Advertisement
E-Paper

দুই তারকার দুই কীর্তি! রেফারির দিকে তেড়ে গেলেন মেসি, নজির রোনাল্ডোর, ট্রাম্প বললেন, ‘তুমিই সর্বকালের সেরা’

একই দিনে দুই তারকাকে দু’ভাবে দেখা গেল। রেগে গিয়ে রেফারির দিকে তেড়ে গেলেন লিয়োনেল মেসি। অন্য দিকে, আল নাসেরের হয়ে জোড়া গোল করে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশংসা পেলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২২ ফেব্রুয়ারি ২০২৬ ১৯:২৫
football

(বাঁ দিকে) লিয়োনেল মেসি। ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (ডান দিকে)। ছবি: রয়টার্স।

একই দিনে ফুটবল মাঠে দুই তারকাকে দু’ভাবে দেখা গেল। মেজর লিগ সকারের (এমএলএস) নতুন মরসুমে প্রথম ম্যাচেই হারল ইন্টার মায়ামি। রেগে গিয়ে রেফারির দিকে তেড়ে গেলেন লিয়োনেল মেসি। অন্য দিকে, আল নাসেরের হয়ে জোড়া গোল করে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশংসা পেলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো।

শনিবার থেকে শুরু হয়েছে এমএলএস। প্রথম ম্যাচেই লস অ্যাঞ্জেলেসের কাছে ০-৩ গোলে হেরেছে মায়ামি। ম্যাচে অনেক বার বিপক্ষের ফুটবলারেরা ফাউল করেছেন মেসিকে। তাতে আর্জেন্টিনার ফুটবলারকে মেজাজ হারাতে দেখা গিয়েছে। রেফারির সঙ্গে তর্ক করেছেন তিনি। সেই রেশ থাকে ম্যাচের পরেও। রেফারিরা যখন নিজেদের ঘরে ঢুকছেন তখন মেসিকে তেড়ে যেতে দেখা যায়। কোনও মতে তাঁকে আটকান লুই সুয়ারেজ়। পরে বাকিরাও এসে আটকে দেন মেসিকে।

হ্যামস্ট্রিংয়ে চোটের পর নেমেছিলেন মেসি। কিন্তু তাঁকে স্বাভাবিক ছন্দে দেখা যায়নি। বার বার বল হারিয়েছেন। বিপক্ষের সন হিউং মিন নজর কেড়েছেন।

এ দিকে, আল নাসের কর্তৃপক্ষের সঙ্গে বিবাদ মিটিয়ে রোনাল্ডো এখন খেলায় মন দিয়েছেন। আল হাজ়মের বিরুদ্ধে তিনি জোড়া গোল করেছেন। দল জিতেছে ৪-০ গোলে। ১৩ এবং ৭৯ মিনিটে গোল দু’টি করেন রোনাল্ডো। কেরিয়ারে ৯৬৪টি গোল হয়ে গেল তাঁর।

ম্যাচের পর রোনাল্ডো বলেছেন, “আমরা অনেক সুযোগ তৈরি করেছি। আরও গোল করা উচিত ছিল। তবে জিতেছি এটাই সবচেয়ে বড় ব্যাপার। আরও এক বার গোল খেলাম না। আমি ফলাফলে খুব খুশি।”

ওভাল অফিস থেকে একটি বার্তায় ট্রাম্প বলেছেন, “রোনাল্ডো, তুমিই সর্বকালের সেরা। আমরা দ্রুত তোমায় আমেরিকায় দেখতে চাই। তৈরি হও।” উল্লেখ্য, মেসি আমেরিকার লিগে খেললেও তাঁকে নিয়ে কিছু বলেননি ট্রাম্প।

Lionel Messi Cristiano Ronaldo Donald Trump
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy