আকাশপথে হামলা চালিয়ে আফগানিস্তানে ৭০ জন জঙ্গিকে খতম করা হয়েছে, এমন দাবি করেছে পাকিস্তান সেনাবাহিনী। তবে জঙ্গি নয়, পাক হামলায় সাধারণ মানুষেরও মৃত্যু হয়েছে, পাল্টা দাবি করল আফগানিস্তানের তালিবান সরকার।
পাকিস্তানের উপ-স্বরাষ্ট্রমন্ত্রী তালাল চৌধরি পাক সংবাদমাধ্যম ‘জিয়ো নিউজ়’-কে দেওয়া এক সাক্ষাৎকারে দাবি করেন, আফগানিস্তানে চালানো হামলায় কমপক্ষে ৭০ জন জঙ্গি নিহত হয়েছে। পরে পাকিস্তানের সরকারি সংবাদমাধ্যম জানায়, মৃত জঙ্গির সংখ্যা ৭০ নয়, ৮০। যদিও মৃতের সংখ্যার সাপেক্ষে কোনও প্রমাণ দেখায়নি ইসলামাবাদ।
সেই নিয়ে শোরগোল শুরু হতেই আফগান সরকারের মুখপাত্র জ়াবিউল্লা মুজ়াহিদ দাবি করেন, পাকিস্তান সেনাবাহিনী তাঁদের দেশের মধ্যে ঢুকে হামলা চালিয়েছে। পকতিকা এবং নঙ্গরহার প্রদেশে বেসামরিক নাগরিকদের নিশানা করে হামলা চালানো হয়েছে। সেই হামলায় নারী, শিশু-সহ কয়েক ডজন মানুষ নিহত এবং আহত হয়েছেন। মুজ়াহিদ জোর দিয়ে জানান, ৭০ জন জঙ্গি নিহত হওয়া নিয়ে পাকিস্তানের দাবি ‘ভুল’।
তবে পাকিস্তানের দাবি, এই হামলার মূল লক্ষ্য ছিল সীমান্ত সংলগ্ন জঙ্গিঘাঁটি গুঁড়িয়ে দেওয়া। আর সেটাই করা হয়েছে। আফগানিস্তানের পকতিকা, নঙ্গরহার এবং খোস্ত প্রদেশে অন্তত সাতটি গোপন জঙ্গিঘাঁটিতে সামরিক অভিযান চালানো হয়। সেই দাবি উড়িয়ে দিল তালিবান সরকার। আফগানিস্তানের প্রতিরক্ষা মন্ত্রকের তরফে জানানো হয়, পকতিকা, নঙ্গরহারের বেসামরিক এলাকায় হামলা চালিয়েছে পাকিস্তানের বিমান বাহিনী। আফগানিস্তানের আকাশসীমা লঙ্ঘনের অভিযোগও তুলেছে তালিবান সরকার।
রবিবার পাকিস্তান বিবৃতি দিয়ে দাবি করে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পাক-আফগান সীমান্তের সাতটি জঙ্গিঘাঁটি চিহ্নিত করেছিল সেনাবাহিনী। শনিবার রাতে সেখানে সশস্ত্র অভিযান চালানো হয়। সাতটি ঘাঁটিই ধ্বংস করা হয়েছে। অভিযোগ, সেখানে সন্ত্রাসবাদীরা আশ্রয় নিয়েছিল এবং সেখান থেকেই ইসলামাবাদের মসজিদে আত্মঘাতী হামলা-সহ পাকিস্তানের অন্দরে একাধিক হামলার পরিকল্পনা করা হয়েছিল।
আরও পড়ুন:
উল্লেখ্য, গত ৬ ফেব্রুয়ারি পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের শেহজাদ টাউন এলাকার শিয়া টারলাই ইমামবাড়ার শিয়া মসজিদে আত্মঘাতী বিস্ফোরণে অনেকে নিহত হন। এর পর শনিবার খাইবার পাখতুনখোয়া প্রদেশের বান্নু এলাকায় পাকিস্তানের এক সেনাকর্মী ও এক লেফটেন্যান্ট কর্নেল নিহত হওয়ার পর তারা আফগানিস্তানে এই অভিযান চালানোর সিদ্ধান্ত নেয়।
পাকিস্তানের এই হামলার নিন্দা করেছে ভারত। রবিবার ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল পাকিস্তানের এই পদক্ষেপের সমালোচনা করে বলেন, ‘‘পবিত্র রমজান মাসে আফগান-ভূখণ্ডে পাকিস্তানের বিমান হামলার তীব্র নিন্দা জানাচ্ছে ভারত। এই হামলার ফলে মহিলা ও শিশু-সহ বহু প্রাণহানি হয়েছে। এই ঘটনায় গভীর ভাবে শোকাহত ভারত।” তিনি আরও লেখেন, “এই ঘটনাটি পাকিস্তান সরকারের ব্যর্থতাকে ফের প্রকাশ্যে এনেছে।” রণধীর জানান, আফগানিস্তানের পাশে আছে ভারত।