Advertisement
E-Paper

ইরানের নিশানায় এ বার মার্কিন গোয়েন্দারা! সৌদিতে সিআইএ-র দফতরে এক মিনিটের ব্যবধানে দু’বার ড্রোন হামলা

রিয়াধের মার্কিন দূতাবাসে রয়েছে সিআইএ-র দফতর। সেটি ব্যাপক ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে ইরানের দাবি। তবে এই হামলায় কারও মৃত্যু হয়েছে কি না, সেটা স্পষ্ট নয়।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৫ এপ্রিল ২০২৬ ১৪:৪৫
সিআইএ অফিসে হামলা ইরানের। ছবি: রয়টার্স।

সিআইএ অফিসে হামলা ইরানের। ছবি: রয়টার্স।

এ বার মার্কিন গোয়েন্দা দফতরকে নিশানা বানাল ইরান। এক মিনিটের ব্যবধানে পর পর দু’টি ড্রোন হামলায় কেঁপে ওঠে সিআইএ-র দফতর। ইরানের সরকারি সংবাদমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে, সৌদি আরবে মার্কিন দূতাবাসে সিআইএ-র দফতর লক্ষ্য করে হামলা চালানো হয়েছে শনিবার গভীর রাতে। প্রথমে হামলা চালানো হয় স্থানীয় সময় রাত দেড়টায়। তার এক মিনিটের মধ্যেই আরও একটি ড্রোন হামলা চালায়। এই হামলার জেরে মার্কিন গোয়েন্দার দফতর ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি ইরানের।

রিয়াধের মার্কিন দূতাবাসে রয়েছে সিআইএ-র দফতর। সেটি ব্যাপক ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে ইরানের দাবি। তবে এই হামলায় কারও মৃত্যু হয়েছে কি না, সেটা স্পষ্ট নয়। সৌদির প্রতিরক্ষা মন্ত্রকের তরফে অবশ্য দাবি করা হয়েছে, সিআইএ-র দফতরের খুব একটা ক্ষতি হয়নি। হামলার জেরে আগুন ধরে গিয়েছিল। তবে মার্কিন প্রশাসনের এক আধিকারিককে উদ্ধৃত করে ‘দ্য ওয়াল স্ট্রিট জার্নাল’-এর প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, মার্কিন দূতাবাসের একাংশ ব্যাপক ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। নিশ্ছিদ্র নিরাপত্তার ঘেরাটোপে থাকা মার্কিন দূতাবাসে সিআইএ-র দফতরে কী ভাবে ড্রোন হামলা, তা নিয়েই প্রশ্ন উঠতে শুরু করেছে।

প্রতিবেদন অনুযায়ী, মার্কিন ওই প্রশাসনিক আধিকারিকের দাবি, যদি দিনের বেলায় এই হামলা হত, তা হলে অনেক প্রাণহানি ঘটত। ইরানের সংবাদমাধ্যমে দাবি করা হয়েছে, এই ঘটনাই প্রমাণ করে দিল যে, আমেরিকানরা যেখানেই থাকুক না কেন, ইরান তাঁদের নাগাল পাবে। ওই রাতেই সৌদিতে মার্কিন কূটনীতিদের বাসভবনে হামলার চেষ্টা করে ইরান। দূতাবাস থেকে কয়েক মিটার দূরেই তাঁদের বাসভবন। কিন্তু সেই হামলা আটকে দেওয়া হয়েছে বলে দাবি সৌদির।

Advertisement
Iran US
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy