বাংলাদেশে দুই আলফার যাবজ্জীবন
নিজস্ব সংবাদদাতা • ঢাকা
ভারতের জঙ্গি সংগঠন আলফার নেতা রঞ্জন চৌধুরী ওরফে মেজর রঞ্জন এবং তাঁর বাংলাদেশি সহযোগী প্রদীপ মারাককে আজ যাবজ্জীবন কারাদণ্ড দিল কিশোরগঞ্জের একটি আদালত। ২০১০-এর জুলাই মাসে আলফা নেতা রঞ্জন ও তাঁর সাগরেদকে কিশোরগঞ্জের ভৈরবের লক্ষ্মীপুর থেকে গ্রেফতার করা হয়। তাঁদের কাছ থেকে তখন একটি বিদেশি পিস্তল, রিভলবার, গুলি ও চারটি গ্রেনেড উদ্ধার করা হয়েছিল। তাঁদের বিরুদ্ধে অস্ত্র, বিস্ফোরক, অবৈধ অনুপ্রবেশ ও সন্ত্রবিরোধী আইনে চারটি মামলা রুজু করা হয়। রঞ্জনকে অস্ত্র এবং সন্ত্রাস— এই দুটি মামলায় দোষী সাব্যস্ত করেছে আদালত। কিন্তু অস্ত্র মামলায় ছাড়া পেয়ে যায় প্রদীপ। যাবজ্জীবন সাজার পাশাপাশি দুই আসামিকে ২০ হাজার টাকা জরিমানা এবং তা না মিললে আরও ছ’মাসের সশ্রম কারাদণ্ড দিয়েছেন কিশোরগঞ্জের জেলা ও দায়রা আদালতের বিচারক।
গ্রেফতার পাক সুপারমডেল
সংবাদ সংস্থা • ইসলামাবাদ
টাকা পাচারের অভিযোগে গত মাসে গ্রেফতার করা হয় পাকিস্তানের সুপারমডেল আয়ান আলিকে। বিষয়টি প্রকাশ্যে এসেছে সোমবার। গত ১৪ মার্চ মাঝরাতে ইসলামাবাদের আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছন আলি। যথেষ্ট জনপ্রিয় এই মডেল ভক্তদের বাড়াবাড়ি এড়াতে মাঝরাতে যাত্রা ঠিক করেছিলেন। কিন্তু ভক্ত নয়, আয়ান আলির জন্য বিমানবন্দরে অপেক্ষা করছিল পুলিশ। তারা আয়ানের মালপত্র তল্লাশি করতে চায়। পুলিশের দাবি, তখনই দেখা যায় ৫ লক্ষ ডলার ঠাসা রয়েছে একটি ছোট স্যুটকেসে। ওই অর্থ সম্পর্কে সদুত্তর না পেয়ে পাক মডেলকে গ্রেফতার করা হয়। পাক সংবাদমাধ্যম জানাচ্ছে, দেশের এক গুরুত্বপূর্ণ নেতার ভাইয়ের কাছ থেকে ওই টাকা তিনি পেয়েছিলেন বলে পুলিশের কাছে স্বীকার করেছেন আলি।
জার্মানউইঙ্গস দুর্ঘটনার উদ্ধার পর্ব শেষ
সংবাদ সংস্থা • বার্লিন
ঠান্ডা মাথায় পরিকল্পনা করেই বিমান নিয়ে আল্পসে ঝাঁপ মারেন জার্মানউইঙ্গসের এ৩২০-র কো-পাইলট অ্যান্ড্রিয়াস লুবিৎজ। ব্ল্যাক বক্স থেকে পাওয়া তথ্য, লুবিৎজের ফ্ল্যাটে তল্লাশি ও বন্ধুবান্ধবদের সঙ্গে কথা বলে এমনই ছবি এসেছে তদন্তকারীদের হাতে। দু’সপ্তাহ আগের দুর্ঘটনায় বিমানের দেড়শো যাত্রীর দেহ কয়েকশো টুকরো হয়ে ছড়িয়ে পড়েছিল আল্পসে। সেই দেহাবশেষ উদ্ধারের কাজ শেষ হয়েছে। তা থেকে ডিএনএ সংগ্রহ করে পরীক্ষার মাধ্যমে মৃতদের পরিচয় জানার কাজ চলছে।
ঘূর্ণিঝড়ের আশঙ্কায়
সংবাদসংস্থা • ম্যানিলা
ঘূর্ণিঝড় মায়সাক-এর আশঙ্কায় ফিলিপিন্সের অরোরা প্রদেশ থেকে সরিয়ে নিয়ে আসা হল ২৪,০০০ মানুষকে। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, ফিলিপিন্সের উত্তরপূর্ব উপকূল বরাবর রবিবার আছড়ে পড়তে চলেছে ভয়াবহ ঘূর্ণিঝড় মায়সাক। যার গতিবেগ থাকবে ঘণ্টায় ১৬০ কিলোমিটার। ঘূর্ণিঝড়ের প্রভাবে হড়পা বান এবং ধসের সতর্কতাও জারি হয়েছে। জলোচ্ছাসের সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছেন না আবহাওয়াবিদরা। দু’মিটার পযর্ন্ত উচ্চতার ঢেউ উপকূলে আছড়ে পড়তে পারে বলে জানানো হয়েছে।
ভারত সফর
সংবাদসংস্থা • পেন্টাগন
প্রতিরক্ষা ক্ষেত্রে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে মে মাসে ভারতে আসছেন মার্কিন প্রতিরক্ষা সচিব অ্যাসটন কার্টার। শুক্রবার পেন্টাগনের তরফে বিবৃতিতে কার্টারের ভারত সফরের কথা ঘোষণা করেছে।