Advertisement
E-Paper

হরমুজ় প্রণালীর অবরোধ তুলতে আমেরিকাকে সাহায্য না করলে নেটো-র হাল ‘খুব খারাপ’ হবে! সদস্যদের হুঁশিয়ারি ট্রাম্পের

চিন, ফ্রান্স এবং ব্রিটেনকে হরমুজ় প্রণালীতে যুদ্ধজাহাজ পাঠানোর আহ্বানও জানিয়েছেন ট্রাম্প। এই পরিস্থিতিতে তাঁর হুঁশিয়ারি, নেটো-র সদস্য রাষ্ট্রগুলি তাঁর আহ্বানে সাড়া না-দিলে সামরিক জোটটির ভবিষ্যৎ খারাপ হবে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৬ মার্চ ২০২৬ ১৮:৫৯
ডোনাল্ড ট্রাম্প।

ডোনাল্ড ট্রাম্প। —ফাইল চিত্র।

এ বার আমেরিকার নেতৃত্বাধীন সামরিক জোট নেটো-র পরিণতি খুব খারাপ হবে বলে হুঁশিয়ারি দিলেন স্বয়ং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প! হরমুজ় প্রণালীর অবরোধ তুলতে ইতিমধ্যেই সামরিক অভিযান চালানোর ইঙ্গিত দিয়েছেন ট্রাম্প। চিন, ফ্রান্স এবং ব্রিটেনকে হরমুজ় প্রণালীতে যুদ্ধজাহাজ পাঠানোর আহ্বানও জানিয়েছেন তিনি। এই পরিস্থিতিতে তাঁর হুঁশিয়ারি, নেটো-র সদস্য রাষ্ট্রগুলি তাঁর আহ্বানে সাড়া না-দিলে সামরিক জোটটির ভবিষ্যৎ খারাপ হবে।

ব্রিটিশ সংবাদমাধ্যম ‘ফিনানশিয়াল টাইম্‌স’-কে দেওয়া একটি সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, “যাঁরা হরমুজ় প্রণালীর সুবিধাভোগী, তাঁদের সাহায্য করা উচিত। দেখা উচিত যাতে সেখানে খারাপ কিছু না-হয়। যদি তাঁদের তরফে কোনও সাড়া না-মেলে কিংবা নেতাবাচক জবাব আসে, তা হলে আমার মনে হয় নেটো-র ভবিষ্যতের জন্য তা খুব খারাপ হবে।” সাক্ষাৎকারে ট্রাম্প স্মরণ করিয়ে দেন যে, চিন কিংবা ইউরোপের দেশগুলি উপসাগরীয় দেশগুলির উপর নির্ভরশীল। কিন্তু আমেরিকা তা নয়। অর্থাৎ, হরমুজ় প্রণালী যে এই দেশগুলির কাছে বেশি গুরুত্বপূর্ণ, তা বোঝানোর চেষ্টা করেন ট্রাম্প।

উত্তর আমেরিকা এবং ইউরোপের ৩১টি দেশের সামরিক জোট হল নেটো। নিয়ম অনুযায়ী, নেটোর সদস্যরাষ্ট্রগুলির মধ্যে কোনও দেশ আক্রান্ত হলে, তা সামরিক জোটের সকলের উপর আঘাত হিসাবে ধরে নেওয়া হয়। ট্রাম্প অবশ্য একাধিক বার অভিযোগ করেছেন যে, আমেরিকার অর্থে ইউরোপের দেশগুলি নিজেদের সুরক্ষাবলয় তৈরি করছে। প্রসঙ্গত, আমেরিকা এবং ইজ়রায়েলের সঙ্গে যুদ্ধ শুরু হওয়ার পর পারস্য এবং ওমান উপসাগরের মধ্যবর্তী হরমুজ় প্রণালী ‘অবরোধ’ করেছে ইরান। পণ্যবাহী জাহাজ, ট্যাঙ্কার লক্ষ্য করে হামলা চালাচ্ছে তারা। বিশ্বে রফতানিযোগ্য এক-পঞ্চমাংশ তেল হরমুজ় প্রণালী হয়েই বিভিন্ন দেশে যায়। ফলে এই প্রণালীতে অবরোধের জেরে বিশ্বে জ্বালানি বাজারে ডামাডোল শুরু হয়েছে। এই পরিস্থিতিতে হরমুজ়ের অবরোধ তুলতে সামরিক অভিযানের কথা ভাবছে আমেরিকা।

Donald Trump NATO Strait of Hormuz
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy