Advertisement
E-Paper

বৃহস্পতিবার আমেরিকার সঙ্গে আবার বৈঠকে বসছে ইরান, পারমাণবিক চুক্তি নিয়ে রফাসূত্র মিলবে কি

গত মঙ্গলবার জেনেভায় পরমাণু চুক্তি নিয়ে মার্কিন প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক করেছিল ইরান। তবে সেই বৈঠকে কোনও রফাসূত্র মেলেনি। বৈঠক নিয়ে আমেরিকার ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স জানান, তাঁদের মূল দাবিগুলি মানতে ব্যর্থ ইরান।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৩ ফেব্রুয়ারি ২০২৬ ০০:৪৫
(বাঁ দিকে) ডোনাল্ড ট্রাম্প এবং আয়াতোল্লা আলি খামেনেই (ডান দিকে)।

(বাঁ দিকে) ডোনাল্ড ট্রাম্প এবং আয়াতোল্লা আলি খামেনেই (ডান দিকে)। — ফাইল চিত্র।

আবার আমেরিকার সঙ্গে বৈঠকে বসতে চলেছে ইরান। বৈঠক হবে সুইৎজ়ারল্যান্ডের জেনেভায়। রবিবার এই বৈঠকের বিষয়ে নিশ্চিত করেছে ওমান। তারা জানিয়েছে, আগামী বৃহস্পতিবার আমেরিকা-ইরান আবার পরমাণু চুক্তি নিয়ে বৈঠকে বসছে। এই নিয়ে তৃতীয় বার মুখোমুখি আলোচনায় বসতে চলেছেন দুই দেশের প্রতিনিধিরা। তবে বৃহস্পতিবারের বৈঠক নিয়ে আমেরিকা বা ইরান এখনও পর্যন্ত আনুষ্ঠানিক ভাবে কিছু জানায়নি।

সংবাদসংস্থা এপি ওমানের বিদেশমন্ত্রী সাঈদ বদর বিন হামাদ আল বুসাইদিকে উদ্ধৃত করে বৈঠকের কথা জানিয়েছে। গত মঙ্গলবার জেনেভায় পরমাণু চুক্তি নিয়ে মার্কিন প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক করেছিল ইরান। তবে সেই বৈঠকে কোনও রফাসূত্র মেলেনি। বৈঠক নিয়ে আমেরিকার ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স জানান, তাঁদের মূল দাবিগুলি মানতে ব্যর্থ ইরান। অর্থাৎ, তেহরান এখনই আমেরিকার শর্তে রাজি নয়।

যদিও ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাঘচি বলেছিলেন, ‘‘আমেরিকার সঙ্গে দ্বিতীয় দফার বৈঠকে ভবিষ্যতের আলোচনার দিশানির্দেশ সংক্রান্ত একটি সাধারণ সমঝোতা হয়েছে।’’ কী সেই সমঝোতা, তা স্পষ্ট করেনি কোনও পক্ষই। আরাঘচি আরও জানান, পরের বৈঠকের দিন নির্ধারণের আগে ইরান এবং আমেরিকা চুক্তির কাঠামো তৈরিতে মত বিনিময় করতে রাজি হয়েছে।

দুই দেশই তৃতীয় দফায় বৈঠকে বসতে পারে, সেই ইঙ্গিত আগেই মিলেছিল। রবিবার তা নিশ্চিত করল ওমান। এই ওমানেই প্রথম দফায় বৈঠকে বসেছিল ইরান এবং আমেরিকা। তবে সেই বৈঠক থেকে কোনও ইতিবাচক ইঙ্গিত মেলেনি। সেই কারণে আসন্ন জেনেভার বৈঠকের দিকে নজর থাকবে বিশ্বের। আমেরিকা-ইরান পরমাণু চুক্তির পথে কতটা অগ্রসর হয়, সে দিকে তাকিয়ে ছিলেন অনেকেই।

অন্য দিকে, ইরানের বিরুদ্ধে সুর চড়িয়ে রেখেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানকে সময় বেঁধে দিয়ে বোঝাপড়ায় আসার হুঁশিয়ারি দেন তিনি। তাঁর কথায়, “কয়েক বছর ধরে এটা প্রমাণিত যে, ইরানের সঙ্গে গুরুত্বপূর্ণ বোঝাপড়ায় আসা সম্ভব নয়। আমাদের একটা গুরুত্বপূর্ণ বোঝাপড়ায় আসতে হবে। না হলে খারাপ কিছু ঘটতে চলেছে।”

Donald Trump Ayatollah Ali Khamenei
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy