বালোচিস্তানে গত ৪০ ঘণ্টা ধরে অভিযান চালিয়ে ১৪৫ জন জঙ্গিকে নিকেশ করেছে পাকিস্তানের নিরাপত্তাবাহিনী। এমনটাই জানালেন সে দেশের বালোচিস্তান প্রদেশের মুখ্যমন্ত্রী সরফরাজ বুগতি। তিনি জানিয়েছেন, নিহতদের কেউ কেউ শুক্র এবং শনিবার তল্লাশির সময় প্রাণ হারিয়েছে। বাকিরা অভিযানে নিকেশ হয়েছে।
শনিবার সেনা জানিয়েছিল, আফগানিস্তান, ইরান সংলগ্ন বালোচিস্তানে সে দিন পর্যন্ত ৯২ জন জঙ্গি নিহত হয়েছে। এত কম সময়ে এত জন জঙ্গি সাম্প্রতিককালে নিহত হয়নি বলে দাবি বুগতির। তিনি আরও জানিয়েছেন, অভিযান ১৭ জন রক্ষী এবং ৩১ জন নাগরিক প্রাণ হারিয়েছেন।
পাকিস্তানের সবচেয়ে গরিব প্রদেশ হল এই বালোচিস্তান। সেখানে এক দিকে যেমন সক্রিয় রয়েছে বিচ্ছিন্নতাবাদী বালোচ লিবারেশন আর্মি (বিএলএ), অন্য দিকে সেখানে ঘাঁটি রয়েছে তেহরিক-ই-তালিবান পাকিস্তান (টিটিপি)-এর। পাক সেনার অভিযানের মাঝে প্রত্যাঘাত করেছে বিএলএ। শনিবার পাকিস্তান সেনা দাবি করেছে, এই প্রত্যাঘাত করছে ‘ভারতের মদতপুষ্ট জঙ্গি’। তাদের বিবৃতিতে দাবি, ‘‘ভারতের মদতপুষ্ট জঙ্গিদের খতম করতে বালোচিস্তানের বিভিন্ন এলাকায় শুদ্ধিকরণ অভিযান চলছে। আমাদের আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে।’’ ভারতীয় বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছেন, এই অভিযোগ ভিত্তিহীন। ওই অঞ্চলের মানুষজনের দাবিদাওয়ার দিকে পাকিস্তানের নজর দেওয়া উচিত বলেও জানান তিনি।
আরও পড়ুন:
পাকিস্তানের বৃহত্তম প্রদেশ বালোচিস্তান প্রাকৃতিক ভাবে সবচেয়ে সম্পদশালী। কিন্তু ধীরে ধীরে তা বেহাত হয়ে যাচ্ছে। ‘চিন-পাকিস্তান অর্থনৈতিক করিডর’ (সিপিইসি) তৈরির পরে গত কয়েক বছরে সেই লুট আরও বেড়েছে। তার বিরুদ্ধেও লড়াই করছে বিএলএ-র মতো বালোচ গোষ্ঠীগুলি।