বাংলাদেশে নতুন সরকার গঠনের পরে এ বার রদবদল করা হল বাংলাদেশের সেনাবাহিনীতে। বাংলাদেশি সেনার বেশ কিছু শীর্ষপদে রদবদল করা হয়েছে। সে দেশের প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে খবর, রবিবার বিকেলেই এই সংক্রান্ত নির্দেশিকা জারি করেছে বাংলাদেশি সেনার সদর দফতর। পদোন্নতি হয়েছে দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনে কর্মরত এক সেনাকর্তারও।
বাংলাদেশ সেনার নতুন চিফ অফ জেনারেল স্টাফ করা হয়েছে লেফটেন্যান্ট জেনারেল মইনুর রহমানকে। তিনি এত দিন বাংলাদেশি সেনার আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ডে ছিলেন। আর্মড ফোর্সেস ডিভিশনের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল এসএম কামরুল হাসানকে বিদেশ মন্ত্রকে পাঠানো হয়েছে। জানা যাচ্ছে, কোনও দেশে রাষ্ট্রদূত হিসাবে নিযুক্ত করার জন্য বিদেশ মন্ত্রকে বদলি করা হয়েছে তাঁকে।
বাংলাদেশি সেনার নতুন প্রিন্সিপাল স্টাফ অফিসার করা হয়েছে মেজর জেনারেল মীর মুশফিকুর রহমানকে। তিনি এত দিন পদাতিক বাহিনীর ২৪তম ডিভিশনে ছিলেন। মেজর জেনারেল জেএম ইমদাদুল ইসলামকে পদাতিক বাহিনীর ৫৫তম ডিভিশন থেকে পাঠানো হয়েছে ইস্টবেঙ্গল রেজিমেন্টাল সেন্টারে। মেজর জেনারেল ফিরদৌস হাসানকে ইস্টবেঙ্গল রেজিমেন্টাল সেন্টারের কমান্ড্যান্ট পদ থেকে পদাতিক বাহিনীর ২৪তম ডিভিশনের দায়িত্বে পাঠানো হয়েছে।
আরও পড়ুন:
পদোন্নতি পেয়েছেন দিল্লিতে বাংলাদেশি হাইকমিশনে কর্মরত এক সেনাকর্তাও। বাংলাদেশি সেনার ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ হাফিজুর রহমান এত দিন দিল্লিতে বাংলাদেশি হাই কমিশনে কর্মরত ছিলেন। তাঁকে পদোন্নতি দিয়ে মেজর জেনারেল করা হয়েছে। বাংলাদেশের পদাতিক বাহিনীর ৫৫তম ডিভিশনের দায়িত্ব দেওয়া হয়েছে তাঁকে।
কী কারণে এই রদবদল করা হয়েছে, তা এখনও স্পষ্ট নয়। যদিও সে দেশের প্রতিরক্ষা মন্ত্রকের একাংশ, এগুলিকে একটি রুটিন বদলি বলেই ব্যাখ্যা করছেন। তবে নতুন সরকার গঠনের পর পরই বাংলাদেশের সেনার এই রদবদলগুলি বেশ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন অনেকে।