ্গে শিলাবৃষ্টি! সপ্তাহান্তে প্রায় সব জেলাতেই বাড়বে বৃষ্টি, বুধে কেমন থাকবে আবহাওয়া

শুক্রবার থেকে রাজ্য জুড়ে বৃষ্টির পরিমাণ বাড়বে। শুক্র এবং শনিবার কালবৈশাখীর পূর্বাভাসও দিল আবহাওয়া দফতর।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১৮ মার্চ ২০২৬ ১১:২২
Weather forecast for West Bengal on Wednesday, says Meteorological Department

রাজ্য জুড়ে ঝড়বৃষ্টির পূর্বাভাস। — ফাইল চিত্র।

চৈত্রের শুরু থেকে প্রায় প্রতি দিনই রাজ্যের কোথাও না কোথাও বৃষ্টি হচ্ছে। চলতি সপ্তাহের শেষের দিকে, শুক্র ও শনিবার রাজ্যে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে, এমনই জানাল আলিপুর আবহাওয়া দফতর। তবে আগামী দু’দিন দিন বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে রাজ্যের প্রায় সর্বত্রই!

হাওয়া অফিস সূত্রে খবর, বুধবার আকাশ আংশিক মেঘলা থাকবে। বিক্ষিপ্ত ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে শুক্রবার থেকে রাজ্য জুড়ে বৃষ্টির পরিমাণ বাড়বে। শুক্র এবং শনিবার কালবৈশাখীর পূর্বাভাসও দিল আবহাওয়া দফতর। হতে পারে শিলাবৃষ্টিও। যদিও রবিবার থেকে আবহাওয়া পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। কমতে পারে বৃষ্টির পরিমাণও।

হাওয়া অফিস জানিয়েছে, আগামী দু’দিন দক্ষিণবঙ্গের আবহাওয়া পরিবর্তনের তেমন সম্ভাবনা নেই। তাপমাত্রার পারদও তেমন ওঠানামা করবে না। বুধবার দক্ষিণবঙ্গের হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা, ঝাড়গ্রাম, দুই মেদিনীপুর, পুরুলিয়া, নদিয়ায় হালকা থেকে মাঝারির বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কলকাতা-সহ বাকি জেলায় সামন্য বৃষ্টি হতে পারে। তবে আকাশ মূলত মেঘলাই থাকবে।

শুক্র এবং শনিবার দক্ষিণবঙ্গের বেশির ভাগ জেলায় বৃষ্টির পরিমাণ বাড়বে। সঙ্গে ৫০-৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে। পুরুলিয়া, বাঁকুড়া, দুই বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ জেলাতে ঝড়বৃষ্টির সম্ভাবনা বেশি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। শনিবারও কয়েকটি জেলায় ঝড়ের সম্ভাবনা রয়েছে।

অন্য দিকে, উত্তরবঙ্গের সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, দুই দিনাজপুর এবং মালদহ জেলায় ঝড়বৃষ্টি চলবে আগামী শনিবার পর্যন্ত। শুক্রবার থেকে উত্তরবঙ্গেও দুর্যোগের মাত্রা বাড়তে পারে বলে বলে মনে করছে আবহাওয়া দফতর।

বুধবার কলকাতার আকাশ সাধারণত মেঘলা থাকবে। মঙ্গলবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.৬ ডিগ্রি সেলসিয়াস। বুধবার সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৪.২ ডিগ্রি সেলসিয়াস। শুক্রবার থেকে কলকাতাতেও ঝড়বৃষ্টির মাত্রা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। বইতে পারে ৪০-৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া।

Weather Update rainfall
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy