Advertisement
E-Paper

ট্রাম্পের সঙ্গে খুনি খলনায়ককে মেলালেন পরিচালক

মার্কিন লেখক স্টিফেন কিংয়ের লেখা ১৯৮৬-র উপন্যাস ইট-কেই পর্দায় এনেছিলেন মুসজিয়েটি।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৩ সেপ্টেম্বর ২০১৯ ০৪:৪৩
আর্জেন্তিনীয় পরিচালক অ্যান্ডি মুসজিয়েটি। ছবি: সংগৃহীত।

আর্জেন্তিনীয় পরিচালক অ্যান্ডি মুসজিয়েটি। ছবি: সংগৃহীত।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তাঁরই ছবির এক খলনায়কের চরিত্রের তুলনা করলেন আর্জেন্তিনীয় পরিচালক অ্যান্ডি মুসজিয়েটি। হলিউডের ভয়ের ছবি ‘ইট’ সিরিজ পরিচালনা করেছেন অ্যান্ডি। সম্প্রতি মুক্তি পেয়েছে এই সিরিজের দ্বিতীয় ছবি, ‘ইট চ্যাপ্টার টু’। মুক্তির প্রথম দু’দিনেই সমস্ত রেকর্ড ভেঙে ফেলেছে এই ছবিটি। ট্রাম্পের অন্যতম সমালোচক হিসেবে পরিচিত এই পরিচালক সাংবাদিকদের স্পষ্টই জানিয়েছেন, ‘ইট’-এর কুখ্যাত ‘পেনিওয়াইজ, দ্য ডান্সিং ক্লাউন’ চরিত্রটির সঙ্গে বাস্তবেও এক জনের প্রচুর মিল রয়েছে। তিনি আর কেউই নন, স্বয়ং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প!

মার্কিন লেখক স্টিফেন কিংয়ের লেখা ১৯৮৬-র উপন্যাস ইট-কেই পর্দায় এনেছিলেন মুসজিয়েটি। কল্পবিজ্ঞান, ভৌতিক ও রহস্য-রোমাঞ্চ লেখক স্টিফেনের গল্প গোটা বিশ্বে খুবই জনপ্রিয়। একই ভাবে জনপ্রিয়তা পেয়েছে মুসজিয়েটির ছবি ‘ইট’-ও। পরিচালকের বক্তব্য, খুনি পেনিওয়াইজের সঙ্গে ট্রাম্পের নানা বিষয়ে মিল রয়েছে। বেছে বেছে শিশুদের নিজের শিকার বানাত পর্দার পেনিওয়াইজ। এবং তাকে বাড়ির বড়রা দেখতে পেতেন না। সাতাশ বছর অন্তর এক বার করে পুনর্জন্ম হত খুনি এই জোকারের। ট্রাম্পের সঙ্গে এ হেন পেনিওয়াইজের মতো একটি চরিত্রের তুলনা টানায় অনেকেই বিস্মিত। কিন্তু পরিচালক তাঁর নিজের বক্তব্যে অনড়।

ট্রাম্পের প্রসঙ্গ উল্লেখ করে পরিচালক বলেছেন, ‘‘জানেন? উনি ঠিক সেটাই করেন, যেটা পেনিওয়াইজ করে থাকে।’’ মুসজিয়েটির ব্যাখ্যা, গল্পের নায়কদের মধ্যে বিভাজন তৈরি করে তাদের দমিয়ে রাখতে চায় পেনিওয়াইজ। তাদেরকে একে অপরের বিরুদ্ধে লড়তে বাধ্যও করে যাতে সে নিজে জয় পায়। তিনি বলেছেন, ‘‘একই ভাবে উনি (ট্রাম্প) জেতেন। উনি জিততে চান এবং সকলকে ধ্বংস করতে চান।’’

Andres Muschietti Donald Trump
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy