Advertisement
E-Paper

মন্ত্রক বণ্টনের পর বাংলাদেশের নতুন মন্ত্রিসভার প্রথম বৈঠক বুধবারেই, সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ তারেকের

বুধবার সন্ধ্যা সাড়ে ৬টায় (ভারতীয় সময় অনুসারে সন্ধ্যা ৬টা) জাতির উদ্দেশে ভাষণ দেবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানে তিনি তাঁর সরকারের পরিকল্পনা এবং রূপরেখার কথা জানাতে পারেন বলে মনে করা হচ্ছে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৮ ফেব্রুয়ারি ২০২৬ ১৪:৩৬
তারেক রহমান।

তারেক রহমান। ছবি: রয়টার্স।

বাংলাদেশের নবগঠিত মন্ত্রিসভার প্রথম বৈঠকটি হতে চলেছে বুধবার দুপুরে। বাংলাদেশ সচিবালয়ে নতুন মন্ত্রীদের সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার পর বিভিন্ন মন্ত্রকের সচিবদের সঙ্গেও দেখা করার কথা রয়েছে তাঁর। সন্ধ্যা সাড়ে ৬টায় (ভারতীয় সময় অনুসারে সন্ধ্যা ৬টা) জাতির উদ্দেশে ভাষণ দেবেন তারেক। সেখানে তিনি তাঁর সরকারের পরিকল্পনা এবং রূপরেখার কথা জানাতে পারেন বলে মনে করা হচ্ছে।

মঙ্গলবার বেলায় বাংলাদেশের নবনির্বাচিত সংসদ সদস্যেরা শপথ নেন। দুপুরে সংসদ ভবনের দক্ষিণ প্লাজ়ায় শপথ নেন প্রধানমন্ত্রী তারেক এবং অন্য মন্ত্রীরা। প্রধানমন্ত্রী তারেক ছাড়াও মন্ত্রিসভায় রয়েছেন ২৫ জন পূর্ণমন্ত্রী এবং ২৪ জন প্রতিমন্ত্রী। মঙ্গলবার রাতেই আনুষ্ঠানিক ভাবে মন্ত্রীদের মন্ত্রক বণ্টন করা হয়। তার পর বাংলাদেশের মন্ত্রিপরিষদ বিভাগের তরফে এই বিষয়ে বিজ্ঞপ্তি জারি করা হয়।

বিজ্ঞপ্তি অনুযায়ী, বাংলাদেশের নতুন বিদেশমন্ত্রী হয়েছেন খলিলুর রহমান। অন্তর্বর্তী সরকারের আমলে মুহাম্মদ ইউনূসের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ছিলেন খলিলুর। বিএনপি-র স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদকে স্বরাষ্ট্র মন্ত্রকের দায়িত্ব দেওয়া হয়েছে। বিএনপি-র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রকের দায়িত্ব পেয়েছেন। বিএনপি-র স্থায়ী কমিটির আর এক সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী অর্থ ও পরিকল্পনামন্ত্রী হয়েছেন। বিএনপির ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরীকে দেওয়া হয়েছে সংস্কৃতি মন্ত্রকের দায়িত্ব। প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের হাতে থাকছে জনপ্রশাসন, প্রতিরক্ষা মন্ত্রকের দায়িত্ব।

বুধবার সকালে ঢাকার সাভারে বাংলাদেশের জাতীয় স্মৃতিসৌধে যান তারেক। সেখানে মুক্তিযুদ্ধের শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন তিনি। তারেকের সঙ্গে ছিলেন মন্ত্রিসভার অন্য সদস্যেরাও।

Bangladesh Cabinet Meeting bnp
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy