Advertisement
E-Paper

ট্রাম্প ও মামদানির ‘ফলপ্রসূ’ বৈঠক, কী কী নিয়ে আলোচনা হল দুই নেতার

বৃহস্পতিবার স্থানীয় সময় দুপুর ১টা নাগাদ দুই নেতার বৈঠকের সময়ে উপস্থিত ছিলেন মামদানির বেশ কয়েকজন উপদেষ্টাও। হোয়াইট হাউসে বৈঠক সংক্রান্ত পোস্টের কিছুক্ষণ পরেই মামদানি আরও একটি পোস্ট করেন।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৭ ফেব্রুয়ারি ২০২৬ ০৪:০৭
(বাঁ দিকে) ডোনাল্ড ট্রাম্প এবং জ়োহরান মামদানি (ডান দিকে)।

(বাঁ দিকে) ডোনাল্ড ট্রাম্প এবং জ়োহরান মামদানি (ডান দিকে)। ছবি: সংগৃহীত।

মাত্র দু’দিন আগেই বক্তব্য পেশ করার সময়ে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিউ ইয়র্কের মেয়র জ়োহরান মামদানির উদ্দেশে বলেছিলেন, ‘‘ভাল মানুষ কিন্তু নীতি খারাপ’’। তার পরে বৃহস্পতিবার বৈঠক হল দুই নেতার। ওভাল অফিসের বৈঠককে ‘ফলপ্রসূ’ বলে দাবি করেছেন মেয়র। ওই বৈঠকের পরে আবারও ফোনে কথা হয় দুই নেতার।

ওভাল অফিসে দু’জনের ছবি সমাজমাধ্যমে পোস্ট করেন মামদানি। ছবিতে দেখা যায়, আমেরিকার প্রেসিডেন্টের দু’হাতে সে দেশের সংবাদপত্র ‘ডেইলি নিউজ’-এর আদলে ছাপানো দু’টি কাগজ। তার একটিতে শিরোনাম লেখা শহরের উদ্দেশে ট্রাম্প বলেছেন, ‘তৈরি করা যাক।’ মামদানি লিখেছেন, ‘নিউ ইয়র্ক সিটিতে আরও আবাসন নির্মাণের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি।’

জানা গিয়েছে, বৃহস্পতিবার স্থানীয় সময় দুপুর ১টা নাগাদ দুই নেতার বৈঠকের সময়ে উপস্থিত ছিলেন মামদানির বেশ কয়েক জন উপদেষ্টাও। হোয়াইট হাউসে বৈঠক সংক্রান্ত পোস্টের কিছুক্ষণ পরেই মামদানি আরও একটি পোস্ট করেন। তাতে লেখা, বৃহস্পতিবার কলম্বিয়ার যে ছাত্রী (এলাইনা আগায়েভা)কে আটক করা হয়েছে তাঁর সম্পর্কে ফোনে কথা হয়েছে ট্রাম্প ও মামদানির। প্রেসিডেন্ট প্রতিশ্রুতি দিয়েছেন, পড়ুয়াকে দ্রুত মুক্তি দেওয়া হবে। সংবাদমাধ্যম সিএনএন সূত্রে খবর, ইতিমধ্যেই ওই ছাত্রীকে মুক্তি দেওয়া হয়েছে। প্রসঙ্গত, শিক্ষাপ্রতিষ্ঠানের দাবি, অভিবাসন দফতরের (আইসিই) কর্তারা ‘ছলচাতুরি’ করে হস্টেলে প্রবেশ করে ওই ছাত্রীকে আটক করেছিলেন।

Advertisement

সম্প্রতি নিউ ইয়র্কে তুষারঝড়ের ফলে জমে থাকা বরফ পরিষ্কারের নীতি প্রসঙ্গে মামদানির সমালোচনা করেছিলেন ট্রাম্প। তার পরে ফের দুই নেতাকে দেখা গেল হাসিমুখে বৈঠক করতে। এর আগেও নিউ ইয়র্কের মেয়র নির্বাচনের সময়ে একে অপরকে আক্রমণ শানিয়েছিলেন দুই নেতা। তবে পরবর্তী কালে বৈঠকে দু’জনকে হাসিমুখেই দেখা গিয়েছিল। সে বারেও দু’জনেই দাবি করেছিলেন, নিউ ইয়র্কের উন্নয়নের জন্য তাঁরা একসঙ্গে কাজ করবেন।

new york USA
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy