অন্য দেশে কোনও কিছু ঘটলেই তার আঁচ পড়ে পাকিস্তানে। হিংসা, অশান্তি ছড়ায়। এখন থেকে এই ধরনের অশান্তি বা হিংসা কোনও ভাবেই বরদাস্ত করা হবে না। রাওয়ালপিন্ডিতে এক সভা থেকে এমনই হুঁশিয়ারি দিলেন পাক সেনাপ্রধান জেনারেল আসিম মুনির। তাঁর কথায়, ‘‘অন্য দেশে কী ঘটছে, তার জন্য আমাদের দেশ অশান্ত হচ্ছে। এই ধরনের ঘটনা মেনে নেওয়া হবে না।’’
প্রসঙ্গত, ইরানের বিরুদ্ধে আমেরিকা এবং ইজ়রায়েলের হামলার প্রতিবাদে উত্তাল পাকিস্তান। দেশের বিভিন্ন প্রান্তে বিক্ষোভ প্রদর্শন চলছে। কোথাও কোথাও আবার হিংসা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। একেই আফগানিস্তানের সঙ্গে সামরিক সংঘাত চলছে পাকিস্তানের। সেই সংঘাতের জেরে দেশের নানা প্রান্তে হামলা হচ্ছে। পাল্টা হামলা চালাচ্ছে পাকিস্তানও। তার মধ্যেই ইরানে হামলার প্রতিবাদে দেশের নানা প্রান্তে অশান্তি ছড়ানোয় উদ্বেগ প্রকাশ করেছেন সেনাপ্রধান। শুধু উদ্বেগ প্রকাশ করেই থেমে থাকেননি তিনি। সঙ্গে হুঁশিয়ারিও দিয়েছেন, যাঁরা বাইরের অশান্তিকে নিজেদের ঘরে টেনে নিয়ে এসে দেশকে অশান্ত করে তোলার চেষ্টা করবেন, তাঁদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হবে।
আরও পড়ুন:
ইরানে হামলার প্রতিবাদে বিক্ষোভের ঘটনায় করাচিতে ইতিমধ্যেই ২২ জনের মৃত্যু হয়েছে। পাকিস্তানে মার্কিন উপদূতাবাসে হামলার ঘটনায় অশান্তি ছড়ায়। নিরাপত্তাবাহিনীর সঙ্গে সংঘর্ষে মৃত্যু হয় ২২ জনের। অন্য দিকে, গিলগিট-বালটিস্তানেও রাষ্ট্রপুঞ্জের দফতরে বিক্ষোভকারীরা হামলা চালানোর চেষ্টা করেন বলে অভিযোগ। সেই ঘটনায় ১২ জনের মৃত্যু হয়। এক দিকে, আফগানিস্তানের সঙ্গে সংঘাত, অন্য দিকে, দেশের ভিতরে প্রতিবাদ, দুইয়ে মিলে পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হচ্ছে পাকিস্তানে। সেই আবহে পাক সেনাপ্রধান মুনির হুঁশিয়ারি দিলেন।