Advertisement
E-Paper

অক্ষরকে না খেলানো ভুল হয়েছে, মেনে নিলেন দুশখাতে, আগামী ক’দিন সঞ্জুকে নিয়ে দলে আলোচনা হবে, বললেন সহকারী কোচ

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারতীয় দলে অক্ষর পটেলকে না দেখে অনেকেই অবাক হয়েছিলেন। ব্যাটে-বলে অক্ষরের অভাব বোঝা গিয়েছে গোটা ম্যাচেই। ভারত হেরেছে ৭৬ রানে। ম্যাচের পর সহকারি কোচ রায়ান টেন দুশখাতে স্বীকার করে নিলেন, অক্ষরকে না খেলানো হয়তো তাঁদের ভুল সিদ্ধান্ত।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৩ ফেব্রুয়ারি ২০২৬ ০১:০৮
ভারতের হতাশার চিত্র। আউট হয়ে ফিরছেন শিবম, ক্রিজ়ে যাচ্ছেন বুমরাহ।

ভারতের হতাশার চিত্র। আউট হয়ে ফিরছেন শিবম, ক্রিজ়ে যাচ্ছেন বুমরাহ। ছবি: পিটিআই।

রবিবার অহমদাবাদে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারতীয় দলে অক্ষর পটেলকে না দেখে অনেকেই অবাক হয়েছিলেন। ব্যাটে-বলে অক্ষরের অভাব বোঝা গিয়েছে গোটা ম্যাচেই। ভারত হেরেছে ৭৬ রানে। ম্যাচের পর সহকারী কোচ রায়ান টেন দুশখাতে স্বীকার করে নিলেন, অক্ষরকে না খেলানো হয়তো তাঁদের ভুল সিদ্ধান্ত। পাশাপাশি এটাও জানালেন, আগামী দিনে সঞ্জু স্যামসনকে খেলানো নিয়ে দলে আলোচনা হবে।

সাংবাদিক বৈঠকে দুশখাতে বলেছেন, “প্রথম একাদশ কী হবে সেটা নিয়ে আমরা অনেক আলোচনা করেছি। মাঝের দিকের ওভারগুলোয় দু’দলের কাদের মধ্যে লড়াই হবে সেটা নিয়ে আলোচনা হয়েছে। এখন মনে হচ্ছে অক্ষরকে না খেলানোর সিদ্ধান্ত ভুল ছিল। আমরা রিঙ্কুকে দলে চেয়েছিলাম। তাই হয়তো এই সিদ্ধান্ত নিতে হয়েছে। তবে অক্ষরকে নিয়ে কোনও অসুবিধা নেই। ওর নেতৃত্ব এবং ক্রিকেটীয় দক্ষতাকে আমরা সম্মান করি।”

তবে কোচ গৌতম গম্ভীরের প্রিয় ক্রিকেটার ওয়াশিংটনকে ঢেকে রাখার আপ্রাণ চেষ্টা করেছেন দুশখাতে। তিনি বলেছেন, “আমরা জানি ওয়াশিংটন এর আগে দলের হয়ে কী করেছে। আজকের কৌশলে ও বড় ভূমিকা নিয়েছে। ব্যাপারটা ছিল দলের কম্বিনেশন এবং বাঁহাতিদের কথা ভেবে অক্ষর বা ওয়াশিংটনের মধ্যে কাউকে বেছে নেওয়া। আমরা আজ ওয়াশিংটনকেই বেছে নিয়েছিলাম।”

Advertisement

তিনি আরও বলেছেন, “আমাদের বিশ্লেষণ অনুযায়ী, বিপক্ষের সব থেকে বড় সমস্যা ছিল কুইন্টন ডি কক, রায়ান রিকেলটন এবং ডেভিড মিলারকে নিয়ে। সেই কারণেই আমরা ওয়াশিকে বেছে নিয়েছি। ওকে মাঝের দিকের ওভারে বল করাতে চেয়েছিলাম। এটুকু বলতে পারি, আমরা নিজেদের সেরা একাদশকেই নিয়েছিলাম। যদি আজ অক্ষর খেলত, তা হলে ওয়াশিংটন যে পজিশনে ব্যাট করেছে ও-ও সেই পজিশনে ব্যাট করত।”

তবে অভিষেক শর্মার পাশে দাঁড়াতে রাজি হননি সহকারী কোচ। তাঁর সাফ কথা, নেটে যতটা ভাল ব্যাট করছেন অভিষেক, এ বার মাঠে নেমেও ততটাই ভাল ব্যাট করার দরকার। এই প্রসঙ্গে সঞ্জুর নাম নিয়েছেন তিনি।

দুশখাতে বলেছেন, “অভিষেক বা তিলকের হয়ে কোন অজুহাত দিতে আমি এখানে আসিনি। অভিষেকের পেটে সমস্যা হয়েছিল। তা ছাড়া টানা তিনটে শূন্য করার একটা চাপ তো থাকবেই। আমাদেরই কাজ হল সব কিছু যাতে ঠিকঠাক থাকে তাতে ওকে সাহায্য করা। নেটে ছন্দে আছে, এই জাতীয় কথাবার্তা বলে কোনও লাভ নেই। এ বার ভাল খেলতে হবে। সেটাই আসল। আগামী কয়েক দিনে সঞ্জুকে নিয়ে আলোচনা হতেই পারে।”

হাড়ের ধাক্কা কাটিয়ে এ বার বাকি দু’টি ম্যাচে ভারত যাতে জেতে সেই নিয়ে চিন্তাভাবনা শুরু করে দিতে চাইছেন সহকারী কোচ। বলেছেন, “আজকের হারের পর আমরা প্রত্যেকে হতাশ। আজ অনেক ভুল করেছি আমরা। এই পর্যায়ে একটা ম্যাচ হয়তো হারতে হতেই পারে। কিন্তু পরের রাউন্ডে যেতে গেলে আমাদের চারটে পয়েন্ট দরকার। জ়িম্বাবোয়ে এবং ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে নিজেদের সেরাটা দিতে হবে।”

India vs South Africa ICC T20 World Cup 2026 Team India Axar Patel
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy