Advertisement
E-Paper

পশ্চিম এশিয়া দখল করে নিতে ইজ়রায়েলকে প্ররোচনা! মার্কিন রাষ্ট্রদূতের মন্তব্যের নিন্দা করল পাকিস্তান-সহ ১৩ মুসলিম দেশ

শুক্রবার একটি সাক্ষাৎকারে ইজ়রায়েলে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত বলেন, “এই ভূখণ্ডের (পশ্চিম এশিয়া) উপর ইহুদি জনগণের ঐতিহাসিক ও ধর্মীয় অধিকার রয়েছে। এই সীমানা বাইবেলে নির্ধারিত হয়েছে।’’

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২২ ফেব্রুয়ারি ২০২৬ ১২:০৬
(বাঁ দিকে) ইজ়রায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং ইজ়রায়েলে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মাইক হাকাবি (ডান দিকে)।

(বাঁ দিকে) ইজ়রায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং ইজ়রায়েলে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মাইক হাকাবি (ডান দিকে)। গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

গোটা পশ্চিম এশিয়া দখল করে নেওয়ার জন্য ইজ়রায়েলকে প্ররোচনা দিচ্ছে আমেরিকা! ইজ়রায়েলে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মাইক হাকাবির একটি মন্তব্য এই জল্পনায় জল-হাওয়া জুগিয়েছে। এ বার হাকাবির এই মন্তব্যের নিন্দা করে বিবৃতি দিল পাকিস্তান-সহ ১৩টি মুসলিম দেশ। এই ১৩টি দেশের পাশাপাশি ‘অর্গানাইজেশন অফ ইসলামিক কোঅপারেশন’, ‘দ্য লিগ অফ আরব স্টেটস’-এর মতো সংগঠনও মার্কিন রাষ্ট্রদূতের ওই মন্তব্যের নিন্দা করেছে।

শুক্রবার মার্কিন সংবাদমাধ্যম ‘ফক্স নিউজ়’-এর প্রাক্তন সঞ্চালক টাকার কার্লসনকে একটি সাক্ষাৎকার দেন হাকাবি। ওই সাক্ষাৎকারে তিনি বলেন, ‘‘এই ভূখণ্ডের (পশ্চিম এশিয়া) উপর ইহুদি জনগণের ঐতিহাসিক ও ধর্মীয় অধিকার রয়েছে। এই সীমানা বাইবেলে নির্ধারিত হয়েছে।’’ তাঁর ওই মন্তব্যের পরেই শোরগোল পড়ে যায়।

রবিবার হাকাবির মন্তব্যের নিন্দা করে বিবৃতি দিয়েছে পাকিস্তান, মিশর, জর্ডন, সংযুক্ত আরব আমিরশাহি, ইন্দোনেশিয়া, তুরস্ক, সৌদি আরব, কাতার, কুয়েত, ওমান, বাহরিন, লেবানন, সিরিয়া এবং প্যালেস্টাইনের বিদেশ মন্ত্রক। যৌথ বিবৃতিতে ইজ়রায়েলের মার্কিন রাষ্ট্রদূতের ওই ‘ভয়ঙ্কর এবং প্ররোচনামূলক’ মন্তব্যকে খারিজ করে দেওয়া হয়েছে। এর পাশাপাশি ওই বিবৃতিতে দাবি করা হয়েছে, হাকাবির মন্তব্য, গোটা পশ্চিম এশিয়ার নিরাপত্তা এবং সুস্থিতি নষ্ট করে দিতে পারে।

পশ্চিম এশিয়ার উপর ইহুদি জনগণের ‘ন্যায্য অধিকারের’ কথা বলতে গিয়ে শুক্রবার ‘ওল্ড টেস্টামেন্ট’-এর উদাহরণও টেনে আনেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দল রিপাবলিকান পার্টির একদা প্রথম সারির নেতা হাকাবি। প্রসঙ্গত, আমেরিকার আরকানসাস প্রদেশের প্রাক্তন গভর্নর হাকাবিকে ইজ়রায়েলে মার্কিন রাষ্ট্রদূত নিযুক্ত করা হয়েছে ট্রাম্পের জমানাতেই। ঘটনাচক্রে, সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন করে শুক্রবার রাতে লেবাননে ইজ়রায়েলি বিমানহানার পরেই তাঁর এমন বিতর্কিত মন্তব্য প্রকাশ্যে এসেছে।

ইরানের পরমাণু কর্মসূচি ঘিরে সংঘাতের আবহে পশ্চিম এশিয়ায় নৌবহর মোতায়েন শুরু করেছে আমেরিকা। তৈরি হয়েছে যুদ্ধের আশঙ্কা। রমজানের সময় প্যালেস্টাইনি ভূখণ্ড ওয়েস্ট ব্যাঙ্কের আল আকসা মসজিদ প্রবেশের উপর নেতানিয়াহু সরকারের বিধিনিষেধকে কেন্দ্র করেও উত্তেজনা ছড়িয়েছে। লেবাননে নতুন করে ইজ়রায়েলি হামলাও বড় অশান্তির অনুঘটক হতে পারে বলে অনেকে আশঙ্কা করছেন।

এই আবহে সাক্ষাৎকারে ইজ়রায়েলের ভৌগোলিক সীমা নিয়ে প্রশ্নের উত্তরে মার্কিন রাষ্ট্রদূতের মন্তব্য, ‘‘ওরা (ইজ়রায়েল) যদি সবটা দখল করে নেয়, তবে ভালই হবে!’’ ইজ়রায়েল পশ্চিম এশিয়া সত্যিই দখল করবে কি না, জানতে চাওয়া হলে হাকাবি বলেন, ‘‘ওরা সেটা চায় না। ওরা এমন দাবিও করেনি।’’ প্রশ্নকর্তা এর পরে তাঁকে জানান, বাইবেলে ইব্রাহিমের বংশধরদের জন্য যে ভূখণ্ড নির্ধারিত হয়েছে, তা ইরাকের ইউফ্রেটিস নদী থেকে মিশরের নীল নদের মধ্যবর্তী অঞ্চল পর্যন্ত বিস্তৃত। আধুনিক লেবানন, সিরিয়া, জর্ডন এবং সৌদি আরবের কিছু অংশও তার অন্তর্ভুক্ত।

israel US West Asia
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy