Advertisement
E-Paper

‘অবিলম্বে ইরান ছাড়ুন’! নতুন করে উত্তেজনা তৈরি হতেই সে দেশে থাকা ভারতীয়দের সতর্ক করল নয়াদিল্লি, জারি নির্দেশিকা

পশ্চিম এশিয়ার দেশটির সাম্প্রতিক পরিস্থিতির কথা বিবেচনা করে আবার সতর্কতা জারি করল তেহরানের ভারতীয় দূতাবাস। সে দেশে থাকা ভারতীয়দের দ্রুত ইরান ছাড়ার পরামর্শ দেওয়া হয়েছে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৩ ফেব্রুয়ারি ২০২৬ ১৫:২৭
India\\\\\\\\\\\\\\\'s leave Iran warning for nationals amid tension

—প্রতিনিধিত্বমূলক চিত্র।

ছাত্র বিক্ষোভে নতুন করে উত্তপ্ত ইরান। সে দেশের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতোল্লা আলি খামেনেইয়ের বিরুদ্ধে রাস্তায় নেমেছেন পড়ুয়ারা। এই পরিস্থিতিতে আমেরিকা এখনও সরাসরি ইরানের বিরুদ্ধে যুদ্ধের হুঁশিয়ারি না-দিলেও চাপানউতর চলছে। পশ্চিম এশিয়ার দেশটির সাম্প্রতিক পরিস্থিতির কথা বিবেচনা করে আবার সতর্কতা জারি করল তেহরানের ভারতীয় দূতাবাস। সে দেশে থাকা ভারতীয়দের দ্রুত ইরান ছাড়ার পরামর্শ দেওয়া হয়েছে। একই সঙ্গে জরুরি পরিস্থিতিতে যোগাযোগের জন্য হেল্পলাইন নম্বরও চালু করেছে ভারতীয় দূতাবাস।

ইরানে তৎকালীন পরিস্থিতি পর্যালোচনা করে গত ১৪ জানুয়ারি ভারতের বিদেশ মন্ত্রক এবং তেহরানের ভারতীয় দূতাবাসের তরফে বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল। সোমবার ভারতীয় দূতাবাসের তরফে জারি করা বিজ্ঞপ্তিতে পুরনো পরামর্শই পুনরায় স্মরণ করিয়ে দেওয়া হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, ‘‘ভারতীয় নাগরিকেরা অবিলম্বে যে কোনও উপায়ে ইরান ছাড়ুন।’’ দূতাবাস জানিয়েছে, পরিবহণের যে মাধ্যম পাওয়া যাবে, তাতেই ভারতীয়দের দেশে ফেরা উচিত। ভ্রমণ বা অভিবাসন সংক্রান্ত নথি, পাসপোর্ট, পরিচয়পত্রও সবসময় তাঁদের সঙ্গে রাখতে বলা হয়েছে।

বিক্ষোভ বা কোনও সমাবেশ এড়িয়ে চলার পরামর্শও দেওয়া হয়েছে ভারতীয় দূতাবাসের তরফে। ইরানে থাকা ভারতীয়দের উদ্দেশে বলা হয়েছে, যে কোনও প্রয়োজনে দূতাবাসের সঙ্গে যোগাযোগ রাখুন। শুধু তা-ই নয়, ইরানে থাকা ভারতীয়দের নিজের নাম-পরিচয় দূতাবাসের ওয়েবসাইটে নিবন্ধন করার অনুরোধ করা হয়েছে। এ-ও বলা হয়েছে, যদি ইরানে ইন্টারনেট পরিষেবার সমস্যার কারণে নিজের নাম নথিভুক্ত করতে না পারেন, তবে ভারতে থাকা তাঁদের পরিবারকে দিয়ে তা করানোর আর্জি জানিয়েছে দূতাবাস।

শনিবার থেকে ইরানের বিশ্ববিদ্যালয়গুলিতে নতুন সেমেস্টার শুরু হয়েছে। আর প্রথম দিনেই শাসকবিরোধী স্বর ছড়িয়ে পড়ল একের পর এক বিশ্ববিদ্যালয়ে। তেহরানের শরিফ ইউনভার্সিটির ক্যাম্পাসে একদল পড়ুয়া শান্তিপূর্ণ ভাবে বিক্ষোভ প্রদর্শন করছিলেন। অভিযোগ, সেই সময়েই খামেনেইপন্থী একটি গোষ্ঠীর সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ বেধে যায়। তেহরানের শাহিদ বেহস্তি বিশ্ববিদ্যালয় এবং আমির কবির ইউনিভার্সিটি অফ টেকনোলজিতেও বিক্ষোভ শুরু হয়েছে। সেখানেও খামেনেই এবং ইরান সরকারের বিরুদ্ধে স্লোগান তুলতে শুরু করেছেন বিক্ষুব্ধ পড়ুয়ারা। সেই বিক্ষোভের আঁচ পড়েছে ইরানের একের পর এক বিশ্ববিদ্যালয়ে।

গত ২৮ ডিসেম্বর থেকে ইরানে বিক্ষোভ শুরু হয়। প্রাথমিক ভাবে দেশে মূল্যবৃদ্ধির বিরুদ্ধে সাধারণ মানুষ পথে নেমেছিলেন। পরে ক্রমশ তা ইরানের ধর্মীয় শাসন এবং খামেনেইয়ের বিরুদ্ধে সর্বাত্মক আন্দোলনের রূপ নেয়। প্রশাসন কঠোর হাতে বিদ্রোহীদের দমন করে। অভিযোগ, কঠোর দমননীতির কারণে ইরানে মৃতের সংখ্যা আড়াই হাজারের বেশি। পশ্চিম এশিয়ার এই দেশে সামরিক হস্তক্ষেপের হুঁশিয়ারি দেয় আমেরিকা। ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হয়। তবে শনিবার থেকে আবার উত্তপ্ত হয়েছে ইরান। ভারত আগেই জানিয়েছিল, ইরানের পরিস্থিতির উপর নজর রাখছে তারা। এ বার ইরানে থাকা ভারতীয়দের সতর্ক করে বার্তা দেওয়া হল।

Iran Tension advice
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy