Advertisement
E-Paper

Weather Report: দক্ষিণবঙ্গে চড়বে পারদ, তাপপ্রবাহের পূর্বাভাস চার জেলায়, উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা

মঙ্গলবার কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৯ মার্চ ২০২২ ১৭:০৫

ফাইল ছবি।

গত কয়েক দিন ধরে চৈত্রের গরম ভালই টের পাচ্ছে দক্ষিণবঙ্গ। এ বার তাপপ্রবাহের সতর্কবার্তা আলিপুর আবহাওয়া দফতরের। বৃহস্পতি এবং শুক্রবার দক্ষিণবঙ্গের চার জেলায় তাপপ্রবাহের পূর্বাভাস দেওয়া হয়েছে। এ ছাড়া দক্ষিণবঙ্গের বাকি জেলাতেও তাপমাত্রার পারদ চড়বে। অন্যদিক বুধ ও বৃহস্পতিতে উত্তরবঙ্গে বৃষ্টির পূর্বাভাস রয়েছে বলে জানাচ্ছে হাওয়া অফিস।

ইতিমধ্যেই ৩৯ ডিগ্রি সেলসিয়াস ছুঁয়েছে রাজধানী দিল্লির তাপমাত্রা। মঙ্গলবার কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি। কলকাতায় রাতের তাপমাত্রা ছিল ২৬.৭ ডিগ্রি, যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি বেশি। আবহবিদদের মতে, আগামী তিন দিন দক্ষিণবঙ্গে দিনের তাপমাত্রা আরও এক থেকে দুই ডিগ্রি বাড়বে। রাজ্যের পশ্চিমাঞ্চলের কয়েকটি জেলার তাপমাত্রা বৃদ্ধি পাবে বেশি। ইতিমধ্যেই বাঁকুড়ার তাপমাত্রা ৩৯ ডিগ্রি ছাড়িয়েছে। পুরুলিয়ায় পারদ ছুঁয়েছে ৩৭ ডিগ্রি। মূলত স্বাভাবিকের ৪ থেকে ৫ ডিগ্রি বেশি এবং তাপমাত্রার পারদ ৪০ ডিগ্রি সেলসিয়াস ছাড়ালে তাকে তাপপ্রবাহ বলা হয়ে থাকে। তাপপ্রবাহের পূর্বাভাস থাকা চার জেলার চলতি সপ্তাহে তাপমাত্রার পারদ ৪০ ছুঁতে পারে বলে মনে করছে হাওয়া অফিস।

তাপপ্রবাহের পূর্বাভাস, বৃহস্পতি এবং শুক্রবার পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুরে। অন্যদিকে বিহারের উপরে থাকা ঘূর্ণাবর্তের জেরে বুধ এবং বৃহস্পতি বার উত্তরবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী কয়েকদিনে উত্তরবঙ্গের তাপমাত্রায় সে রকম কোনও হেরফেরের সম্ভাবনা নেই বলে মনে করছেন আবহবিদরা। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, দুই দিনাজপুর এবং মালদহে বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

গ্রাফিক: সনৎ সিংহ।

গ্রাফিক: সনৎ সিংহ।

Heat Wave Weather Report
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy