ইরানের যুদ্ধবিমান ইয়াক ১৩০-কে গুলি করে নামানোর দাবি করল ইজ়রায়েল। শুধু তা-ই নয়, হামলার সেই ভিডিয়ো ফুটেজ প্রকাশ করে ইরানকে হুঁশিয়ারি দিয়ে ইজ়রায়েল জানিয়েছে, তাদের আকাশসীমায় ঢুকলে পরিণতি ভাল হবে না। ১৬ সেকেন্ডের একটি ভিডিয়ো প্রকাশ করা হয়েছে ইজ়রায়েলের বায়ুসেনার তরফে।
ভিডিয়োয় দেখা যাচ্ছে, ইজ়রায়েলের ‘আদির’ যুদ্ধবিমান কী ভাবে ইরানের বিমানটিকে গুলি করে নামাচ্ছে (যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)। এফ ৩৫-এর পাইলটকে বলতে শোনা যাচ্ছে, ‘‘নিখুঁত নিশানা। এ ভাবেই হামলা চালিয়ে যাব।’’ একটি অডিয়ো ক্লিপও প্রকাশ্যে এনেছে ইজ়রায়েল বাহিনী। সেখানে বায়ুসেনার কমান্ডার মেজর জেনারেল তোমার বারের সঙ্গে এফ ৩৫-এর পাইলটের কথোপকথন তুলে ধরা হয়েছে। অডিয়ো ক্লিপে পাইলটকে বলতে শোনা যাচ্ছে, মিশন সফল হয়েছে।
আরও পড়ুন:
ইজ়রায়েলের বায়ুসেনাপ্রধান এক্স হ্যান্ডলে লিখেছেন, ‘‘আমাদের বায়ুসেনার এটাই শক্তি। আমি গর্বিত। পরের মিশনের জন্য প্রস্তুত আমরা।’’ ইরানের যুদ্ধবিমান গুলি করে নামানোর বিষয়টি দাবি করার কয়েক ঘণ্টার মধ্যে বৃহস্পতিবার ইজ়রায়েল আবার দাবি করেছে যে, ইরানের দশটিরও বেশি জায়গায় হামলা চালিয়েছে তারা। তার মধ্যে রয়েছে তেহরানের কমান্ড সেন্টার, পশ্চিম ইরানের ইসফাহানে ক্ষেপণাস্ত্র ভান্ডার। তবে ইরানের তরফে এই হামলা নিয়ে কোনও প্রতিক্রিয়া আসেনি।
প্রসঙ্গত, গত শনিবার থেকে ইরানের বিরুদ্ধে সামরিক সংঘাতে নেমেছে ইজ়রায়েল এবং আমেরিকা। ইরানের বিরুদ্ধে যৌথ ভাবে হামলা চালাচ্ছে তারা। পাল্টা হামলা চালাচ্ছে ইরানও। পশ্চিম এশিয়ায় আমেরিকার ঘনিষ্ঠ দেশগুলিতে মার্কিন সেনাঘাঁটি লক্ষ্য করে পর পর হামলা চালাচ্ছে তারা, দাবি ইরানের। তাদের আরও দাবি, ওই অঞ্চলে মার্কিন সেনার ২৮টি ঘাঁটি ধ্বংস করা হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকেই ইজ়রায়েলে হামলা আরও জোরালো করেছে ইরান। রাজধানী তেল আভিভে একের পর এক বিস্ফোরণের আওয়াজ শুনতে পাওয়া গিয়েছে।