E-Paper

সীতাকুণ্ডের সেই নাবালিকা মারা গেল

বাংলাদেশের সীতাকুণ্ডের বোটানিক্যাল গার্ডেন ও ইকো পার্কের ভিতরে থাকা সহস্রধারা ঝর্নার আরও অন্তত ৫০০ মিটার উত্তরে পাহাড়ি পথের ধার থেকে আট বছরের মেয়েটিকে উদ্ধার করা হয়।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৪ মার্চ ২০২৬ ০৮:৫৫

—প্রতীকী চিত্র।

বছর আটেকের মেয়েটিকে ধর্ষণের পর শ্বাসনালি কেটে দিয়েছিল দুষ্কৃতীরা। প্রচণ্ড যন্ত্রণা সহ্য করেও পাহাড়ি পথ পেরিয়ে এক সড়ক নির্মাণকর্মীর কাছে বাঁচার আকুতি জানিয়েছিল ওই নাবালিকা। ভর্তি করা হয়েছিল চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে। কিন্তু শেষরক্ষা হয়নি, কাল গভীর রাতে হার মেনেছে সে।

বাংলাদেশের সীতাকুণ্ডের বোটানিক্যাল গার্ডেন ও ইকো পার্কের ভিতরে থাকা সহস্রধারা ঝর্নার আরও অন্তত ৫০০ মিটার উত্তরে পাহাড়ি পথের ধার থেকে ওই আট বছরের মেয়েটিকে উদ্ধার করা হয়। সড়ক নির্মাণ শ্রমিকেরা তাকে উদ্ধার করেন। পুলিশ জানিয়েছে, শ্বাসনালি কাটা, রক্তে ভেসে যাচ্ছে সারা শরীর। ওই অবস্থায় দুর্গম পাহাড়ি পথ পেরিয়ে রাস্তা তৈরিতে কর্মরত শ্রমিকদের কাছে চলে এসেছিল মেয়েটি। প্রথমে বালিকাটিকে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে চট্টগ্রামে মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। মেয়েটির কাকা আজ বলেন, ‘‘অনেক চেষ্টা করেও বাঁচাতে পারলাম না। দুর্বৃত্তরা ভাইঝিকে ধর্ষণের পর ছুরি দিয়ে শ্বাসনালি কেটে দিয়েছিল। মেয়েটি এত যন্ত্রণা সহ্য করে পাহাড়ি এলাকা থেকে হেঁটে হেঁটে রাস্তা তৈরির কাজে থাকা এক্সকাভেটরের চালকের কাছে এসেছিল।’’

পরশু রাতেই চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নাবালিকার গলায় অস্ত্রোপচার করা হয়। গত কাল শিশুটিকে ওয়ান–স্টপ ক্রাইসিস সেলে (ওসিসি) নেওয়া হয়েছিল। কিন্তু শেষরক্ষা হয়নি। গত কাল স্থানীয় সময় রাত ৩টে নাগাদ মারা যায় ওই নাবালিকা। মেয়েটির কাকা জানান, ভাইঝির মৃত্যুর খবরে মেয়েটির বাবা-মা বারবার জ্ঞান হারাচ্ছেন। ময়না তদন্ত শেষ হলে বাড়িতে নিয়ে গিয়ে অন্ত্যেষ্টি হবে। সীতাকুণ্ড থানার পুলিশ অফিসার মো. মহিনুল ইসলাম বলেন, ‘‘শিশুটির মা অজ্ঞাতপরিচয়ের আসামির বিরুদ্ধে অপহরণ করে হত্যার চেষ্টার মামলা করেছিলেন। মামলাটি এখন হত্যা মামলায় রূপান্তরিত হবে।’’

(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)

Bangladesh Death Case

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy