Advertisement
E-Paper

চরমপন্থী সংগঠনগুলির বিরুদ্ধে জোট চান নেতানিয়াহু, মোদীর সফরকে কী ভাবে দেখছেন ইজ়রায়েলের প্রধানমন্ত্রী

দু’দিনের সফরে বুধবার ইজ়রায়েল যাচ্ছেন মোদী। বিদেশ মন্ত্রকের বক্তব্য, দু’দেশের মধ্যে কৌশলগত সম্পর্ক, প্রতিরক্ষা, কৃষি এবং সন্ত্রাস বিরোধিতার সমন্বয় জোরদার করতে প্রধানমন্ত্রী মোদীর আসন্ন সফর গুরুত্বপূর্ণ হয়ে উঠবে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৩ ফেব্রুয়ারি ২০২৬ ০০:৫৬
Israel Prime Minister Benjamin Netanyahu comment on India PM Narendra Modi’s Israel Visit

(বাঁ দিকে) ইজ়রায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (ডান দিকে)। — ফাইল চিত্র।

ইজ়রায়েল সফরে যাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর সফরের আগে মোদীকে ‘বন্ধু’ বলে উল্লেখ করে বার্তা দিলেন ইজ়রায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তিনি মনে করেন, এই দু’দেশের মধ্যে অর্থনৈতিক, কূটনৈতিক এবং নিরাপত্তা সহযোগিতা আরও বাড়বে। পাশাপাশি এ-ও মত, এই সফর পশ্চিম এশিয়ার চরমপন্থী সংগঠনগুলির বিরুদ্ধে এক জোট হওয়ার অংশ।

রবিবার এক সরকারি অনুষ্ঠানে মোদীর আসন্ন ইজ়রায়েল সফর নিয়ে মুখ খোলেন নেতানিয়াহু। তাঁর কথায়, ‘‘বুধবার ভারতের প্রধানমন্ত্রী, আমার বন্ধু নরেন্দ্র মোদী ইজ়রায়েলে আসবেন। পশ্চিম এশিয়া বা তার আশপাশে যে চরপন্থী চ্যালেঞ্জের মোকাবিলা করতে হয়, তার বিরুদ্ধে জোট তৈরির স্বপ্ন রয়েছে।’’ ইজ়রায়েলের প্রধানমন্ত্রী মনে করেন, মোদীর সফর তাঁর স্বপ্ন বাস্তবায়িত হওয়ার লক্ষ্যে এগোবে। সাম্প্রতিক বছরগুলিতে ভারত-ইজ়রায়েলের ‘বিশেষ সম্পর্কের’ উল্লেখ করেন নেতানিয়াহু।

ইজ়রায়েলের প্রধানমন্ত্রীর কথায়, ‘‘মোদীর সফরের ফলে অর্থনৈতিক, কূটনৈতিক এবং নিরাপত্তা সহযোগিতা আরও জোরদার হবে। পাশাপাশি উচ্চ প্রযুক্তি, এআই সহযোগিতাও বাড়বে।’’ নেতানিয়াহু চান পশ্চিম এশিয়ার বাইরে এক ষড়ভূজ তৈরি করতে। সেই তালিকায় ভারত, গ্রিস, সাইপ্রাস-সহ আরও কয়েকটি দেশকে রাখতে চান ইজ়রায়েলের প্রধানমন্ত্রী। তাঁর মতে, এই জোট চরমপন্থার বিরুদ্ধে লড়াই করবে।

Advertisement

দু’দিনের সফরে বুধবার ইজ়রায়েল যাচ্ছেন মোদী। বিদেশ মন্ত্রকের বক্তব্য, দু’দেশের মধ্যে কৌশলগত সম্পর্ক, প্রতিরক্ষা, কৃষি এবং সন্ত্রাস বিরোধিতার সমন্বয় জোরদার করতে প্রধানমন্ত্রী মোদীর আসন্ন সফর গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। তৃতীয় দফায় দায়িত্ব গ্রহণের পরে এটিই তাঁর প্রথম ইজ়রায়েল সফর। বিদেশ মন্ত্রক সূত্রের খবর, গাজ়া শান্তি পরিকল্পনা, ইজ়রায়েল এবং হামাসের মধ্যে চলমান যুদ্ধ মোকাবিলার লক্ষ্যে বহুপাক্ষিক চুক্তির মতো বিষয় নিয়ে আলোচনা হতে পারে দুই রাষ্ট্রনেতার। নেতানিয়াহু ইতিমধ্যেই ভারতীয় নেতৃত্বকে গাজ়া শান্তি পরিকল্পনার বাস্তবায়ন এবং অগ্রগতি সম্পর্কে অবহিত করেছেন। গত ডিসেম্বরে বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর ইজ়রায়েলে গিয়ে নেতানিয়াহুর সঙ্গে সাক্ষাৎ করেছিলেন। তার ঠিক আগে, অর্থাৎ নভেম্বরে ভারত এবং ইজ়রায়েল প্রতিরক্ষা, প্রযুক্তি এবং শিল্প ক্ষেত্রে সহযোগিতা জোরদার করা নিয়ে একটি মাইলফলক চুক্তি করে।

Narendra Modi Benjamin Netanyahu
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy