বাংলাদেশের সাধারণ নির্বাচনে বড় জয়ের পথে এগোচ্ছে তারেক রহমানের বিএনপি। ভোটের ফলাফল অন্তত তেমনই ইঙ্গিত দিচ্ছে। বিএনপি চেয়ারম্যান তারেককে অভিনন্দন জানালেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
শুক্রবার তিনি সমাজমাধ্যমে লেখেন, ‘‘বাংলাদেশের সকল ভাইবোনকে, জনগণকে জানাই আমার শুভনন্দন। আগাম রমজান মোবারক।’’ এর পরই মমতা বিএনপি-র চেয়ারম্যান তারেককে বিপুল ভোটে জয়ের জন্য অভিনন্দন জানান। মমতা লেখেন, ‘‘বাংলাদেশের এই বিপুল জয়ের জন্য অভিনন্দন জানাই আমার তারেকভাইকে, তাঁর দলকে ও অন্যান্য দলকেও। সবাই ভাল থাকুন, সুখী থাকুন।’’ পাশাপাশি বাংলাদেশের সঙ্গে পশ্চিমবঙ্গের সুসম্পর্ক আগামী দিনেও বজায় থাকবে বলে বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা।
আরও পড়ুন:
প্রসঙ্গত, বাংলাদেশের সঙ্গে পশ্চিমবঙ্গের বরাবরই সুসম্পর্ক রয়েছে। শেখ হাসিনা সরকারের সময়েও দুই বাংলার ভাল সম্পর্ক ছিল। হাসিনা সরকারের পতনের পর পালাবদলের সাক্ষী থেকেছে বাংলাদেশ। জুলাই আন্দোলনের মধ্যে দিয়ে হাসিনার দেশত্যাগ এবং তৎপরবর্তী পরিস্থিতিতে মুহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকার ক্ষমতায় এসেছে। প্রতিবেশী দেশ হিসাবে বাংলাদেশ বরাবর গুরুত্বপূর্ণ পশ্চিমবঙ্গের কাছে। দেশভাগ হওয়ার পরেও দুই বাংলাকে ঘিরে দু’পারের মানুষের আবেগ লক্ষণীয়। শুধু ইতিহাসের বিচারে নয়, রাজনৈতিক এবং ভৌগোলিক দিক থেকেও দুই বাংলা পরস্পরের জন্য যথেষ্ট গুরুত্বপূর্ণ। সে দেশে রাজনীতিতে কোনও পালাবদল এলে তার আঁচ এসে পড়ে পশ্চিমবঙ্গেও। ফলে বাংলাদেশের রাজনৈতিক পটপরিবর্তন পশ্চিমবঙ্গের জন্য বেশ গুরুত্বপূর্ণ।
বাংলাদেশের সাধারণ নির্বাচনের গণনা চলছে। সময় যত গড়াচ্ছে, ততই আসনসংখ্যা বাড়ছে বিএনপি-র। ফলে বিএনপি যে সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করতে চলেছে, ভোটগণনা সেই ইঙ্গিতই দিচ্ছে। বাংলাদেশ জাতীয় সংসদের ৩০০ আসনের মধ্যে ২৯৯টিতে নির্বাচন হয়েছে বৃহস্পতিবার। শেরপুর-৩ আসনে এক প্রার্থীর মৃত্যুর কারণে ভোট স্থগিত রয়েছে। সরকার গঠনের জন্য কোনও দল বা জোটকে ১৫১টি আসনে জিততে হবে।