Advertisement
E-Paper

কেন্দ্রীয় বাহিনী আসার আগেই রাজ্য পুলিশের ৬ কোম্পানি ‘বিশেষ’ বাহিনী নামাচ্ছে নির্বাচন কমিশন

সুপ্রিম কোর্টের নির্দেশের পর প্রতি জেলার জন্য রাজ্য নির্বাচন কমিশন এক কোম্পানি করে কেন্দ্রীয় বাহিনী চেয়েছে। এরই মধ্যে রাজ্য পুলিশের বিশেষ বাহিনী নিচ্ছে কমিশন।

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ২১ জুন ২০২৩ ১৪:১৪
Image of Central Force.

নতুন উদ্যোগ কমিশনের। ছবি: আনন্দবাজার আর্কাইভ।

গোটা রাজ্যে কেন্দ্রীয় বাহিনী দিয়েই পঞ্চায়েত নির্বাচন করতে হবে। হাই কোর্টের এই নির্দেশ সুপ্রিম কোর্টও বহাল রেখেছে। শীর্ষ আদালতের এই নির্দেশ পাওয়ার পরেই রাজ্য নির্বাচন কমিশন প্রতি জেলার জন্য এক কোম্পানি করে বাহিনী চেয়েছে কেন্দ্রের কাছে। সেই বাহিনী রাজ্যে এসে পৌঁছনোর আগেই রাজ্য পুলিশের বিশেষ বাহিনী নামানো হচ্ছে। ছয় কোম্পানি বিশেষ প্রশিক্ষিত বাহিনী (স্পেশালাইজ়ড ফোর্স)-র কথা বলা হলেও তাতে কোন স্তরের পুলিশকর্মী রয়েছেন তার উল্লেখ নেই। রাজ্য পুলিশের নির্দেশে বলা হয়েছে, নির্বাচন কমিশন প্রাথমিক ভাবে যে সব স্পর্শকাতর এলাকা চিহ্নিত করেছে, সেখানে এখনই ছয় কোম্পানি বিশেষ বাহিনী পাঠাতে হবে।

কোন কোন জেলায় এই বাহিনী যাবে তা-ও পুলিশের পক্ষে জানানো হয়েছে। বাহিনী যাবে তিনটি প্রশাসনিক জেলা কোচবিহার, বীরভূম এবং পূর্ব মেদিনীপুরে। এ ছাড়াও তিনটি পুলিশ জেলা মুর্শিদাবাদ, বারুইপুর এবং ইসলামপুরে যাবে এই বিশেষ বাহিনী। নবান্ন সূত্রে জানা গিয়েছে, বিশেষ প্রশিক্ষণ প্রাপ্ত পুলিশকর্মীদের নিয়েই এই বিশেষ সশস্ত্র বাহিনী তৈরি।

প্রসঙ্গত, পঞ্চায়েত নির্বাচনের মনোনয়ন পর্বে সবচেয়ে বেশি গোলমাল হয়েছে দক্ষিণ ২৪ পরগনা জেলার ভাঙড়ে। এই এলাকা আবার বারুইপুর পুলিশ জেলার অন্তর্গত। এ ছাড়াও মনোনয়ন পর্বে অশান্তি হয়েছে কোচবিহার এবং মুর্শিদাবাদেও। সেখানেও রাজ্য পুলিশের এই বিশেষ বাহিনী পাঠানো হচ্ছে। কমিশনের পক্ষে আগেই জানানো হয়েছিল, স্পর্শকাতর এলাকার জন্য বিশেষ নিরাপত্তার কথা চিন্তাভাবনার মধ্যে রয়েছে। আগেই চারটি রাজ্য থেকে পুলিশ আনার কথা বলা হয়েছিল। এর পরে সুপ্রিম কোর্টের নির্দেশে কেন্দ্রীয় বাহিনী চাওয়া হয়েছে। এ নিয়ে বিরোধীরা সরব। তাদের প্রশ্ন, জেলাপিছু মাত্র এক কোম্পানি করে কেন্দ্রীয় বাহিনী আনার পরিকল্পনা কেন নিয়েছে কমিশন?

West Bengal Panchayat Election 2023 central forces West Bengal
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy