Advertisement
E-Paper

মায়ের আস্থায় ঋণী, ফের বললেন কমলা

তাঁর উপরে আস্থা রাখার জন্য আরও এক বার নিজের মাকে ধন্যবাদ জানালেন তিনি।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২২ জানুয়ারি ২০২১ ১১:৪৬
মায়ের সঙ্গে কমলা। —ফাইল চিত্র।

মায়ের সঙ্গে কমলা। —ফাইল চিত্র।

তাঁর উপরে আস্থা রাখার জন্য আরও এক বার নিজের মাকে ধন্যবাদ জানালেন তিনি। গত কালই দেশের ভাইস প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন ভারতীয় বংশোদ্ভূত কমলা হ্যারিস। দক্ষিণ-পূর্ব এশীয় হিসেবে প্রথম তো বটেই, এর আগে কোনও মহিলা ভাইস প্রেসিডেন্ট পায়নি আমেরিকা। ভারতীয় বংশোদ্ভূতদের একটি অনলাইন অনুষ্ঠানে এর পর অংশ নেন তিনি। সেখানেই নিজের যাবতীয় কৃতিত্ব মা শ্যামলা গোপালনকে উৎসর্গ করেছেন কমলা। বলেছেন, ‘‘তুমি সব সময়ে আমার উপরে এই ভরসাটা রাখতে বলেই আজ আমি এই জায়গায় পৌঁছতে পেরেছি।’’

গত কাল প্রায় সারাদিন ধরেই সোশ্যাল মিডিয়ায় নিজের মায়ের নানা স্মৃতি নেট-নাগরিকদের সঙ্গে ভাগ করে নিয়েছেন কমলা। অনলাইন ওই অনুষ্ঠানেও তাঁর বক্তৃতার বেশির ভাগটাই জুড়ে ছিলেন তাঁর ভারতীয় মা। তরুণী বয়সে দক্ষিণ ভারত থেকে আমেরিকা পাড়ি দিয়েছিলেন ক্যানসার গবেষক শ্যামলা। একটা সময়ে প্রায় একা হাতেই দুই মেয়েকে মানুষ করেছেন তিনি। তাঁর এই সাফল্য মা নিজের চোখে দেখতে পারেননি বলে আক্ষেপ করেছেন কমলা। জানিয়েছেন, তাঁর উপরে মায়ের বিশ্বাস ছিল বলেই এত দূর পৌঁছতে পেরেছেন তিনি। কমলার কথায়, ‘‘আমাদের দুই বোনকেই মা শিখিয়েছিলেন, আমরা প্রথম হতে পারি, কিন্তু আমাদের পরে কোনও কিছু যেন থেমে না থাকে।’’

মাকে নিয়ে স্মৃতিচারণায় কমলা আরও বলেছেন, ‘‘১৯ বছর বয়সে আমার মা যখন ভারত থেকে এ দেশে এসেছিলেন, তখন নিশ্চয়ই এই দিনটার কথা ভাবতে পারেননি। কিন্তু উনি আমেরিকার মানুষের প্রতি আস্থা রাখতে পেরেছিলেন। আজ তাই ওঁর কথা খুব বেশি করে মনে পড়ছে। আর ওঁর মতো শত শত কৃষ্ণাঙ্গ মহিলার কথাও। যাঁরা এই পথের দিশা দেখিয়ে গিয়েছেন।’’ তিনি আরও বলেন, ‘‘এখন ঐক্যবদ্ধ ভাবে দেশের পুনর্গঠনের কাজে হাত লাগাতে হবে আমাদের। যাতে আমেরিকার প্রতিটি মানুষ ঘুরে দাঁড়াতে পারেন।’’

Kamala Harris
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy