দলাই লামা গ্র্যামি পুরস্কার পাওয়ায় ক্ষুব্ধ চিন। বেজিঙের দাবি, দলাই লামা কোনও ধর্মীয় ব্যক্তিত্ব নন। তাঁকে ‘পলাতক রাজনীতিক’ বলে নিশানা শানিয়ে চিনের দাবি, ধর্মের আড়ালে চিনবিরোধী কার্যকলাপ চালিয়ে যাচ্ছেন দলাই লামা।
দলাই লামার পুরস্কারপ্রাপ্তি নিয়ে সোমবার প্রশ্ন করা হয় চিনের বিদেশ মন্ত্রকের মুখপাত্র লি জিয়ানকে। উত্তরে চিনা বিদেশ মন্ত্রকের মুখপাত্র দাবি করেন, ধর্মের নামে বিচ্ছিন্নতাবাদী কার্যকলাপ চালিয়ে যাচ্ছেন এই দলাই লামা। বেজিঙের ওই সাংবাদিক বৈঠকে জিয়ান বলেন, “দলাই লামা কোনও ধর্মীয় ব্যক্তিত্ব নন। তিনি এক জন পলাতক রাজনীতিক। তিনি ধর্মের আড়ালে চিনবিরোধী এবং বিচ্ছিন্নতাবাদী কার্যকলাপ চালিয়ে যাচ্ছেন।”
প্রায় ছ’দশক আগে অধুনা চিন অধিকৃত তিব্বত থেকে গোপনে ভারতে এসে আশ্রয় নিয়েছিলেন চতুর্দশ দলাই লামা তেনজিং গ্যাৎসো। তখন তাঁর বয়স মাত্র ২৪ বছর। তাঁর সঙ্গেই চিন-অধিকৃত তিব্বত ছেড়ে পালিয়ে এসেছিলেন তাঁর পরিজন ও অনুগামীরা। হিমাচল প্রদেশের ধর্মশালা-সহ ভারতের বিভিন্ন এলাকায় ঠাঁই পেয়েছিলেন কয়েক হাজার তিব্বতি বৌদ্ধ। এখন হিমাচলের ধর্মশালায় থাকেন তিনি।
আরও পড়ুন:
‘মেডিটেশনস: দ্য রিফ্লেকশনস অফ হিস হোলিনেস দ্য দলাই লামা’— এই অ্যালবামের জন্য তাঁকে পুরস্কৃত করা হয়েছে। সেরা অডিয়ো বুক বিভাগে পুরস্কৃত হয়েছে দলাই লামার এই অ্যালবামটি। এটি পুরোদস্তুর গানের অ্যালবাম নয়। এখানে রয়েছে দলাই লামার বার্তা, উপদেশ এবং বাণী। দলাই লামার বাণীর সঙ্গে রয়েছে আবহসঙ্গীত, যাতে সঙ্গত করেছেন প্রখ্যাত সরোদশিল্পী আমজাদ আলি খান এবং তাঁর দুই পুত্র আমান আলি বাঙ্গাশ ও আয়ান আলি বাঙ্গাশ।
এই অডিয়ো অ্যালবামে মূলত বিশ্বশান্তি, ধৈর্য, দয়া এবং আশার কথা শুনিয়েছেন দলাই লামা। রবিবার আমেরিকার লস অ্যাঞ্জেলেসে তাঁর হয়ে পুরস্কার গ্রহণ করেন সঙ্গীতশিল্পী রুফাস ওয়েনরাইট।